নতুন নাগরিক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে যাত্রীবাহী বাসের সংকট নতুন নাগরিক সংকট তৈরি করেছে। কয়েক দিন ধরে রাজধানীজুড়ে নাগরিকদের গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে শুধু অসহনীয় ভোগান্তিই হচ্ছে না, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকজনের কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শহরে যাত্রী পরিবহনের বিদ্যমান বিকল্প ব্যবস্থায় শৃঙ্খলা না থাকায় পরিস্থিতি এমন অসহনীয় হয়ে উঠছে। সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব নিয়ম মেনে চললে অবস্থা এতটা দুর্বিষহ হতো না। পুরোনো বাসের বিরুদ্ধে অভিযানের সঙ্গে মিলিয়ে এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলছেন, এর আগেও পুরোনো বাসের বিরুদ্ধে এমন অভিযান চালানো হয়েছিল। যানজট, দুর্ঘটনা, পরিবেশদূষণ, গণপরিবহনে শৃঙ্খলা আনার কথা বলে এই অভিযান চালানো হয়। কিন্তু পরিকল্পনাহীনতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি-শৈথিল্যের কারণে তা সফল হয়নি। তবে শেষ পর্যন্ত নাগরিক দুর্ভোগের দোহাই দিয়ে অভিযান থেকে সরে আসা হয়েছে। আর বাসমালিকেরা দাবি করে আসছেন, টাকা হাতানো, হয়রানি, ট্রাফিক পুলিশের মাসোহারা বাড়ানো ছাড়া এই অভিযানে আর কোনো কাজ হয় না।সরকার ৯৫০টি নতুন বাস আমদানির উদ্যোগ নিলেও আগামী ছয় মাসের মধ্যে সেগুলো রাস্তায় নামার কোনো সম্ভাবনা নেই। এই তথ্যও চলমান অভিযানের সমন্বয়হীনতা ও পরিকল্পনায় ঘাটতির আরেকটি উদাহরণ।ঢাকায় যাত্রী পরিবহন: ঢাকায় রিকশার পর বাসেই সবচেয়ে বেশি লোক যাতায়াত করে। জাপানি সংস্থা জাইকার ঢাকা নগর পরিবহন নেটওয়ার্ক উন্নয়ন সমীক্ষায় (ডিএইচইউটিএস) বলা হয়েছে, রাজধানীর মানুষ তাদের যাতায়াতের ৩২ শতাংশই করে বাসে।গত মার্চ মাসে প্রকাশ করা জাইকার সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ঢাকার জনসংখ্যা প্রায় দেড় কোটি। প্রতিদিন বিভিন্ন পরিবহনে ট্রিপ (এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত) হয় প্রায় দুই কোটি ৩০ লাখ। এর মধ্যে রিকশায় হয় ৮৪ লাখের ওপরে। বাসে যাতায়াত হয় ৭৫ লাখ। পায়ে হেঁটে ৪০ লাখ। সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত হয় ১৫ লাখ। প্রাইভেট গাড়িতে ১২ লাখ। আর হিউম্যান হলার, টমটম, ঠেলাগাড়িসহ অন্যান্য বাহনে পাঁচ লাখ ট্রিপ হয়।বিআরটিএর হিসাব: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, রাজধানী ও এর আশপাশে প্রায় ছয় হাজার বাস-মিনিবাস চলাচলের অনুমোদন (রুট পারমিট) আছে। ২০ বছরের পুরোনো বাস-মিনিবাসের সংখ্যা তিন হাজার ৮১১টি। সবগুলো পুরোনো বাস-মিনিবাস তুলে দেওয়া হলে রাজধানীতে চলাচলের উপযোগী বাস থাকে দুই হাজারের কিছু বেশি।সম্প্রতি বিআরটিএ ফিটনেস সনদবিহীন ৮০ হাজারের বেশি যানবাহনের যে তালিকা করেছে, তাতে বাস-মিনিবাসও আছে। সেগুলোও ভ্রাম্যমাণ আদালত চলায় এখন রাস্তায় নামছে না।এর বাইরে দূরপাল্লার রুটের অনুমোদন নেওয়া কিছু বাসও ঢাকায় চলাচল করে। অভিযান শুরু হওয়ায় এখন সেগুলোরও চলাচল প্রায় বন্ধ। গত সোমবার ভ্রাম্যমাণ আদালত নটর ডেম কলেজের সামনে থেকে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচলের অনুমোদন নিয়ে ঢাকায় চলাচল করে এমন কয়েকটি বাসকে জরিমানা করেছেন।কত বাস বন্ধ: গতকাল মঙ্গলবার গুলিস্তান-মিরপুর পথে চলাচলকারী ইটিসি পরিবহনের এক মালিক জানান, তাঁদের কোম্পানির প্রায় ৪০০ মিনিবাস চলাচল করত। ১৫ জুলাই অভিযান শুরু হওয়ার পর ১৫০টি মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে।যাত্রাবাড়ী-মিরপুরের পথে চলাচলকারী সিটিং সার্ভিসের এক চালক জানান, তাঁদের ৫০টি বাসের মধ্যে সাতটি বন্ধ রাখা হয়েছে।