এক যুগ প্রথম আলো তার যাত্রার ১২ বছর পূর্ণ করছে আগামী ৪ নভেম্বর। এক যুগ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে নানা অনুষ্ঠান ও আয়োজনের বিভিন্ন উদ্যোগ। প্রথম আলোর বিভিন্ন দিক ও বিষয় নিয়ে ১২টি ধারাবাহিক নিবন্ধের দশমটি ছাপা হলো আজ
নতুন ধারা সৃষ্টি
‘কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, লাল কষ্ট নীল কষ্ট...।’আমাদের মতো দেশে সংবাদপত্রকে কষ্টের ক্রোড়পত্র বলা যায়। দুর্নীতির কষ্ট, দুর্বৃত্তায়নের কষ্ট, নষ্ট রাজনীতির কষ্ট, দখলের ধকল, দূষণের ছোবল—সবকিছু এ জাতিকে দিনে দিনে হীনবল করে ফেলছে। এসব নিয়ে লিখতে লিখতে সাংবাদিকেরা অনেক সময় ক্লান্ত। একঘেয়ে হয়ে উঠছে সংবাদপত্রও। কিন্তু সংবাদপত্রের মূলমন্ত্র হলো প্রতিদিন নতুন খবর, নতুন রূপ-চেহারায় পাঠকের কাছে হাজির হওয়া। নিত্যদিনের পরিমিত নতুনত্বও দীর্ঘ সময়ে পুরোনোর সোঁদা গন্ধ ছড়ায়। সময় আসে নতুন আকর্ষণ তৈরির। নতুন ধারা সৃষ্টির। প্রথা ভাঙার।কিন্তু ‘একটা নতুন কিছু করো, একটা নতুন কিছু করো...’ নাটকের এই সংলাপের বাস্তব প্রয়োগ কঠিন। সংবাদপত্রের ক্ষেত্রে আরও কঠিন। কারণ, সংবাদপত্রের পাঠক অত্যন্ত সংবেদনশীল। তাঁরা স্থিতিশীলতার পূজারি, অভ্যস্ততার অনুরাগী। প্রতিদিন সকালে শোবারঘরে ঢুকে পড়া অভ্যস্ত আগন্তুকের হঠাৎ পরিবর্তন তাঁদের মানসজগতে আলোড়ন তোলে। সেই আলোড়নের আঘাত প্রচারসংখ্যা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই নতুন সৃষ্টির ক্ষেত্রে প্রতিটি পা ফেলতে হয় হিসাব কষে। তবু ‘বদলে যাও বদলে দাও’-এর ডাকে তো আগে নিজেকেই সাড়া দিতে হয়। প্রথম আলো তা করছে অবিরত। ভাবনায়, উপস্থাপনায়, প্রকাশে-প্রকরণে নিয়ত বদলাতে বদলাতে ১২ বছরে এসে আজকের রূপ পেয়েছে প্রথম আলো। পাঠককে আরও পরিশীলিত, আধুনিক, মননশীল এবং বাড়তি ও নতুন কিছু দেওয়ার তাড়নাই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রথম আলোকে। বাংলাদেশের তথা বাংলা ভাষার সাংবাদিকতায় এমনই একটি অনন্য সংযোজন দৈনিক পত্রিকার মোড়ক বা কভার। ২০০৮ সালের ১৮ মে প্রথম আলোর সেতু সংখ্যার মাধ্যমে এই মোড়ক ইতিহাসের জন্ম। সাধারণ পাঠক থেকে শুরু করে সাংবাদিকতার পণ্ডিত—সবাইকে আয়োজনে-বিশেষত্বে চমকে দিয়েছিল সেদিনের বিশেষ প্রথম আলো। আমাদের সাংবাদিকতায় নতুন এই সংযোজন আকর্ষণ করেছে প্রতিযোগী পত্রিকাগুলোকেও। প্রথম সারির জাতীয় পত্রিকাগুলো এখন গুরুত্বপূর্ণ ও বিশেষ ইস্যুতে মোড়ক করে থাকে। একটি ইস্যুকে চারটি পাতাজুড়ে ছবি-গ্রাফ-মানচিত্র