নতুন জোট গঠনে সম্মত সিরিয়ার সরকারবিরোধী দলগুলো
সিরীয় সরকারকে উৎখাতের লক্ষ্যে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠী নিজেদের একটি জোট গঠনে সম্মত হয়েছে। রয়টার্স জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় সরকারবিরোধীদের চলমান সম্মেলনে আজ রোববার নতুন জোট গঠনের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি আলী সাদরেদ্দীন আল বায়ানকি জানান, ‘একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকেলের সেশনে জোটের সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করা হবে।’ সম্মেলনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, সিরিয়ার ভেতরে ও বাইরে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এমন দলগুলোকে নিয়ে গঠিত জোটের নাম হবে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন অ্যান্ড রেভল্যুশনারি ফোর্সেস (এসএনসিওআরএফ)।কাতারে অবস্থানকারী মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা সিরিয়ার সরকারবিরোধীদের একক জোটে ঐক্যবদ্ধ হতে ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছিলেন। যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারবিরোধীদের প্রকাশ্যে সর্বতোভাবে সহায়তা করে চলেছে।বিদ্রোহী দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল। কিন্তু, অদক্ষতা ও নেতৃত্বের দ্বন্দ্বের কারণে ওয়াশিংটন এ দলটির ওপর আস্থা হারিয়ে ফেলে এবং নতুন নেতৃত্ব খুঁজতে থাকে। নতুন পরিকল্পনা অনুযায়ী ৫৫-৬০ সদস্যের একটি প্রতিনিধি পরিষদ এবং ফ্রি সিরিয়ান আর্মির মতো দলগুলোকে নিয়ে একটি সামরিক পরিষদ গঠন করা হবে। এ ছাড়া থাকবে একটি বিচারিক পরিষদ। সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতা ওয়ায়েল মেরজা বলেন, সিরিয়ার জনগণের প্রতিনিধি হিসেবে নতুন জোট বিশ্বের স্বীকৃতি চাইবে।সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের সহায়তায় অনেকগুলো দল ২০ মাস ধরে সরকারবিরোধী লড়াই চালিয়ে আসছে। এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার সিরীয় প্রাণ হারিয়েছে এবং দেশত্যাগ করেছে কয়েক লাখ মানুষ।