নতুন জটিলতায় চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের অস্ত্রোপচারের পর স্বাস্থ্যগত নতুন জটিলতায় ভুগছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।গত ১১ ডিসেম্বর কিউবার একটি হাসপাতালে ছয় ঘণ্টাব্যাপী চতুর্থ দফায় ক্যানসারের অস্ত্রোপচার হয় চাভেজের। এরপর তিনি অস্ত্রোপচার-পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এসব জটিলতার মধ্যে রয়েছে অপ্রত্যাশিত রক্তক্ষরণ ও শ্বাসতন্ত্রের সংক্রমণ। শ্বাসতন্ত্রের সংক্রমণের বিষয়টি এখন জটিল আকার ধারণ করেছে বলে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গতকাল রোববার জানিয়েছেন।ভাইস প্রেসিডেন্ট জানান, কিউবার হাসপাতালে গিয়ে প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে দেখা করেছেন তিনি। চাভেজ তাঁদের সাদরে ডেকে স্বাস্থ্যগত সমস্যার কথা বলেছেন।চাভেজের শারীরিক অবস্থা নিয়ে ভেনেজুয়েলার জনগণের মধ্যে শঙ্কা বাড়ছে। প্রেসিডেন্ট হিসেবে আরেক দফায় আগামী ১০ জানুয়ারি চাভেজের দায়িত্ব গ্রহণের কথা। কিন্তু ওই দিন চাভেজের দায়িত্ব গ্রহণের সক্ষমতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।