দিয়ে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয় পাঠকের সামনে। সে মোড়কের নিচেই থাকে দিনের মূল পত্রিকা। যে পাঠক সারা জীবন বিজ্ঞাপনের জন্য খবর কম ছাপা হয় বলে অনুযোগ করেন, তাঁর জন্য পত্রিকার পক্ষে এটা এক বিশেষ পদক্ষেপও বলা যায়। এ পর্যন্ত মোট পাঁচটি মোড়ক প্রকাশ করেছে প্রথম আলো। ‘২১ আগস্ট হামলা: জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত’ শিরোনামে ২০০৮ সালের ২১ আগস্ট প্রকাশ করা হয় বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে জঘন্য হামলার বিচার নিয়ে প্রথম আলোর অনুসন্ধান। চারদলীয় জোট সরকারের সময়ে সংঘটিত এই হামলার ঘটনায় দায়ের করা মামলা ভিন্ন খাতে নিতে তখনকার প্রশাসনের তৎপরতা, সেই সূত্রে উঠে আসা আগের বিভিন্ন জঙ্গি হামলার তথ্য চাপা দেওয়া, যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (টিএফআই) জঙ্গি নেতা মুফতি হান্নানের দেওয়া জবানবন্দি গোপন করা ও আমলে না নেওয়া, নোয়াখালীর সেনবাগের যুবক জজ মিয়াকে দিয়ে হামলায় অংশগ্রহণের মিথ্যা জবানবন্দি আদায়, তাঁর পরিবারকে সিআইডির মাসোহারা দেওয়ার মতো তথ্য স্থান পায় ওই আয়োজনে। ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিয়ে প্রকাশ করা হয় আরেকটি মোড়ক। শিরোনাম ছিল চাঁদাবাজি ও সন্ত্রাসের চক্রে ছাত্ররাজনীতি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠন, বিশেষ করে ছাত্রলীগের হামলা, অন্তর্দ্বন্দ্ব, হল দখলের ঘটনায় কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, সর্বোপরি হঠাৎ অস্থির ও নিয়ন্ত্রণহীন হয়ে ওঠা ছাত্ররাজনীতি ছিল ওই সংখ্যার মূল প্রতিপাদ্য। ‘বঙ্গবন্ধু হত্যা: দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত রায় আজ’ শিরোনামে একই বছরের ১৯ নভেম্বর বের করা হয় আরেকটি মোড়ক—বিশেষ প্রথম আলো। সেদিন পত্রিকার ওপর থেকে নিচ পর্যন্ত দীর্ঘ বঙ্গবন্ধুর লাইফসাইজ যে ছবিটি ছাপা হয়েছিল, তা পাঠকদের আবেগে উদ্বেলিত করেছিল। একজন বঙ্গবন্ধুভক্ত যেমনটি প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘পত্রিকা হাতে নিয়ে মনে হলো বঙ্গবন্ধু আমার সামনে এসে দাঁড়িয়েছেন।’ স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান এবং তাঁকে সপরিবারে হত্যার বিচার জাতির কাছে ছিল বহু আকাঙ্ক্ষিত। তাই হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণার দিনে ওই বিশেষ আয়োজন করে প্রথম আলো। রাজধানী হিসেবে ঢাকার ৪০০ বছর নিয়ে গত ৩১ জুলাই প্রকাশ করা মোড়কের প্রধান খবরের শিরোনাম ছিল ‘ঢাকা আজ থেকে বাংলা সুবার