সরেজমিন যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া এলাকায় বিভিন্ন পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে এসব পুরোনো বাস ফেলে রাখতে দেখা গেছে। ওই পথে চলতে রাস্তার পাশেও অসংখ্য বাস ফেলে রাখা হয়েছে। মিরপুরের পল্লবী, গাবতলী বাসস্ট্যান্ডেও অনেক পুরোনো বাস পড়ে আছে বলে চালক-শ্রমিকেরা জানান।গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রেসক্লাবের সামনে মিরপুরগামী একটি বাস এসে থামলেই ৫০-৬০ জন যাত্রী ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে। গুলিস্তান থেকেই যাত্রী ভরে আসায় ধস্তাধস্তি করে অল্প কয়েকজন উঠতে পেরেছে।বাসের জন্য অপেক্ষায় থাকা রহিমা বেগম বলেন, ‘২০ মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারিনি। থামার পরই হেল্পার বলা শুরু করে ‘মহিলা সিট’ নাই। ধাক্কাধাক্কি করে ওঠারও সুযোগ নাই।’ আফরোজা খানম বলেন, অফিস ছুটি হলে বাসে ওঠা দায়। কয়েক দিন ধরে সমস্যা আরও প্রকট হয়েছে।বাসমালিকদের সংগঠন এবিসির সভাপতি খোন্দকার রফিকুল হোসেন বলেন, অভিযান শুরুর পর ২০ শতাংশ বাস ভয়ে রাস্তায় নামছে না। পুরোনো বাসের পাশাপাশি রং ওঠা, গ্লাস ভাঙা বাসও চলাচল বন্ধ রেখেছে।বিকল্প উদ্যোগ: বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাস আমদানির প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প যেসব যাত্রীবাহী যান রয়েছে, সেগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে ভোগান্তি কিছুটা কমবে। এ ক্ষেত্রে সিএনজি অটোরিকশা ও ট্যাক্সিক্যাবকে যেকোনো গন্তেব্যে মিটারে যেতে বাধ্য করতে হবে। বর্তমান সরকার আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি। বর্তমানে রাজধানীতে ১২ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। কিন্তু সেগুলোর মিটার কারসাজি করা এবং মিটার অনুযায়ী চলে না। যাত্রীদের দ্বিগুণ-তিনগুণ বেশি ভাড়ায় চুক্তিতে যেতে বাধ্য করা হয়।ট্যাক্সিক্যাব ১২ হাজারের মধ্যে মাত্র আড়াই হাজার চলছে। সেগুলোও মিটার অনুযায়ী চলছে না। এই দুটি যানের চালকই যাত্রীদের চাহিদা অনুযায়ী গন্তব্যে যান না।শাহবাগ এলাকায় আবদুল্লাহপুর যেতে ইচ্ছুক মোবারক হোসেন জানান, তিনি আধঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। সিএনজি অটোরিকশাচালকদেরও রাজি করাতে পারছেন না।আর রিকশাও অনেকটা গলিপথে আটকে গেছে। এ অবস্থায় যেসব রুটে যাত্রীচাহিদা বেশি, সেগুলোতে বিআরটিসির বাস বা এর ট্রিপসংখ্যা বাড়ানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান বলেন, ট্যাক্সিক্যাব সার্ভিস ভালো করার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ট্যাক্সিক্যাব ভালো হলে সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কমবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক প্রথম আলোকে বলেন, রাজধানীতে চলাচলকারী অধিকাংশ বাস পুরোনো। রয়েছে ব্যাপক যানজট। এতে বাসের পরিবহনক্ষমতা কমে গেছে। সরকার বিশেষ অভিযান চালালে বাস কমে গিয়ে সমস্যা আরও প্রকট করে। সরকারের উচিত হবে পুরোনো বাস তুলে দেওয়ার কার্যক্রম বছরজুড়ে চালানো। পাশাপাশি শূন্যস্থান পূরণের ব্যবস্থা করে সব যানবাহনের মধ্যে বাসকে গুরুত্ব দিতে হবে। পরিবহনব্যবস্থার মধ্যে সমন্বয় আনতে হবে।শামসুল হক বলেন, এখন যে বাস চার ট্রিপ দিচ্ছে, বাসের জন্য বিশেষ লেন করে দিলে সেটি আট ট্রিপ দিতে পারবে। এত যাত্রী পরিবহন বাড়বে।যোগাযোগসচিব বলেন, পুরোনো যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি উদ্যোগে নতুন বাস নামানো হবে। ছয় মাসের মধ্যে অন্তত ৫০০ বাস বিআরটিসির মাধ্যমে চলে আসবে। একই সঙ্গে বেসরকারি বাসমালিকদেরও পুরোনো বাস ঢাকার বাইরে পাঠিয়ে নতুন বাস নামানোর জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।