শিক্ষক ও শিক্ষার্থীদের পরস্পরের মারধরের ঘটনায় গতকাল সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার প্রথম কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল। নতুন তদন্ত কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানা গেছে। এদিকে জড়িতদের বিচারের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন এবং কালো ব্যাজ ধারণ অব্যাহত রয়েছে। রেজিস্ট্রার মো. নজিবুর রহমান আজ প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি তদন্তে গত মঙ্গলবার তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছিল। কিন্তু ওই কমিটির সভাপতি ছুটিতে থাকায় তাঁরা কাজ শুরু করতে পারেননি। কাজেই গত বুধবার সন্ধ্যায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হকের নির্দেশে দ্বিতীয়বারের মতো নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে প্রথম কমিটির সদস্য সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মো. শামছুদ্দিনকে সভাপতি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুম আহমাদকে সদস্য করা হয়েছে। সদস্য সচিব হিসেবে আছেন অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। নতুন এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক মো. শামছুদ্দিন জানান, নতুন কমিটি কাজ শুরু করেছে। ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সব মহলের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করছেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করেছেন।