নির্বাচনের আগে নতুন নতুন ‘ফর্মুলা’ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতন্ত্র সুসংহত হবে না।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ হবে রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে তাদের ধর্ম পালনের স্বাধীনতা অর্জন করবে। যেটা আমাদের নবী করিম (সা.) তাঁর মদিনা সনদ ও বিদায় হজে বলে গেছেন, ঠিক সেভাবেই এ দেশ চলবে।’গতকাল শনিবার গণভবনে দলের পাবনা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপস্থাপনের এক দিন পর প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন।শেখ হাসিনা বলেন, ‘অনেকে নির্বাচন কীভাবে হবে, তার ফর্মুলা দিচ্ছেন। হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছেন। ওটা চলে গেছে। আমরা সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্র সুসংহত করেছি। সংসদীয় গণতন্ত্র যেখানে আছে, সেখানে নির্বাচন কীভাবে হয়? এ ক্ষেত্রে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। আমাদের লক্ষ্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, যাতে কেউ জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে না পারে।’বিরোধী দলের আন্দোলনকে ধ্বংসাত্মক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি মনে করেন, কয়েকটা লাশ ফেললে আর্মি এসে উনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে এত মানুষের প্রাণ নেওয়ার পরিকল্পনা কেন? ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের আগে নিরাপত্তা ছাড়াই বিরোধীদলীয় নেত্রী তাঁর সেনানিবাসের বাসা থেকে বেরিয়ে যান। উনি যেটা ঘটাতে চেয়েছিলেন, আমরা সেটা ঠেকিয়েছি। তবে, আমরা অনেক মেধাবী অফিসারদের হারিয়েছি।’২০০১ সালে বিএনপি দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘সেবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের বাসায় বৈঠক হয়। আমার সঙ্গে ছিলেন জিল্লুর রহমান সাহেব। আর খালেদা জিয়ার সঙ্গে ছিলেন মান্নান ভূঁইয়া সাহেব। আমেরিকার পক্ষে ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। আমি চলে এলাম। উনি থেকে গেলেন। মুচলেকা দিয়ে আসলেন।’মানুষের বাড়ি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। হরতাল দিয়ে মানুষ মারার অধিকার কে দিয়েছে?’ তিনি আরও বলেন, ‘মানুষেরও তো সহ্যের সীমা আছে? যুদ্ধাপরাধীদের রক্ষায় আপনারা মানুষ হত্যা করবেন, আর আমরা বসে থাকব? এখন যদি বিরোধীদলীয় নেতাদের বাড়ি-গাড়িতে আগুন দেওয়া হয়, তাহলে কোথায় যাবেন?’ ফটিকছড়িতে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা ঘোষণা দিয়ে হরতালবিরোধী মিছিলে হামলার সমালোচনা করেন তিনি।শেখ হাসিনা বলেন, হেফাজতে ইসলাম মহাসমাবেশ শেষে ঢাকায় অবস্থান না করায় খালেদা জিয়া খুশি হতে পারেননি। হেফাজতকে পানি-খাবার সরবরাহ করে সহযোগিতা করেছেন তিনি। হেফাজত কেন ঢাকায় অবস্থান করে তাঁকে ক্ষমতায় বসাল না। নাখোশ হয়ে তিনি দলীয় নেতাদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছেন।হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, হেফাজতের যেসব দাবি মেনে নেওয়ার মতো, তা মানা হবে। তবে ধর্মের নামে ধর্মের অপব্যবহার সহ্য করা হবে না। কোনো ধর্মকে হেয় করা বা নবী করিম (সা.) সম্পর্কে কোনো ধরনের কটূক্তি বরদাশত করা হবে না।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।