নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আগামী সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ বুধবার সাংবাদিকদের এ কথা জানান।শাহনেওয়াজ আরও জানান, একই সঙ্গে কমিশন নিবন্ধিত দলগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম যাচাই করবে। দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, দশম সংসদ নির্বাচনের জন্য কমিশনের হাতে এক বছরের বেশি সময় আছে। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন দলগুলোকে নিবন্ধিত হতে হবে।গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হবে। ২০০৮ সাল থেকে এ বিধান চালু হয়। এই আইনের আওতায় ২০০৮ সালে ৩৯টি দল নিবন্ধন পায়। পরে শর্ত ভঙ্গ করায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদের ৯০ ধারা অনুযায়ী নিবন্ধন পেতে হলে আবেদনকারী দলকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কমপক্ষে একটি সংসদীয় আসন লাভ অথবা যেকোনো একটি নির্বাচনে অংশ নিয়ে অংশগ্রহণ করা আসনে মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ ভোট লাভ অথবা একটি কেন্দ্রীয় কার্যালয়সহ কমপক্ষে ২১ জেলা ও ১০০ উপজেলায় দপ্তর থাকতে হবে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, এখন থেকে কমিশন সচিবালয়ের কাগজপত্রে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ শব্দের পরিবর্তে ‘নির্বাচন কমিশন, বাংলাদেশ’ লেখা হবে। তিনি বলেন, এটা কোনো নাম পরিবর্তন নয়; বরং সংবিধান অনুসরণে নির্বাচন কমিশন, বাংলাদেশ লেখা হবে। ইংরেজিতে তা হবে ইলেকশন কমিশন ফর বাংলাদেশ।