নতুন গ্যাস-সংযোগ থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বন্ধ ঘোষণা করে রাখলেও গোপনে ও বিভিন্ন কৌশলে গ্যাসের নতুন সংযোগ দেওয়া থেমে নেই। ঢাকায় গত এক মাসে আরও বেশ কিছু এবং চট্টগ্রামে এক বছরে অন্তত ৫০টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। কৌশলে এসব সংযোগ দিচ্ছে গ্যাস বিতরণ কোম্পানির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী।পাশাপাশি আরেকটি খবর হচ্ছে, সরকারিভাবে বন্ধ ঘোষণার পর থেকে ঢাকায় কৌশলে যে গ্রাহকদের সংযোগ দেওয়া হয়েছে, তাঁদের কয়েক মাস ধরে ব্যাংকে বিল জমা দিতে নিষেধ করা হচ্ছে। এ ধরনের কোনো কোনো গ্রাহকের কাছ থেকে সংযোগ প্রদানকারীরাই বিল নিচ্ছেন। অন্যরা বিল দেওয়া বন্ধ রেখেছেন।সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে। তখন বলা হয়েছিল, গ্যাসের দৈনিক উৎপাদন ২২০ কোটি ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।ইতিমধ্যে দেশে গ্যাসের উৎপাদন দৈনিক ২২৪ কোটি ঘনফুট অতিক্রম করেছে। কিন্তু সরকার নতুন সংযোগের ব্যাপারে সিদ্ধান্তহীন। বিকল্প জ্বালানিও সুলভ নয়। তাই ক্রমেই বেশিসংখ্যক মানুষ যেকোনোভাবে গ্যাস-সংযোগ পেতে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে বিভিন্ন কৌশলে নতুন সংযোগ দেওয়া চলছে।চট্টগ্রামে সংযোগ দেওয়া প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে’ এসব সংযোগ দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে মন্ত্রণালয়ের লিখিত কোনো নির্দেশ তাঁদের কাছে নেই। অন্য সূত্রে জানা গেছে, বিপুল অর্থ লেনদেনের বিনিময়ে এসব সংযোগ দেওয়া হয়েছে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, সরকার সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণার পর তারা সরকারিভাবে কোনো আবাসিক সংযোগ দেয়নি। সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা প্রতিপালন প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। এ ক্ষেত্রে কোনো কৌশল করার সুযোগ নেই।অতিরিক্ত টাকা জমা হওয়া প্রসঙ্গে তিতাস বলেছে, প্রাথমিক তদন্তে তিতাস গ্যাসের কাছে ৪৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব জমা হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।এদিকে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর এক শ্রেণীর লোক এখনো অর্থের বিনিময়ে কৌশলে সংযোগ দিয়ে চলেছেন। কৌশলটি হচ্ছে, সরকার যে তারিখ থেকে সংযোগ দেওয়া বন্ধ করেছে, সংযোগ দেখানো হয়েছে সেই তারিখের কয়েক মাস বা তারও বেশি আগের কোনো তারিখে। এভাবে যাঁরা সংযোগ দিয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট গ্রাহকদের বিল জমা দেওয়ার রসিদ বইও দিয়েছেন। ওই রসিদ দিয়ে গ্রাহকেরা ব্যাংকে টাকাও জমা দিয়েছেন। এ কারণে বলা হচ্ছে, এসব সংযোগ কৌশলে দেওয়া হয়েছে।দুই চুলা এক হাজার: গত এক মাসের মধ্যে নতুন অবৈধ সংযোগ দেওয়া হয়েছে হাতিরপুল এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির কয়েকজন বাসিন্দা জানান, তাঁদের সংযোগ দেওয়া হয়েছে অস্থায়ীভাবে। ডিসেম্বর মাস পর্যন্ত এই সংযোগ থাকবে বলে সংযোগ প্রদানকারীরা বলেছেন। এই সময়ের মধ্যে প্রতিটি ফ্ল্যাট থেকে দুই চুলার জন্য প্রতি মাসে তাঁরা এক হাজার টাকা করে নেবেন।একই শর্তে মিরপুরের পল্লবীতেও একটি বাড়িতে নতুন সংযোগ দেওয়ার কথা জানা গেছে। ওই বাড়ির কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন থেকেই সংযোগ নেওয়ার জন্য বলছিল (কে বা কারা, তা বলতে রাজি হননি)। কিন্তু তাঁরা এই ভেবে এত দিন সংযোগ নেননি যে, সরকারের গৃহীত কার্যক্রমের ফলে দেশে গ্যাসের উৎপাদন বাড়ছে। আর বেশি দিন সংযোগ বন্ধ করে রাখবে না। কিন্তু রমজান এসে যাওয়ায় রান্নার অসুবিধার কথা ভেবে অনেকগুলো টাকা দিয়ে সংযোগ নিয়েছেন। তা ছাড়া এলপি গ্যাসের সিলিন্ডার সহজলভ্য নয়, দামও বেশি।