নতুন চেহারায় ফুটপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে নগরের একাধিক সড়কের ফুটপাত সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে। যেসব ফুটপাতে এমন কাজ চলছে, তার বেশির ভাগেরই পেবারস (বিশেষ ধরনের ইট) তুলে ফেলা হয়েছে। কোথাও কোথাও নতুন করে বসানো হয়েছে রঙিন পেবারস। আবার কোথাও পুরোনো পেবারসই সমতল করে বসানো হয়েছে। কোনো কোনো সড়কে ফুটপাত ঢালাই করে তার নিচে বসানো হচ্ছে পেবারস।ডিসিসি সূত্রে জানা যায়, বিশ্বকাপের সময় দেশি-বিদেশি ক্রিকেটার, কর্মকর্তা ও দর্শকেরা যেসব সড়ক দিয়ে চলাচল করবেন, শুধু সেসব সড়কের ফুটপাত ও নর্দমা উন্নয়ন করা হচ্ছে।ফার্মগেটে কাজী নজরুল ইসলাম এভিনিউর ফুটপাতের এক পাশে কোথাও পেবারস তুলে নতুন করে বসানো হয়েছে আবার কোথাও আগের অবস্থায় রয়ে গেছে। এগুলোও পর্যায়ক্রমে সংস্কারের মুখ দেখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।দৈনিক বাংলার মোড় থেকে ডিআইটি এক্সটেনশন রোডের ফুটপাতে পুরোদমে পেবারস বসানোর কাজ চলছে। এর কোনো কোনো জায়গায় সিমেন্ট-কংক্রিট ঢালাই দিয়ে তার ওপর বসানো হচ্ছে পেবারস। এই কাজকে ভালো চোখে দেখছেন না অনেকে। এ বিষয়ে কারওয়ান বাজারের চাকুরে মনজুর হুসেন বলেন, ‘কয়েক বছর আগে ফুটপাতে পেবারস বসানোর সময় বলা হয়েছিল, ফুটপাতে পেবারস থাকলে দরকার হলে সহজেই খোঁড়াখুঁড়ি করা যাবে। এখন আবার সিসি ঢালাই দিয়ে পেবারস বসানো হচ্ছে। এখন তো কাটাছেঁড়ার ঝামেলা তৈরি হচ্ছে। তাহলে পেবারস বসানোর দরকার ছিল কী?’সংস্কারকাজ চলায় পল্টন, দৈনিক বাংলার মোড়, ডিআইটি এক্সটেনশন রোডের ফুটপাত এড়িয়ে পথচারীদের এখন সড়কে নেমে হাঁটতে হচ্ছে। ধুলোবালিতে সয়লাব হয়ে গেছে পুরো এলাকা। নাকে রুমাল দিয়ে পথচারীরা চলাচল করছে। হাবিবুর রহমান নামের এক ব্যবসায়ী ফুটপাত দেখিয়ে বলেন, ‘ফুটপাতের কোথাও ভাঙা ছিল না। অথচ উন্নয়নের নামে এসব কাজ চলছে। আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। ধুলোয় দোকানে বসে থাকা যায় না।’অনেক জায়গায় ফুটপাতের অবস্থা ভালো, তবুও পেবারস তুলে কেন আবার বসানো হচ্ছে? এমন প্রশ্নে ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-২) আবদুর রাজ্জাক দাবি করেন, ‘সব সড়কে এমনটা হয়নি। যেখানে ভাঙাচোরা, সেখানেই কাজ হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে, এখানে হাজার হাজার মানুষ আসবে। বাইরের দেশের লোকজন আসবে। তাই এর আশপাশের সড়কগুলোয় ভালোভাবে পেবারস বসানো হচ্ছে, যাতে কোনো ত্রুটি না থাকে।’ আগামী ৫ ফেব্রুয়ারি সব ফুটপাতের কাজ শেষ হবে বলে তিনি জানান।পেবারসের নিচে সিসি ঢালাই করা হচ্ছে কেন জানতে চাইলে নাম-পদবি প্রকাশ না করার শর্তে ডিসিসির একজন প্রকৌশলী জানান, ইঁদুর মাটির নিচে গর্ত করায় অনেক ফুটপাত দেবে যাচ্ছে। আবার মাটি নরম থাকার কারণেও পেবারসের ফুটপাত দেবে যাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে পেবারসের নিচে ঢালাই দেওয়া হচ্ছে।