নতুন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডেনাকে খুব একটা দোষ দেওয়া যাবে না। গত মার্চে ম্যারাডোনা যখন টমাস মুলারকে ‘বলবয়’ বলে ভুল করেছিলেন, তখনো জার্মানির বাইরে এই তরুণকে কজনই বা চিনত! জার্মান ফুটবল মহলে অবশ্য তত দিনে সাড়া ফেলে দিয়েছেন ‘জার্মান ফুটবলের ভবিষ্যৎ’ হিসেবে। বায়ার্ন মিউনিখের যুব প্রকল্পের ‘পণ্য’ গত মৌসুমের আগের মৌসুমেও খেলেছেন বায়ার্নের দ্বিতীয় একাদশে। গত মৌসুমে মূল দলে সুযোগ পেয়েই মাঠ মাতিয়েছেন। ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন দুটি শিরোপা, রানার্সআপ হয়েছেন চ্যাম্পিয়নস লিগে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিশ্বমঞ্চেও নিজেকে চেনানোর কাজটা সেরে ফেললেন। বিশ্বকাপে দারুণ কিছুর প্রত্যাশা তাঁর মনে থাকলেও থাকতে পারে। তবে গোল্ডেন বুট পাবেন, এটা হয়তো মুলার নিজেও ভাবেননি। সঙ্গে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারটা তো আছেই। গ্রেটদের অনেকেরই শুরুটা হয় নিজেকেও চমকে দিয়ে। কে জানে, এই বিশ্বকাপে সেই পথেই যাত্রা শুরু হলো কি না মুলারের!