রাজধানী’। তাতে চিত্রে-চরিত্রে, এমনকি ভাষিক উপভোগের ক্ষেত্রেও প্রচেষ্টা ছিল পাঠককে ৪০০ বছর আগে ফিরিয়ে নেওয়ার। আর সেই আয়োজন করতে গিয়ে ৪০০ বছর আগে ফিরে গেছে প্রথম আলোও। যেমন—‘শুকরিয়া আদায় করেছেন শাহানশাহ্ জাহাঙ্গীর’ শিরোনামের খবরে লেখা হয়েছে, ‘গতকাল ফতেহ্পুর সিক্রিতে শাহানশাহ্র দরবার-ই-খাসে প্রথম আলোর প্রতিনিধির কাছে তিনি এসব খোশখবর পেশ করেন।’ পড়লে মনে হবে, সত্যিই যেন মোগল আমলেও প্রথম আলো প্রকাশিত হতো। ক্রোড়পত্রের রচনাগুলো কাল্পনিক হলেও লেখা হয়েছিল ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে। ভাবনার ওই অভিনবত্ব প্রথম আলোর বড় সম্পদ।পুরোনোই নতুনের আঁতুড়ঘর। যাত্রা শুরুর গল্প দিয়েই শেষ করতে হয় লেখাটি। ২০০৩ সালে প্রথম বিপুলসংখ্যক হেতুহীন সেতু প্রথম আলোর নজরে আসতে থাকে। প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র ‘আলোকিত উত্তর’-এ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সড়কহীন সেতু নিয়ে প্রথম মূল প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর দেশের বিভিন্ন অঞ্চলের এমন আরও সেতুর খবর মূল পত্রিকার প্রথম ও শেষ পাতায় স্থান পায়। কিন্তু সেতু-সংবাদ আসা আর যেন থামে না। পুরো পত্রিকায় বিভিন্ন পাতায় কদিন পরপরই ছাপা হতে থাকল ‘অহেতুক সেতু’র সচিত্র খবর। এক বছর পর আবার এ সম্পর্কে খোঁজখবর করতে তাগাদা দেওয়া হলো প্রতিনিধিদের। কোনো অগ্র্রগতি থাকলে তা পাঠককে জানাতে তো হবে! ২০০৪ সালের ১৬ এপ্রিল আবার প্রথম আলোয় মূল প্রতিবেদন হয় সড়কহীন সেতু। সড়ক আর হয় না। প্রশাসনেরও কোনো নড়নচড়ন নেই। অব্যবহূত ওই সব সেতুর ইস্যুকে কীভাবে নতুন করে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা যায়, তা নিয়ে ভাবনা শুরু হলো। প্রাথমিকভাবে সারা দেশ থেকে সংবাদ ও ছবি আনা শুরু হলো। প্রতিদিন কোনো না কোনো ছবি আসছে আর ছবি দেখে আমরা বিস্মিত হচ্ছি। এগুলো ধারাবাহিক বা সিরিজ প্রতিবেদন আকারে প্রকাশ না করে একসঙ্গে যত বেশি সম্ভব পাঠকের সামনে তুলে ধরার চিন্তা শুরু হলো। প্রাথমিক আলোচনায় চার পাতার বিশেষ ক্রোড়পত্র করার সিদ্ধান্ত হয়। সঙ্গে ঢাকা থেকে একটি সমন্বিত-সার্বিক প্রতিবেদন করে তা প্রথম পাতায় আকর্ষণীয় ছবিসহ ছাপা হবে। প্রথা ভেঙে তখনকার সহসম্পাদক শরিফুল হাসানকে (বর্তমানে জ্যেষ্ঠ প্রতিবেদক) মূল প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। সাধারণত কোনো প্রতিবেদককে দিয়ে এ ধরনের প্রতিবেদন করানো হয়। যা হোক, প্রাথমিক তথ্য চমকে দিল—পৌনে তিন হাজার