নতুন টাকা কেনাবেচা
ঈদে নতুন জামা-জুতোর সঙ্গে কড়কড়ে কয়টা নোট যদি জোটে, তাহলে শিশুদের খুশির আর সীমা থাকে না। তাই নতুন পোশাক পরেই ঈদি পাওয়ার অপেক্ষা করতে থাকে ছোটরা। কোনোরকম সালাম করতে পারলেই হয়েছে, বরাতে জুটে যাবে নতুন টাকা।এলাকাভেদে ঈদের এই টাকা প্রাপ্তি কোথাও ‘ঈদি’ আবার কোথাও ‘সালামি’ নামে পরিচিত। তবে নাম যা-ই হোক, ঈদের সময় নতুন টাকার দরকার হয়। অনেকে ফিতরা দিতে নতুন টাকা ব্যবহার করেন। কিংবা ঈদের পুরো কেনাকাটা করতে চান নতুন টাকা দিয়ে। আর তাই ঈদের আগেভাগেই ছোটেন নতুন টাকা সংগ্রহ করতে। ঈদে নাড়ির টানে বাড়িমুখী মানুষেরও যেন অন্যতম দায়িত্ব এটি।গুলিস্তানে আসন্ন ঈদ ঘিরে থরে থরে সাজানো নতুন টাকার দোকানে ভিড় কিন্তু কম নয়। কোনো কোনো দোকানে টাকা এমনভাবে সাজানো, হঠাৎ করে দেখলে মনে হয় ফুল।এখানেই নতুন টাকা কিনতে লক্ষ্মীপুরের রায়পুর থেকে এসেছেন খোরশেদ আলম। তিনি বলেন, ‘ঈদের আগে ঢাকায় কেনাকাটা করতে এলেই এখান থেকে নতুন টাকা কিনে নিয়ে যাই। ঈদের নামাজ শেষে বাড়ির পোলাপান নতুন টাকা পাইলে খুশি হয়। এবার নিলাম পাঁচ আর দুই টাকার বান্ডিল।’তবে ফরিদপুরের আরেফিন কিনলেন ১০ টাকার দুটো বান্ডিল। তিনি জানান, ঈদের আগমুহূর্তে ভিড় বেশি থাকে, আর দামও কিছুটা চড়া; তাই আগেভাগেই তিনি নতুন টাকা কিনে রাখলেন। রবিন আহম্মেদ ঈদের জন্য বান্ডিল করা নতুন টাকা কিনলেন না। বাজারে নতুন আসা একটি পাঁচ টাকা ও একটি দুই টাকার নোট কিনলেন। সাত টাকার পেছনে খরচ করলেন ১০ টাকা। অনেকেই বাজারে আসা নতুন নোট দেখতে ভিড় করছে গুলিস্তানের নতুন টাকার দোকানে। এমন একজন আরেফ আলী।আরেফের ভাষ্য, ‘শুনলাম, বাজারে নতুন পাঁচটি নোট আসছে। তাই দেখতে আইলাম। পরে কিনুম।’ গুলিস্তানে নতুন টাকার ব্যবসায়ী ইমন হাসান জানান, নতুন টাকার জন্য দাম তাঁরা কিছুটা বেশি রাখছেন। ১০০ টাকার প্রতিটি নোটের জন্য এক থেকে দুই টাকা বেশি নিচ্ছেন। দুই, পাঁচ ও ১০ টাকার বান্ডিলপ্রতি ৩০-৪০ টাকা বেশি নেন। আর ছেঁড়াফাটা পুরোনো টাকা হলে ৫০০ টাকার ক্ষেত্রে প্রতিটি নোটের গায়ে লেখা দাম থেকে ২০-২৫ টাকা কমে তা কিনে নেন।নগরের চকবাজারেও রয়েছে টাকা বেচাবিক্রির দোকান। গুলিস্তান, চকবাজার ছাড়াও মতিঝিলের বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করা যায়। ১১টা বাজতেই দীর্ঘ সারি দেখে বোঝা যায়, নতুন টাকা সংগ্রহ করতে মানুষের উৎসাহের কমতি নেই। তবে এবার নজরদারি বোধ হয় একটু বেশি হচ্ছে। পেশাজীবী, শিক্ষার্থী আর বয়স্কদের জন্য এখানে রয়েছে একটি বিশেষ সারি। সাধারণদের জন্য রয়েছে আরেক সারি। এই সারি অনেক বড়।বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, ‘গত বছরের চেয়ে ঈদের আগে এবার নতুন টাকার মজুদ কিছুটা বেশি। সব মিলিয়ে ১৬ কোটি টাকা দেওয়া সম্ভব হবে। এবার ঈদের আগে বাজারে পাঁচটি নতুন নোট আসায় চাহিদা বেশি। আর এখান থেকে বাইরে টাকা নিয়ে যেন অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করতে না পারে, তাই তাদের সাধারণ লাইনে দাঁড়াতে হচ্ছে। সাধারণ লাইনে যাঁরা আছেন, তাঁদের জন্য টাকার পরিমাণ নির্দিষ্ট। জনপ্রতি পাবেন সর্বোচ্চ চার হাজার টাকা। আর টাকা দেওয়া শেষে হাতে লাগিয়ে দেওয়া হচ্ছে অমোচনীয় কালি, যাতে পরে আবার লাইনে না দাঁড়াতে পারেন। তবে পেশাজীবী, বৃদ্ধ ও শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব পরিচয়পত্র দেখিয়ে বিশেষ লাইনে দাঁড়িয়ে বেশি টাকা সংগ্রহ করতে পারছেন।’