বিল ব্যাংকে নয়: নতুন সংযোগ বন্ধ হওয়ার পর থেকে কৌশল করে যাঁদের আবাসিক সংযোগ দেওয়া হয়, তাঁদের সবারই বিল বইসহ সব কাগজপত্র দেওয়া হয়েছে। প্রথম থেকেই তাঁরা ব্যাংকেই গ্যাস বিল জমা দিয়েছেন।কিন্তু সংযোগ প্রদানকারীরা সংশ্লিষ্ট গ্রাহকদের এখন ব্যাংকে বিল জমা দিতে নিষেধ করছেন। বলা হচ্ছে, ব্যাংকে তাঁদের জমা দেওয়া টাকা বিতরণ কোম্পানির কেন্দ্রীয় হিসাবে জমা হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। অল্প দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। তখন আবার ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। আপাতত কোনো কোনো এলাকায় গ্রাহকদের কাছ থেকে বিল নিচ্ছেন সংযোগ প্রদানকারীরাই। আবার কোথাও কোথাও গ্রাহক বিল দেওয়াই বন্ধ রেখেছেন।চট্টগ্রামে ৫০টি সংযোগ: গত দুই বছরে চারটি বৃহৎ শিল্পকারখানাসহ অন্তত ৫০টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। কেজিডিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘মন্ত্রণালয়ের নির্দেশে’ এসব সংযোগ দেওয়ার কথা বললেও তাঁদের কাছে এ রকম কোনো লিখিত নির্দেশ নেই। এসব সংযোগ দেওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতেই গত ৬ মে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরীকে দিনাজপুরে বদলি করা হয়।কেজিডিসিএল সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ মে নাসিরাবাদ আবাসিক এলাকায় ‘সানমার অমরণ’ নামের একটি নবনির্মিত ভবনে ৩৩টি আবাসিক সংযোগের কার্যাদেশ দেওয়া হয়। একই বছরের ১২ মে চান্দগাঁও আবাসিক এলাকায় কুতুব চৌধুরী, চকবাজারে ফেরদৌস বেগম এবং পূর্ব নাসিরাবাদ আবাসিক এলাকায় নুরুল আবসার গ্যাস-সংযোগ পান। ২৯ মে শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহমেদুর রহমান সিদ্দিকী ১০টি আবাসিক সংযোগ পান। আহমেদুর রহমান বাসায় সংযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের কাছে গ্যাস-সংযোগের জন্য আবেদন করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আমার বাসায় সংযোগ দেওয়া হয়।’কর্ণফুলী নদীর দক্ষিণ পারে পটিয়ায় শাহ আমানত সিএনজি রিফুয়েলিং স্টেশনে এক হাজার ঘনমিটার চাহিদাসম্পন্ন দুটি কমপ্রেসর এবং ৩৪০ ঘনমিটার চাহিদাসম্পন্ন একটি গ্যাস জেনারেটরে নতুন সংযোগ দেওয়া হয়। সংযোগ দেওয়া হয় আবুল খায়ের স্টিল ও টি কে গ্রুপের কারখানায়। কেজিডিসিএল ঠিকাদার সমিতির সাবেক সভাপতি ইকরাম চৌধুরী শাহ আমানত সিএনজি স্টেশনের সংযোগ দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যত দূর জানি, মন্ত্রণালয়ের নির্দেশেই এ সংযোগ দেওয়া হয়েছে।’কেজিডিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যেসব সংযোগ ইতিপূর্বে দেওয়া হয়েছে, তা নিশ্চয়ই উচ্চপর্যায়ের নির্দেশে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের করার তেমন কিছু থাকে না। বর্তমানে আবাসিক সংযোগের জন্য ১২ হাজার আবেদন জমা পড়ে আছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না।’১২ শতাংশের চক্র: তিন বছর ধরে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং দুই বছর ধরে আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রাখা হলেও এ সময় দেশে গ্যাসের চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। একমাত্র তিতাসের আওতাধীন এলাকায়ই চাহিদা বেড়েছে ২০ কোটি থেকে ২৫ কোটি ঘনফুট। এর মধ্যে অবশ্য কয়েকটি শিল্পে বিশেষ বিবেচনায় সংযোগ দেওয়া হয়েছে।পেট্রোবাংলার হিসাবেও এই চাহিদা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। ওই হিসাব অনুযায়ী, দেশে আবাসিক খাতে গ্যাসের ব্যবহার মোট উৎপাদনের ১২ শতাংশ। ২০০৯ সালে যখন গ্যাসের দৈনিক উৎপাদন ছিল ১৭৫ কোটি ঘনফুট, তখনো এই ব্যবহার ১২ শতাংশ (২১ কোটি ঘনফুট) ছিল। এখন গ্যাসের উৎপাদন বেড়ে ২২৪ কোটি ঘনফুট ছাড়ানোর পরও তা ১২ শতাংশ (প্রায় ২৭ কোটি ঘনফুট)। এই চাহিদা বেড়েছে বিশেষ কৌশলে অসংখ্য সংযোগ দেওয়ার ফলে।