নতুন গ্যাস সংযোগ পেতে আইনি বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো গ্যাস-সংযোগ না দেওয়া-সংক্রান্ত আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর ফলে নতুন করে গ্যাস-সংযোগ দিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।গত বছরের ১ সেপ্টেম্বর ‘গ্যাস-সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি’ এবং ৭ সেপ্টেম্বর ‘চট্টগ্রামে নতুন গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে ৩০ হাজার!’ শিরোনামে প্রথম আলোয় দুটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দুটি যুক্ত করে ওই বছরের ৮ নভেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই দিন রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।আদেশে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অবৈধ গ্যাস-সংযোগের অভিযোগ তদন্ত করতে এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের খুঁজে বের করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো গ্যাস-সংযোগ না দিতে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।এই আদেশ প্রত্যাহার চেয়ে চলতি মার্চে হাইকোর্টে আবেদন করে রিটকারীপক্ষ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ।মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গ্যাস-সংযোগ দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে ফাইলচাপা পড়ে আছে। সরকার নতুন করে গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই জনস্বার্থ বিবেচনা করে ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়।সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে।