নতুন ধারাবাহিকে শশী
অভিনেত্রী শারমীন জোহা শশী ‘ভিলা পাবনা’ নামের নতুন একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন। ৫২ পর্বের এ ধারাবাহিকটি পরিচালনা করছেন অম্লান বিশ্বাস। এ প্রসঙ্গে শশী বলেন, ‘খুব সিরিয়াস না হলেও এটি কিন্তু মজার একটি নাটক। শুটিং করে বেশ ভালো লেগেছে। এখানে আমার বাবার চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত।’শশী আরও বলেন, ভিলা পাবনা নাটকের কাহিনিটি পাবনা অঞ্চলের লোকদের নিয়ে আবর্তিত হয়েছে। নাটকে দেখা যাবে বাড়িওয়ালা পাবনার লোক ছাড়া অন্য কাউকে ভাড়া দেন না। এসব নিয়ে নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগোতে থাকে।শশী এও বলেন, ‘এক বছর পর আবারও একসঙ্গে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি; ভালোই লাগছে। শিডিউল মিলিয়ে সুশৃঙ্খলভাবেই কাজ করে চলছি।’ এ ছাড়া বর্তমানে শশী অভিনীত আরও বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এগুলো হলো ‘সাত কন্যা’, ‘বৈরী বাতাস’, ‘টাট্টু ঘোড়া’, ‘সন্তরণ’, ‘চোর কাব্য’ ও ‘সমীকরণ’। শশী অভিনীত সাত কন্যা ধারাবাহিকটি রচনা করেছেন আহমদ জামান চৌধুরী এবং পরিচালনা করছেন সৈয়দ জামিম। বৈরী বাতাস ও টাট্টু ঘোড়া ধারাবাহিক নাটক দুটি পরিচালনা করছেন জুয়েল মাহমুদ। সন্তরণ পরিচালনা করছেন রুলিন রহমান। সমীকরণ পরিচালনা করছেন আলভী আহমেদ এবং চোর কাব্য পরিচালনা করছেন শিমুল সরকার।