নতুন দাবি মধ্যবর্তী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ কার্যকর করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। সরকার মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা না দিলে বিএনপি আর সংসদে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে।এ রকম পরিস্থিতিতে বিরোধী দলের অনুপস্থিতিতে আজ রোববার বিকেল চারটায় সংসদের অধিবেশন বসছে। নবম জাতীয় সংসদের এটি নবম অধিবেশন।২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েই বিএনপি সংসদ বর্জন করে। তখন সংসদে ফিরতে বিএনপির দাবি ছিল, অধিবেশনকক্ষের সামনের সারিতে তাদের আসনসংখ্যা বাড়ানো। কয়েক মাস পর সামনের সারিতে একটি আসন বাড়ানো হলেও তারা ফেরেনি। এরপর একে একে অনেক নতুন শর্ত যোগ হয়েছে। সর্বশেষ আড়াই বছর বয়সী এ সংসদে ফিরতে তারা মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছে। বিএনপির সাংসদেরা সংসদের গত অধিবেশনে ফেরেন মূলত সদস্যপদ রক্ষার জন্য। কারণ, আর কয়েকটি কার্যদিবস পেরিয়ে গেলেই ৯০ দিনের ফাঁকে পড়ে সদস্যপদ চলে যাওয়ার আশঙ্কা ছিল।সর্বশেষ দাবি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতারা এখন মধ্যবর্তী নির্বাচনের দাবি জোরেশোরে তুলছেন। লন্ডন সফরকালে বিরোধীদলীয় নেত্রী এ দাবি উত্থাপন করেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক একই দাবি করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গতকাল সিরাজগঞ্জে এক সমাবেশে বলেন, মানুষের দাবি এখন মধ্যবর্তী নির্বাচন। তাই সংসদের আগামী অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার সম্ভাবনা নেই। গত আড়াই বছরে সংসদে ফিরতে বিএনপি এক ডজনেরও বেশি শর্ত দিয়েছে। উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে—সংসদের সামনের সারিতে আসন বাড়ানো, বিরোধীদলীয় নেত্রীকে সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদ না করা, বিরোধীদলীয় নেত্রীর চার মামলা প্রত্যাহার, খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার, সংসদে বিরোধী দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, যুদ্ধাপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য হ্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে সদস্যসংখ্যা বাড়ানো, শেয়ারবাজার ধসের ঘটনায় দোষীদের শাস্তি, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ইত্যাদি।এসব শর্ত সম্পর্কে জানতে চাইলে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রথম আলোকে বলেন, বিরোধী দল সংসদে যেতে চাইলেও সরকার তা চায় না। ফলে বিএনপিকে বাধ্য হয়ে সংসদের বাইরে থাকতে হচ্ছে। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন সফরকালে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন। তাই বিএনপির দাবি এখন প্রধানত ওটাই। এ দাবি পূরণ না হলে সংসদে ফিরবে না বিএনপি।যোগাযোগ করা হলে স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, এভাবে সংসদে আসার জন্য শর্ত আরোপ করা কারও জন্যই ভালো নয়। জনগণ তাদের ভোট দিয়েছে সংসদে এসে কথা বলার জন্য। ৯ জুন বাজেট: ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৯ জুন সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্পিকার আবদুল হামিদকে লেখা এক চিঠিতে এ অভিপ্রায় জানিয়েছেন। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, অর্থমন্ত্রীর মত অনুসারে ৯ জুনই আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অধিবেশন চলতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ অধিবেশনে বাজেট ছাড়াও সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন উত্থাপনের কথা রয়েছে। এদিকে অধিবেশন শুরুর আগে আজ বেলা তিনটায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবম অধিবেশনে এখন পর্যন্ত দুটি নতুন বিল উত্থাপনের জন্য সংসদে এসেছে। বিএনপির সাংসদেরা এবারের অধিবেশনে ১৫৫টি মুলতবি প্রস্তাব দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের দাবি, শেয়ারবাজারের পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলার অবনতির কথা জানিয়ে এসব প্রস্তাব দেওয়া হয়। গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য পাঁচ শতাধিক প্রশ্ন জমা পড়েছে। সিদ্ধান্ত প্রস্তাব জমা পড়েছে প্রায় ৪০০। সংসদে ফেরার আহ্বান: সংসদে যোগ দিতে বিরোধী দলের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। তিনি বলেন, ‘সংসদে আসা না-আসার বিষয়টি ব্যক্তিগত। এ বিষয়ে ওনাদের স্বাধীনতা রয়েছে। বারবার অনুরোধ জানিয়ে আসছি, আমি আবারও আহ্বান জানাই আপনারা আসুন, সংবিধান সংশোধনসহ আইনগত বিষয়ে সংসদে কথা বলুন।’