হাইকোর্ট নতুন সংযোগ বন্ধ রাখার বিষয়ে আগের নির্দেশ প্রত্যাহার করলেও সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো গ্রাহক নতুন সংযোগ পাবেন না
নতুন গ্যাস-সংযোগ চালুর বিষয়ে সরকার সিদ্ধান্তহীন
নতুন গ্যাস-সংযোগ চালুর ক্ষেত্রে একমাত্র বাধা সরকারের সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতা। ফলে হাইকোর্ট নতুন সংযোগ বন্ধ রাখার বিষয়ে আগের নির্দেশ প্রত্যাহার করলেও সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো গ্রাহক নতুন সংযোগ পাবেন না।সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে। তখন বলা হয়েছিল, গ্যাসের উৎপাদন দৈনিক ২২০ কোটি ঘনফুটে (দুই হাজার ২০০ মিলিয়ন) উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে। বর্তমানে দেশে গ্যাসের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দৈনিক প্রায় ২৩০ কোটি ঘনফুট।অবশ্য সরকার ২০১১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে গুরুত্বপূর্ণ শিল্পে জরুরি ভিত্তিতে গ্যাস-সংযোগ দেওয়া এবং বরাদ্দ বাড়ানোর (লোড বৃদ্ধি) দায়িত্ব দেয়। ওই কমিটি প্রথমে ২৯টি ও কয়েক দিন আগে আরও ৯২টি (১২১টি) শিল্পে নতুন সংযোগ ও বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বলে কমিটির সদস্যসচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে জানিয়েছেন। তবে কমিটির অনুমোদিত তালিকায় ওই ১২১টি ছাড়া আরও ১৫টি প্রতিষ্ঠানের নাম রয়েছে বলে জানা গেছে। কিন্তু আবাসিক খাতে নতুন সংযোগ চালুর বিষয়ে সরকার এখন পর্যন্ত যেমন সিদ্ধান্তহীন, তেমনি সরকারের মধ্যে এ ব্যাপারে সমন্বয়হীনতাও ব্যাপক। আবার নতুন সংযোগ না দিয়ে আবাসিক গ্রাহকদের জন্য বিকল্প জ্বালানির যে ব্যবস্থা করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, তা-ও সরকার বাস্তবায়ন করতে পারেনি। এই অবস্থায় পেট্রোবাংলা একাধিকবার আবাসিক খাতে সংযোগ চালুর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত পায়নি। মন্ত্রণালয় প্রতিবারই পেট্রোবাংলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিভিন্ন বিষয় অনুসন্ধানের অজুহাতে।এই প্রক্রিয়ার মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি একাধিকবার আবাসিক গ্রাহকদের জন্য নতুন গ্যাস-সংযোগ চালুর সুপারিশ করে। তাতেও সরকারের সিদ্ধান্তহীনতার অবসান হয়নি। সমন্বয়হীনতাও কমেনি। সর্বশেষ গত ২৮ মার্চ মন্ত্রণালয়ের কিছু অনুসন্ধানের জবাব দিয়ে পেট্রোবাংলা আবারও প্রস্তাব পাঠায়।প্রস্তাবে বলা হয়, আবাসিক খাতে নতুন সংযোগ বন্ধ ঘোষণার সময় অপেক্ষমাণ গ্রাহক (আবেদনকারী) ছিলেন প্রায় এক লাখ ৪৮ হাজার। এর মধ্যে ৫৭ হাজার ৪১৪টি চুলায় নতুন সংযোগ দেওয়া হয়েছে। ওই গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিলও জমা দিচ্ছেন। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে না। এর পাশাপাশি প্রায় সমানসংখ্যক রয়েছে চোরাই সংযোগ। এই গ্রাহকেরা বিল না দিয়েই গ্যাস ব্যবহার করছেন। অবশিষ্ট আছেন ৪০ হাজারের মতো আবেদনকারী।এখন সংযোগ চালু করা হলে গ্রাহকসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার অনুযায়ী প্রায় দেড় লাখ নতুন আবেদন পড়বে। সব মিলিয়ে প্রায় দুই লাখ গ্রাহককে নতুন সংযোগ দিতে হবে। এ জন্য প্রতিদিন বাড়তি গ্যাস লাগবে দুই কোটি ঘনফুট। তবে সংযোগ উন্মুক্ত করার সঙ্গে সঙ্গেই দৈনিক গ্যাসের চাহিদা দুই কোটি ঘনফুট বাড়বে না। কারণ, বিতরণ কোম্পানিগুলোর দৈনিক নতুন সংযোগ দেওয়ার ক্ষমতা ৩০০টির মতো। কাজেই হিসাবে উল্লিখিত সব গ্রাহককে সংযোগ দিতে প্রায় আড়াই বছর সময় লাগবে। গ্যাসের চাহিদাও বাড়বে পর্যায়ক্রমে। তাই বাড়তি চাহিদার কারণে গ্যাসের ওপর কোনো চাপ সৃষ্টি হবে না।এই প্রস্তাবের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, এখন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, প্রস্তাবটিতে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর অনুমোদন লাগবে। অথচ তিনি প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতি নিয়েই প্রস্তাবটি পাঠিয়েছেন। তাই উপদেষ্টার সম্মতির দরকার নেই। কিন্তু মন্ত্রণালয় সেটা মানছে না।