নতুন ধারার আন্দোলন ‘অকুপাই ওয়ালস্ট্রিট’
সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে আন্দোলন নতুন কিছু নয়। তবে যুক্তরাষ্ট্রে এ মাধ্যমে শুরু হয়েছে নতুন ধারার এক আন্দোলন—‘অকুপাই ওয়ালস্ট্রিট’ বা ‘ওয়ালস্ট্রিট দখল করো’। যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল ওয়ালস্ট্রিটের ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠান ধনীদের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ দল নিরপেক্ষ আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে।গত শনিবার ওয়ালস্ট্রিটে বিক্ষোভরত অবস্থায় সাত শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এর পরপরই এ আন্দোলন পায় ভিন্নমাত্রা। আটককৃতদের রাতেই ছেড়ে দেওয়ার পর তারা আবার ফিরে আসে ওয়ালস্ট্রিটে। ওয়ালস্ট্রিট-সংলগ্ন জুকটি পার্ক এখন আন্দোলনকারীদের মিলনক্ষেত্র। পার্কটি এ মুহূর্তে দারুণ উত্সবমুখরও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা এখানে তাঁবু খাটিয়ে অবস্থান করছে। কড়া পুলিশ উপস্থিতি থাকলেও জুকটি পার্কে বসেই আন্দোলনকারীরা ব্যস্ত বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে। ল্যাপটপ, আইপ্যাড—যার যা আছে, তাই নিয়ে বসে আন্দোলনকারীরা ব্যস্ত যে যার মতো। একই সঙ্গে চলেছে নিয়মতান্ত্রিক আন্দোলনও। কখনো পালা করে, কখনো একাকী ওয়ালস্ট্রিটে মিছিল করছে আন্দোলনকারীরা। হাতে তাদের পোস্টার। দাবি-দাওয়া বিশেষ কিছু নয়। প্রতিটি পোস্টারেই রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ ও সামাজিক বৈষম্য অবসানের প্রত্যাশা। মিছিল করার ফাঁকে-ফোকরেই চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইট—ফেসবুক, টুইটারে আপডেট। এই জুকটি পার্কেই খোলা হয়েছে মিডিয়াকেন্দ্র। আন্দোলনকারীদের জন্য রয়েছে চিকিত্সার সুবিধা। একই সঙ্গে চলছে সংগীত, আবৃত্তির মাধ্যমে এ আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা।গতকাল রোববার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন অনেক পেশাজীবীই। এঁদের মধ্যে নিউজার্সি থেকে আসা একদল শিক্ষকও রয়েছেন। তাঁদেরই একজন কেভিন ম্যাকডনেল জানালেন, প্রথাগত রাজনৈতিক প্রতিবাদ বেশ পুরোনো হয়ে গেছে। বিশ্ব জুড়ে পরিবর্তনের জন্য নতুন ধারার আন্দোলনের তাড়না এখন সর্বত্র। গত টানা তিন দিন থেকে বিক্ষোভ কেন্দ্রে অবস্থান করছেন স্টিভ লিমানিয়ন। সম্প্রতি কর্মহীন হওয়া এ প্রযুক্তিবিদ বললেন, ‘যেভাবে চলছে আর এভাবে চলতে দেওয়া যায় না। আমরা বৈষম্যের অবসান চাই, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।’নিউইয়র্কের মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় নগরেও স্বতঃস্ফূর্ত জনতার বিক্ষোভ সমাবেশ ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার শিকাগো নগরের ‘শিকাগো দখল করো’ স্লোগান দিয়ে বিশাল শোভাযাত্রা করেছে আন্দোলনকারীরা। লস অ্যাঞ্জেলসে জড়ো হওয়া বিক্ষোভকারীরা তাদের ওয়েবসাইটে লিখেছে ‘বিপ্লব শুরু হয়েছে—বিষয়টি এখন আর কেবল সংবাদই নয়’। বোস্টন নগরে জড়ো হওয়া আন্দোলনকারীদের সঙ্গে ৩০টিরও বেশি সামাজিক সংগঠন যুক্ত হয়েছে। এতে রয়েছে শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলোও। বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়েছে, ‘লোভীদের লালসা বন্ধ করো, সুষম অর্থনীতি চালু করো, ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করো।’যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হওয়া নতুন ধারার এ আন্দোলনকে মধ্যপ্রাচ্যের আন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। মধ্য সেপ্টেম্বরে এ আন্দোলনের সূচনা হলেও স্থানীয় গণমাধ্যমও বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। মাত্র দুই সপ্তাহ গড়ানোর পর আন্দোলনে জনসম্পৃক্তি ক্রমশই বাড়ছে। যুক্তরাষ্ট্রে চলমান সময়ের ক্ষোভ হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে এ আন্দোলনকে। জুকটি পার্কে জড়ো হওয়া আন্দোলনকারীরা বলছে, তাদের ক্ষোভ কোনো দল বা সরকারের বিরুদ্ধে নয়—চলমান ব্যবস্থার বিরুদ্ধে।