সেতু-কালভার্টের সঙ্গে প্রয়োজনীয় রাস্তা নেই। পরিকল্পনামতো একটি আট কলাম ছবি দিয়ে মূল পত্রিকার প্রথম পাতার প্রায় অর্ধেকটা এবং বাকি সব বাছাই করা প্রতিবেদন দিয়ে চার পাতার বিশেষ ক্রোড়পত্রের পৃষ্ঠাসজ্জা (মেকআপ) তৈরি হলো। প্রথা ভাঙা যখন শুরু হয়েছে, আরেকটু ভাঙি। প্রচলিতভাবে ‘ক্রোড়পত্র’ না লিখে প্রথম আলোর নেমপ্লেট ব্যবহার করা হলো চার পাতায়। পাল্টে গেল পাতার চেহারা। আরেকটি প্রথম আলোর মতো দেখাচ্ছিল। সব চূড়ান্ত করে সম্পাদক মতিউর রহমানের সামনে উপস্থাপন করা হলো। ‘পৌনে তিন হাজার সেতু কোনো কাজে আসছে না’ শিরোনামের এই তথ্যে তিনি অনেকটা যেন আঁতকে উঠলেন। বললেন, ‘তথ্য ঠিক আছে?’ তাঁকে আশ্বস্ত করা হলো। ক্রোড়পত্রের মতো না করে প্রথম আলোর নেমপ্লেট ব্যবহার করার পক্ষে যুক্তি তুলে ধরা হলো। তিনি মনোযোগ দিয়ে দেখলেন। তারপর বললেন, ‘এই চার পাতা ওপরে দিলে কেমন হয়, মূল পত্রিকার ওপরে?’ কভার? বললেন, ‘হয় কি না? খোঁজখবর করে দেখো, বিদেশি পত্রিকাগুলোয় হয় কি না, জানার চেষ্টা করো।’খোঁজার চেষ্টা আর হলো না। কারও করা না-করায় কী আসে যায়! তা সাংবাদিকতার গবেষকেরা তালাশ করুন। সাড়ে চার পাতার মেকআপ ভেঙে চার পাতায় নিয়ে আসা হলো। সব প্রতিবেদন আবার সম্পাদনা করে আধা পাতার মতো ছেঁটে ফেলা হলো। ঘষামাজার পর আবার পাতা তৈরি। এর মধ্যে একদিন এনজিওতে কর্মরত এক বন্ধুর টেলিফোন এল। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘কুমিল্লার তিতাস উপজেলার একটি গ্রামে আজব জিনিস দেখলাম। দুটি সেতু অনেকটা মুখোমুখি করে তৈরি করা আছে। একটির সঙ্গেও রাস্তা নেই। লোকজন বলে “যমজ সেতু”।’ কুমিল্লা প্রতিনিধিকে পাঠানো হলো। দুই দিন পর ছবি এল। সঙ্গে আরও একটি ছবি—পাশের মেঘনা উপজেলার এক গ্রামে বাড়ির উঠানে সেতু করে রাখা হয়েছে। সেই সেতুতে মরিচ শুকানো হচ্ছে। নতুন ছবিগুলো সমন্বয় করতে গিয়ে আবার পৃষ্ঠাসজ্জা বদল হলো। শেষমেশ একটি দিন ঠিক করা হলো সেতুসংখ্যা ছাপানোর জন্য। সম্পাদকের পরামর্শ, ‘মলাট বিষয়টি তো পাঠকের কাছে নতুন। একটি বিজ্ঞাপন বানাও। কী দিচ্ছ, সেটা তো সকালে পাঠককে বুঝতে হবে।’বিজ্ঞাপনটির বক্তব্য ছিল এমন: একই দিনে দুটি প্রথম পাতা! আগামীকাল রোববার একসঙ্গে দুটি প্রথম পাতা নিয়ে বের হচ্ছে প্রথম আলো। মূল প্রথম আলোর মলাট হিসেবে থাকছে চার পাতার বিশেষ আয়োজন। মলাট ওল্টালেই দিনের তরতাজা কাগজ। বিশেষ আয়োজনের বিষয়—সেতু। আসলে সেতুর মাধ্যমে অপচয় আর দুর্নীতির সেতুবন্ধের কাহিনি। অবাস্তব নীতিমালা আর জনপ্রতিনিধিদের স্বেচ্ছাচারিতার কাহিনি। জনদুর্ভোগ আর নদী ও পরিবেশ ধ্বংসের বিবরণ। বিজ্ঞাপনটি তৈরির পর্যায়ে বিজ্ঞাপন বিভাগের প্রধানের নজরে এল। বিস্ময় নিয়ে তিনি বললেন, ‘তাহলে আমার প্রথম পাতার বিজ্ঞাপন কোথায় যাবে?’ —মূল পত্রিকা যেভাবে আছে সেভাবে থাকবে। —কিন্তু বিজ্ঞাপনদাতা তো সকালে প্রথম পাতায় তাঁর দেওয়া বিজ্ঞাপন না দেখে তেড়ে আসবেন।বিরাট সমস্যা! তবে সমাধান হলো। বিজ্ঞাপনদাতাকে মানানো হলো। ঠিক সেই রাতেই ভোলা থেকে একটি প্রতিবেদন এল। বিএনপি-জামায়াতের দেড় শ নেতা-কর্মীর বাড়ির সামনে একটি করে সেতু! লোভ সামলানো গেল না। ছবিসহ খবরটিকে প্রথম পাতায় স্থান করে দিতে আবার পৃষ্ঠাসজ্জা পরিবর্তন করতে হলো। ১৭ মে ছাপাখানায় গেল পত্রিকা। সঙ্গে গেলাম। পত্রিকা ছাপা হয়ে বের হচ্ছে আর উপস্থিত সবাই সবিস্ময়ে তা দেখছে। ‘আরে, এই কারবার তো আমাদের এলাকায়ও হইছে,’ ‘আমাদের বাড়ির পাশেও এমপির লোকেরা একটা বানাইয়া ফালাইয়া গেছে’—এমন প্রতিক্রিয়া আসতে লাগল। রাত পোহালে সারা দেশে কেমন সাড়া পড়বে তা টের পাওয়া গেল।‘যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না।’ আগে সংবাদপত্রের পাঠকের চিঠিপত্র কলামে সেতু চাই, ডাকঘর চাই, বিদ্যালয় চাই—এমন আবেদন ছাপা হতো। এখন ছাপা হয় দুর্নীতি রোধ করুন, সুশাসন চাই, স্বেচ্ছাচারিতা বন্ধ হোক, শিশুপার্ক চাই, শিশুবান্ধব পরিবেশ চাই—এমন আবেদন। মাত্র ১০-১২ বছরে মানুষের চাহিদার এই বদল ভেবে দেখার মতো বিষয়। এখন আর সেতুর জন্য সংবাদপত্রে আবেদন ছাপতে হয় না। বাংলাদেশ এখন যেন উদ্বৃত্ত সেতুর দেশ। সেতু-কালভার্ট এখন গ্রামে গ্রামে অপরিকল্পিত উন্নয়নের স্মারক, দুর্নীতির ভৌত প্রমাণ। তাই সেতু চেয়ে যখন ‘দুর্নীতির প্রদর্শনী’ পাওয়া গেছে, তখন স্বাভাবিকভাবে দুর্নীতি রোধ করার চিঠিই আসবে গণমাধ্যমে।নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বাইরে কী ঘটছে, তা জানার আকাঙ্ক্ষা মানুষের সহজাত। সারা দেশের এই সেতুর খবর প্রথম আলোর পাঠকদের সেই আকাঙ্ক্ষা শতভাগ পূরণ করবে। একই সঙ্গে পুরো সমস্যার চিত্র নীতিনির্ধারকদের বিবেকের রশিতেও ‘হেঁইয়ো’ টান দিতে পারে। পত্রিকা হাতে নিয়ে দারুণ প্রশান্তি অনুভূত হলো। ১২ বছর আগে ১৯৯৮ সালের ৩ নভেম্বর রাতে সংবাদকক্ষের কাজ শেষ করে ছাপাখানায় গিয়েছিলাম আমরা অনেকেই। সেদিন ছিল উৎকণ্ঠা আর আশার মিশেল অনুভূতি। পরদিন ৪ নভেম্বর সকালে নতুন যে পত্রিকা পাঠকের হাতে যাবে, যার জন্য এত প্রাণপণ যুদ্ধ, তা পাঠক উষ্ণভাবে গ্রহণ করবে তো! পেছনে ১২ বছর। পুরোটাই ছিল সাধনার। সামনে অসীম সময়। পুরোটাই হোক নবসৃষ্টির।