নতুন চার সিটি করপোরেশন গঠন করা হচ্ছে
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০-এর আলোকে নতুন চারটি সিটি করপোরেশন গঠন করা হচ্ছে। প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পর এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। জাতীয় সংসদে আজ বুধবার নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।সৈয়দ আশরাফ জানান, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে একটি, রংপুর পৌরসভা নিয়ে একটি, টঙ্গী ও গাজীপুর পৌরসভা নিয়ে একটি এবং কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা নিয়ে একটি সিটি করপোরেশন গঠিত হবে। টেবিলে উত্থাপিত সানজীদা খানমের প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা শহরে বস্তির সংখ্যা আনুমানিক চার হাজার ৭০০টি। এসব বস্তিতে বাস করে ৩৫ লাখ মানুষ।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জেলা পরিষদগুলোকে আরও সক্রিয় করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে জেলা পরিষদ আইন, ২০০০ সংশোধন করে খসড়া আইন প্রণয়ন করা হয়েছে।টেবিলে উত্থাপিত অপু উকিলের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানান, আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক মানের আরও কয়েকটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে দেশে ক্রিকেটের উপযোগী ১০টি স্টেডিয়াম রয়েছে। মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে তিনি জানান, সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এ সম্পর্কিত একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।শহীদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে গঠিত জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে নতুন কমিটি বা অ্যাডহক কমিটি করার জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।শাহিদা তারেখের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির জানান, জোট সরকারের সময়ে দলীয় পরিচয়ের অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।