নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শীর্ষ ২ নেতাই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ গণসেবা আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। তবে দলটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে জানানো হয়, নবগঠিত দলের চেয়ারম্যান মুফতি শহিদুল ইসলাম বর্তমানে অসুস্থতার কারণে দুবাইতে চিকিৎসা নিচ্ছেন। আর ভাইস চেয়ারম্যান আকরাম আলীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যানজটে আটকা পড়ার কারণে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসতে পারেননি।শায়খুল হাদিস আজিজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের একাংশ মূল দল থেকে বের হয়ে এ নতুন দল গঠন করেছে। নতুন দলটির প্রধান মুফতি শহিদুল ইসলাম ইসলামী ঐক্যজোটের ব্যানারে নড়াইল থেকে অষ্টম জাতীয় সংসদে সাংসদ হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অতীতে বিভিন্ন সময়ে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন।বাংলাদেশ গণসেবা আন্দোলনের মহাসচিব তাফাজ্জুল হক আজিজ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, ‘পুরোনো দলের বর্তমান নেতৃত্বের প্রতি আমাদের আস্থা নেই। তাই সাংগঠনিক কর্মকাণ্ডে জটিলতা দেখা দেওয়ায় আমরা নয়জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’মুফতি শহিদুল ইসলামের জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে তাফাজ্জুল হক আজিজ বলেন, ‘তাঁকে নিয়ে এ ধরনের কথাবার্তা বহুদিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু কেউ এ পর্যন্ত বিষয়টি প্রমাণ করতে পারেনি।’