নতুন নামে পুরোনো নিয়মে চালু হয়েছে খুলনার খালিশপুর জুট মিলস। আগের নাম পিপলস জুট মিলস বদলে গেলেও ব্যবস্থাপনা, মেশিন আর শ্রমিক নিয়োগের ধরন আগের মতোই আছে।সরকারি অন্য পাটকলগুলোর মতো নিয়মিত শ্রমিক নিয়োগ এখনো শুরু হয়নি। এ নিয়ে অসন্তোষ আর হতাশা রয়ে গেছে। পুরোনো না নতুন শ্রমিক নিয়োগ হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেভাবেই হোক, মিলটি চালু হওয়ায় অনেক শ্রমিকই খুশি। গতকাল সোমবার খালিশপুর জুট মিলসে সরেজমিনে এই চিত্র দেখা গেছে। উদ্বোধনের পর বাস্তব অবস্থা দেখতে সোমবার সকালে মিল গেটে পৌঁছে অনেক নারী-পুরুষকে ভেতরে আসা-যাওয়া করতে দেখা গেল। একটু এগিয়ে ২ নম্বর মিলের ক্যানটিনের পাশে বেশ কয়েকজনের জটলা দেখে এগিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, পুরোনো কয়েকজনের কাজে যোগ দেওয়ার সমস্যা হচ্ছে। পাশাপাশি নারীসহ নতুন কয়েকজন যোগ দিতে চেষ্টা করছেন। এ নিয়েই কয়েকজন শ্রমিকনেতা সমাধানের চেষ্টা করছিলেন। শ্রমিকনেতা মজিদ বকুল জানান, মূলত দৈনিক মজুরির ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এক ও দুই নম্বর ছাউনি (শেড) যন্ত্রপাতির অভাবে এখনো চালু করা হয়নি। সোনালি করমর্দনের মাধ্যমে ২০০৭ সালের ১ আগস্ট পিপলস জুট মিলটি বন্ধ করা হয়েছিল। ২০০৮ সালের ৭ জুলাই তৎকালীন সরকার কাজী ফার্মস লিমিটেডকে এটি ইজারা দেয়। ২০০৯ সালের ২০ জুলাই কাজী ফার্মস মিলটি ফেরত দেওয়ায় তা আবারও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণে আসে।পাটকলটি চালু করতে ৬৮ কোটি টাকা চাওয়া হলেও এ পর্যন্ত ১০ থেকে ১২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে মিল কর্তৃপক্ষ। এই তহবিল দিয়ে অনিয়মিত শ্রমিক নিয়োগ দিয়ে মিলটি চালু করা হয়েছে। কর্মরত শ্রমিকেরা মিলটি পূর্ণ সরকারি নিয়মে চালানোর দাবি জানিয়ে বলেছেন, পুরোনো ও নতুন শ্রমিক কারা নিয়োগ পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে অদক্ষ শ্রমিকেরা ১৩০ টাকা ও দক্ষ শ্রমিকেরা দিনে ১৬৫ টাকা মজুরি পাচ্ছেন। মিলটির শ্রমিকনেতা শেখ আবদুর রহমান বলেন, সব শ্রমিক-কর্মচারীর ১৪ থেকে ৩৬ সপ্তাহের বেতন বাকি রেখে ২০০৭ সালে এটি বন্ধ করা হয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকার শ্রমিকদের কিছু টাকা পরিশোধ করলেও এখনো ১৪ লাখ টাকার মজুরি বকেয়া আছে। ২০০৭ সালে কাজ হারানো তিন হাজারের বেশি স্থায়ী শ্রমিকের মধ্যে ইতিমধ্যে দুই হাজারের বেশি কাজে যোগ দিয়েছেন। নতুন যোগ দিয়েছেন প্রায় দেড় হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক নারীশ্রমিক। আবদুর রহমান বলেন, উদ্বোধনের পর আমাদের অন্যান্য সরকারি মিলের মতো সুবিধা দেওয়া উচিত।খালিশপুর জুট মিলের প্রকল্প-প্রধান প্রকৌশলী মোল্লা আলমগীর বলেন, সরকারের কাছে ৬৫ কোটি টাকা চাওয়ার পর ১০-১২ কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়েই মিলটি চালু করা হয়েছে।