নতুন টেলিস্কোপ স্থাপন
গবেষকেরা মহাকাশে প্রাণের অস্তিত্ব গবেষণায় নতুন টেলিস্কোপ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, টেলিস্কোপটি হবে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বৃহত্তম। অক্সফোর্ড ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নতুন এ টেলিস্কোপের নকশা প্রণয়ন করেছেন। ইউরোপিয়ান এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ জ্যোতির্বিদদের দূরবর্তী গ্যালাক্সির তারা ও গ্রহদের ছবি তুলতে বিশেষ সাহায্য করবে বলে গবেষকেরা জানিয়েছেন। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি এ বছরের মধ্যেই নতুন এ টেলিস্কোপ স্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে। চিলির আটাক্যামা মরুভূমিতে তিন হাজার ৬০ মিটার উচ্চতায় গবেষকেরা টেলিস্কোপটি স্থাপনের প্রস্তুতি নিয়েছেন। বৃহত্তম এ টেলিস্কোপ স্থাপনে ৩৫ লাখ ব্রিটিশ পাউন্ড ব্যয় হবে বলে গবেষকেরা জানিয়েছেন। গবেষকেরা সবচেয়ে আধুনিক পদ্ধতির ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম টেলিস্কোপটি নির্মাণ করতে যাচ্ছেন। ৪০ মিটার প্রশস্ত আয়না এবং এক হাজারের বেশি খণ্ড নিয়ে নকশা করা টেলিস্কোপটি প্রায় একটি ফুটবল মাঠের সমান। ২০১৮ সাল থেকে টেলিস্কোপটি মহাকাশ গবেষণায় সম্পূর্ণ ব্যবহারের উপযোগী হবে।জয়দীপ সুমন