নতুন গ্যাস সংযোগ দিতে ১৮৫০ কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংযোগ বন্ধ, পুরোনো সংযোগেই পর্যাপ্ত গ্যাস যাচ্ছে না। গ্যাসের অভাবে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর মধ্যে আবার দুই লাখ গৃহস্থালি পর্যায়ে এবং এক হাজার ৪০০ শিল্প ও বাণিজ্যিক স্থাপনায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ঋণ নিচ্ছে সরকার। গত ২৬ মার্চ এডিবির বোর্ড সভায় ২৬ কোটি ৬০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৮৫০ কোটি টাকার এ ঋণ অনুমোদন করা হয়েছে, যার বেশির ভাগ অংশই ব্যয় হবে সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপনের কাজে। সাবেক জ্বালানি উপদেষ্টা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তামিম প্রথম আলোকে বলেন, সরকারের এখন গ্যাসের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত, গ্যাসের বিতরণ বাড়ানো বা নতুন সংযোগ দেওয়ার দিকে নয়। তবে সরকারের ঊর্ধ্বতন মহল মনে করছে, বিবিয়ানার গ্যাস উত্তোলন শুরু হলেই সংকট কেটে যাবে। তাই বিবিয়ানার গ্যাস আসার আগেই সম্প্রসারিত অবকাঠামো প্রস্তুত করে রাখতে হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মোহসীন এ বিষয়ে বলেন, গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপর সরকারের সর্বাধিক প্রচেষ্টা আছে। তবে একই সঙ্গে সঞ্চালন ও বিতরণের ব্যাপারে নজর দেওয়ারও দরকার আছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ হাসান মনসুর জানান, প্রকল্পটি নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। তখন গ্যাসের এত সংকট ছিল না। গ্যাসের চাহিদা আকস্মিক বেড়ে গেছে। তবে বিবিয়ানা কূপের গ্যাস উত্তোলন শুরু হলে তা বিপণনের জন্য নতুন অবকাঠামো দরকার হবে। সে লক্ষ্যেই নতুন অবকাঠামো ও বাজার প্রস্তুত করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। ঋণ বোর্ডে অনুমোদনের পর এডিবির ম্যানিলার প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি মনে করে, নতুন গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য সরকার প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তবে ব্যবসায়ী ও গৃহস্থালি পর্যায়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপনের কাজ এগোচ্ছে না। ঋণের অর্থে নতুন বিতরণ ও সঞ্চালন লাইন স্থাপন করা হলে দুই লাখ গৃহস্থালি গ্রাহকের সংযোগ দেওয়া সম্ভব হবে।গ্যাস-সংকটের সময় নতুন সংযোগ দেওয়ার জন্য এডিবি কেন ঋণ দিচ্ছে—এ বিষয়ে জানতে চেয়ে ই-মেইল করা হয় এডিবির কান্ট্রি ডিরেক্টর পল জে হাইটেনসের কাছে। এডিবির ঢাকার অফিস থেকে জানানো হয়, সরকার গ্যাস উত্তোলন ও উৎপাদন বাড়ানোর যে কর্মপরিকল্পনা করেছে তার সঙ্গে সংগতি রেখেই এ প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। আগামী কয়েক বছর পর যখন সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপন শেষ হবে তখন সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস চলে আসবে। এডিবি অফিস থেকে আরও জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে দেশের স্বল্পোন্নত অঞ্চলে গ্যাস যাবে। এতে করে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পায়ন বাড়বে। অবশ্য একই ধরনের অনুমান করা হয়েছিল উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের আগে। গ্যাস সরবরাহের পরও বগুড়া, পাবনা, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে যেখানে গ্যাস গেছে সেখানে তেমন কোনো শিল্পায়ন হয়নি। যাঁরা গ্যাসের লাইন পেয়েছেন সেখানে গ্যাসের সরবরাহ অনিয়মিত এবং নতুন করে কোনো প্রকার বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হচ্ছে না বলে বগুড়া থেকে প্রথম আলোর প্রতিনিধি জানান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এডিবির বোর্ড সভায় যে ঋণ অনুমোদন করা হয়েছে তার বেশির ভাগই কঠিন শর্তের ঋণ। এ জন্য বাংলাদেশকে লন্ডনের আন্তব্যাংক মুদ্রাবাজারের কলমানির (একটি ব্যাংককে সীমিত সময়ের জন্য যে হারে অর্থ ধার দেওয়া হয়) হারে সুদ দিতে হবে। শূন্য দশমিক ৭৫ শতাংশ ‘কমিটমেন্ট চার্জ’। ২৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। ইআরডির একটি সূত্র জানায়, বর্তমানে অর্থনৈতিক মন্দার কারণে লন্ডনের আন্তবাজার সুদের হার কম হলেও দীর্ঘমেয়াদি এই ঋণের পরিশোধ-ব্যয় অনেক বেশি হবে। কারণ, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠলেই সুদের হার বেড়ে যাবে। এদিকে গ্যাসের তীব্র সংকটের কারণে গত দুই মাস ধরে রেশনিংয়ের মাধ্যমে গ্যাস বিতরণ চলছে। গত ২৭ জানুয়ারি থেকে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতাধীন ঢাকা ও এর আশপাশের অঞ্চলে গ্যাস রেশনিং শুরু হয়েছে। সিএনজি স্টেশনগুলোও গ্যাসের অভাবে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করতে পারছে না।তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান জানান, তিন মাস ধরে তিতাসের সব ধরনের নতুন সংযোগ বন্ধ আছে।প্রসঙ্গত, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। উৎপাদন হচ্ছে ১৮৫ কোটি ঘনফুটের মতো। ঘাটতি প্রায় ৬৫ কোটি ঘনফুট।