নতুন গ্যাস-সংযোগ এ বছরের মধ্যেই
সারা দেশে নতুন গ্যাস-সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। প্রথমে শিল্পে এবং পরে আবাসিকসহ অন্যান্য খাতে নতুন সংযোগ দেওয়া হতে পারে। এ জন্য যেসব গ্রাহকের ডিমান্ড নোট নেওয়া আছে, তাদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বলা হয়েছে।সরকারি সূত্র জানায়, গ্যাসের নতুন সংযোগ দেওয়া সম্পর্কে সরকারের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা চলছে। তবে তার মানে এই নয় যে আজ-কালের মধ্যেই এ ঘোষণা দেওয়া হবে। ঘোষণা আসতে এবং কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে। এ বছরের মধ্যেই তা হতে পারে।সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং এর বছর খানেক পরে ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে। তখন বলা হয়েছিল, গ্যাসের উৎপাদন দৈনিক ২২০ কোটি (দুই হাজার ২০০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে।উৎপাদন ২২০ কোটি ঘনফুট ছাড়িয়েছে: গতকাল মঙ্গলবার দেশে গ্যাসের উৎপাদন ২২০ কোটি ঘনফুট ছাড়িয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, গতকাল দেশে গ্যাসের উৎপাদন ছিল ২২০ কোটি ৩০ লাখ ঘনফুট। হবিগঞ্জের মুচাইতে স্থাপিত কম্প্রেসারের কারণে গ্যাসের উৎপাদন ও সরবরাহ বেড়েছে। তিনি বলেন, গ্যাসের উৎপাদন এখন আর এর চেয়ে কমবে না। কারণ, বুধবার থেকে অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস সাঙ্গুতে নতুন কূপে উৎপাদন শুরু করবে। সেখান থেকে প্রতিদিন প্রায় আড়াই কোটি (২৫ মিলিয়ন) ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে সেখানকার নতুন কূপ থেকে যে ৮০ লাখ ঘনফুট করে গ্যাস উঠছিল, সেটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, জাতীয় গ্রিডে নতুন গ্যাস যুক্ত হবে এক কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন) ঘনফুট।নতুন সংযোগ প্রদান শুরু করা প্রসঙ্গে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েই আছে। এখন কবে থেকে কীভাবে শুরু করা হবে, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার।রাজশাহীতে যাচ্ছে কবে: সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, রাজশাহীতে গ্যাস-সংযোগ চালু হওয়ার কথা ছিল। পাইপলাইন এবং সংযোগ দেওয়ার কারিগরি সব কাজকর্মও সম্পন্ন করা রয়েছে। কিন্তু সরকার সারা দেশে সংযোগ বন্ধ রাখায় রাজশাহীতেও তা চালু করেনি। তবে এখন এ ব্যাপারে সরকার সক্রিয়ভাবে চিন্তাভাবনা শুরু করেছে।জানা গেছে, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অন্যান্য বিষয়ের পাশাপাশি গ্যাস-সংযোগ চালু করার বিষয়েও কথা বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মেয়র গতকাল রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তাঁকে এই বলে আশ্বস্ত করেছেন যে বর্তমান সরকারের আমলেই রাজশাহীতে গ্যাস-সংযোগ চালু করা হবে।তবে সরকারি সূত্রগুলো জানায়, রাজশাহীতে গ্যাস-সংযোগ চালু হতে বর্তমান সরকারের বাকি মেয়াদ দেড় বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না।জনপ্রতিনিধিরা উন্মুখ: নতুন গ্যাস-সংযোগ চালু হওয়ার জন্য জনপ্রতিনিধিরা উন্মুখ হয়ে আছেন; যেসব এলাকায় গ্যাসের লাইন আছে তাঁরা তো বটেই, যেখানে গ্যাসলাইন নেই সেখানকার জনপ্রতিনিধিরাও। কারণ জানতে চাইলে কয়েকজন সাংসদ বলেন, এটি সামগ্রিকভাবে সরকারের ভাবমূর্তির ব্যাপার। তা ছাড়া বিকল্প জ্বালানি সুলভ ও সহজলভ্য না হওয়ায় সারা দেশের অসংখ্য মানুষ কষ্টে আছে। তারা বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করছে। এ অবস্থায় গ্যাস-সংযোগ বন্ধ রাখায় সরকারের অনেক সমালোচনা হচ্ছে। অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই জনপ্রতিনিধিরা মনে করেন, দাম বাড়িয়ে হলেও নতুন গ্যাস-সংযোগ যত তাড়াতাড়ি সম্ভব চালু করা দরকার।কয়েকজন জনপ্রতিনিধি বলেন, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কর্মকর্তা পর্যায়ের ব্যক্তিরা, যাঁদের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে না, তাঁরা এ ব্যাপারে অনেক রক্ষণশীল।সংযোগ থেমে নেই: সরকারি ঘোষণায় গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও কার্যত তা থেমে নেই। অবৈধ পন্থায় গ্যাসের সংযোগ পাচ্ছে অনেকে। সমস্যায় পড়েছে তারাই, যারা ওই পন্থায় যেতে চায় না। এর মধ্যে অনেক গ্রাহক আছে, যারা সংযোগ বন্ধের সরকারি ঘোষণার আগেই টাকাপয়সা সরকারি কোষাগারে জমা দিয়ে ডিমান্ড নোট পেয়েছে, কিন্তু সংযোগ পায়নি। অন্যদিকে যারা অবৈধ-অনৈতিক পন্থায় গেছে, তারা সহজেই সংযোগ পেয়েছে।পেট্রোবাংলার চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, এ রকম অবৈধ ও অনৈতিক সংযোগের সংখ্যা এক লাখও হতে পারে। এসব সংযোগ থেকে সরকার রাজস্ব পাচ্ছে না। টাস্কফোর্স গঠন করেও এসব অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।