নতুন তহবিল গঠনে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর কানকুনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের শেষ দিন গতকাল শনিবার একটি সমঝোতায় পৌঁছেছেন বিশ্বনেতারা। জলবায়ু পরিবর্তন রোধ এবং এর প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য একটি তহবিল গঠনসহ কয়েকটি বিষয়ে একমত হয়েছেন তাঁরা।সমঝোতায় বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রয়োজনীয়তার কথা বলা হলেও এ জন্য সুনির্দিষ্ট কোনো কর্মকৌশল ঘোষণা করা হয়নি। প্রাপ্তির ব্যাপারে আগে থেকেই প্রত্যাশা কম থাকায় সম্মেলনের শেষে প্রতিক্রিয়াটি হয়েছে মিশ্র।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, জাপান ও ভারত চুক্তিতে সমর্থন দিয়েছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক ষোড়শ এই জাতিসংঘ সম্মেলনে বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নেন।সন্তুষ্টি প্রকাশ করে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান ক্রিস্টিয়ানা ফিগুয়ের্স বলেছেন, ‘কানকুন সম্মেলনে কাজ হয়েছে।’ অন্যদিকে সম্মেলনের সভাপতি আয়োজক মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিয়া অ্যাস্পিনোসা ক্ষুব্ধ বলিভিয়াকে আশ্বস্ত করে বলেন, তাঁদের আপত্তি সমঝোতায় লিপিবদ্ধ করা হবে। প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর মাধ্যমে সম্মেলনের সমঝোতা গৃহীত হওয়ার কথা ঘোষণা করেন তিনি।সমঝোতার বিরোধিতা করে বলিভিয়া বলেছে, এই চুক্তির ফলে পরিবেশ দূষণের মাধ্যমে গণহত্যা চালানোর প্রস্তাব অনুমোদিত হলো। সমঝোতায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ কমানো প্রয়োজন। কিন্তু এতে এই লক্ষ্য অর্জনে দেশগুলো কীভাবে কাজ করবে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়নি। সমঝোতায় বলা হয়েছে, বিভিন্ন দেশ কার্বন নিঃসরণের মাত্রা যে হারে কমাতে অঙ্গীকার করেছে, তা যথেষ্ট নয়। ২০২০ সালের মধ্যে ধনী দেশগুলোর কার্বন নিঃসরণের মাত্রা ১৯৯০ সালের তুলনায় ২৫ থেকে ৪০ ভাগ কমিয়ে আনার কথা বলা হয়েছে। তবে কিয়োটো চুক্তিতে স্বাক্ষর না করায় অন্যতম প্রধান গ্রিনহাউস উদিগরণকারী যুক্তরাষ্ট্র এর আওতায় আসবে না। শিল্পবিপ্লব-পূর্ব অবস্থার চেয়ে পৃথিবীর তাপমাত্রা যাতে দুই ডিগ্রি সেলসিয়াসের (৩ দশমিক ৪ ফারেনহাইট) বেশি না বাড়ে, সে জন্য বড় ধরনের নিঃসরণ হ্রাসের তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া লক্ষ্যটি দেড় ডিগ্রি করা নিয়ে একটি সমীক্ষা চালানোরও আহ্বান জানানো হয় সমঝোতায়।সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ‘দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড’ নামের একটি নতুন তহবিলে ২০২০ সাল পর্যন্ত প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার সংগ্রহ ও বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধনী দেশগুলো ওই তহবিলে অর্থ জমা দেবে। এ ছাড়া তাৎক্ষণিক সহায়তার জন্য থাকবে ৩০ বিলিয়ন ডলার। বন উজাড় বন্ধের জন্যও দরিদ্র দেশগুলোকে সহায়তা দেওয়া হবে। ইইউ, যুক্তরাষ্ট্র ও জাপান তহবিল সংগ্রহে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছে। অন্তর্বর্তীকালীন ট্রাস্টি হিসেবে বিশ্বব্যাংককে এই তহবিল পরিচালনার জন্য বলা হবে। সমঝোতায় দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার পরিকল্পনায় সহায়তা দিতে একটি অভিযোজন কমিটি গঠন করার কথাও বলা হয়েছে। বলিভিয়ার আলোচক পাবলো সোলন বলেন, ‘এই সম্মেলনে এমন কোনো বিষয় গ্রহণ করা উচিত নয়, যা কিয়োটো চুক্তির অঙ্গীকারকে সমর্থন করে না। আজকের সমঝোতার সবচেয়ে খারাপ দিক হলো, এই চুক্তিতে তাপমাত্রা অনেকটা বাড়ার বিষয়টি মেনে নেওয়া হচ্ছে।’তবে সম্মেলনে অংশ নেওয়া অনেক প্রতিনিধি বলেন, এই চুক্তির ফলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার কমানোর পরিকল্পনা পুনরুজ্জীবিত হয়েছে।মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডারোন বলেন, ‘পৃথিবীকে মানুষের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ রাখতে বিশ্বনেতারা এই সম্মেলনের মাধ্যমে নতুন আলোর রেখা খুঁজে পেয়েছেন।’ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেন, ‘আমার মনে হয় আমরা একটি সঠিক পথে রয়েছি। সম্মেলনে অনেকগুলো বিষয়ে সমঝোতা হয়েছে, বৈশ্বিক কর্মসূচি চিহ্নিত হয়েছে, অঙ্গীকার হয়েছে। আমার মনে হয় এটা বড় পদক্ষেপ।’পরিবেশবাদী আন্দোলনের কর্মীরা বলছেন, সমঝোতার মধ্যে অনেক দুর্বলতা থাকলেও এর মধ্য দিয়ে ভবিষ্যতে একটি কার্যকর চুক্তির লক্ষ্যে কাজ করার পথ উন্মোচিত হতে পারে।