নতুন ধানে হবে রে নবান্ন
‘নতুন ধানে হবে রে নবান্ন’—এ কথা মাথায় রেখেই বগুড়া জেলার বিভিন্ন এলাকার চাষিরা আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু করেছেন। এই ধান হাটে উঠতে শুরু করেছে। গত বছরের তুলনায় দাম এবার ভালো পেয়ে চাষিরাও খুশি। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সবুজ ধানে সোনালি রং ধরেছে। আর কয়েক দিন পর এসব ধান কাটা হবে। চাষিরা তাঁদের ধান কাটার জন্য উদগ্রীব। কাহালু উপজেলার দেওগ্রামের চাষি রমিজ উদ্দিন ধান গাছের চেহারা দেখে বলেন, ‘এবার মনে হচ্ছি ভালোই ধান হবি।’ পাশেই ধান কাটা শুরু করেছেন মোজাম্মেল সাকিদার। তিনি জানান, তাঁর এই ধান আগে রোপণ করা হয়েছিল। তাই আগেই কাটা শুরু করেছেন। তা ছাড়া সামনে নবান্ন, তাই দেরি করে লাভ কী। নতুন ধানের পিঠা-পায়েসের মজাই আলাদা। শাহজাহানপুর উপজেলার খরনা গ্রামের চাষি মোকছেদ আলী জানান, তিনি এক বিঘা জমিতে আগাম ধান রোপণ করেছেন। ফলন ভালোই হয়েছে। তা হাটে তুলে ৬৯০ টাকা মণ বিক্রি করেছেন। গত বছর এই নতুন ধান বিক্রি করেছিলেন ৪৮০ টাকা মণ। তিনি বলেন, নতুন ধানের চালে আগামী পয়লা অগ্রহায়ণ নবান্নর দিনে পরিবারের সবাইকে নিয়ে পিঠা-পায়েস খাওয়া হবে। যাঁরা ধান কাটতে পারেননি, তাঁরাও নতুন চাল কিনে নবান্ন পালন করবেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলার রানীরহাটের অদূরে জোড়া গ্রামে ১০ নভেম্বর গিয়ে দেখা গেছে, চাষি নজরুল ইসলাম তাঁর আগাম রোপণ করা আমন ধান কাটছেন। তিনি জানান, এ বছর ভালো ধান হয়েছে। গত বছর এই জমিতে আট মণ ধান পেলেও এবার পেয়েছেন ১১ মণ। গত বছর এই ধান বিক্রি করেছেন ৫০০ টাকা মণ। আর এবার বিক্রি করেছেন ৭২০ টাকা মণ। কাহালু উপজেলার সাবরুল গ্রামের চাষি আতাউর রহমান বলেন, প্রথম দিকে একটু খরা দেখা দিলেও জমিতে সেচ দেওয়ার কারণে ফলন ভালো হয়েছে। গত বছর যেসব জমিতে বিঘাপ্রতি ৯ থেকে ১০ মণ পাওয়া গেছে, এবার সেখানে ১২ মণ পাওয়া যাচ্ছে। তবে যাঁরা আগে ধান কাটছেন, তাঁরা নবান্ন করার জন্যই আগে কাটছেন। বগুড়া সদরের ঠেঙ্গামারা গ্রামের চাষি নজমল মিয়া বলেন, ‘প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম। শেষ দিকে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। গত বছর স্বর্ণা জাতের ধান চাষ করে বিঘাপ্রতি ১৫ মণ পেয়েছিলাম, এবার পেয়েছি ১৭ মণ।’বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বগুড়া জেলায় এক লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক আলতাফ হোসেন বলেন, এবার কিছুটা খরা থাকলেও চাষিরা সেচ দিয়ে সেই সমস্যা দূর করেছেন। এতে খরচ একটু বাড়লেও ফলন ভালো হয়েছে বলে ইতিমধ্যে যাঁরা ধান কেটেছেন তাঁরা জানিয়েছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে বলে তিনি জানান।