নতুন নামে পুরোনো বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশপাশের ভবনগুলোর সঙ্গে কোনো মিলই নেই লালচে রঙের দোতলা বাড়িটির। সামনে বিশাল প্রাঙ্গণ সবুজ ঘাসে ঢাকা। ঢাকা শহরে ঘরবাড়ির যে ঘিঞ্জি অবস্থা, তাতে করে এই প্রাঙ্গণকে অনায়াসে মাঠও বলা যেতে পারে। বহু বছর বয়সী গোটা কতক শিরীষগাছ ডালপালা মেলে সে প্রাঙ্গণকে ছায়াময় করে রেখেছে। দেবদারুসহ আরও কিছু গাছের সারিও রয়েছে উঁচু সীমানাপ্রাচীরের ধার দিয়ে। আছে মৌসুমি ফুলের বাগান।সামনে ব্যতিব্যস্ত রাজপথ। সেখান থেকে অবশ্য প্রাচীরের ওপাশের এই সৌন্দর্য চোখে পড়ে না। তবে সবুজ গাছপালার মাঝখানে ক্রমশ সরু হয়ে ওঠা ফানেল আকৃতির চূড়াবিশিষ্ট বাড়িটি সহজেই দৃষ্টি কাড়ে। বাড়িটি তোপখানা রোডে, কদম ফোয়ারার মোড়ের দক্ষিণ কোণে। ফটকের পাশের ফলকে নাম লেখা ‘চামেলী হাউস’।ব্রিটিশ আমলের ঢাকার স্থাপনাগুলোর মধ্যে এই বাড়ির স্থাপত্যশৈলী বড়ই নান্দনিক। পূর্ব-পশ্চিমে লম্বা। পূর্ব পাশের বৃত্তাকার কক্ষের ওপরে তীক্ষ চূড়াবিশিষ্ট ছাদ বাড়িটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। অপর অংশের ছাদের ওপর দোচালা আকৃতির টালি ও টিনের ছাউনি। জানালার কার্নিশগুলো অর্ধবৃত্তাকার ছাউনিতে ঘেরা। ভবনটি ঢাকায় ইউরোপীয় স্থাপত্যরীতির চমৎকার নিদর্শন।বাড়িটির নাম নিয়েই একটু সমস্যা রয়েছে। আদিতে এর নাম ছিল ‘চামেরী হাউস’। মুনতাসীর মামুন তাঁর ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে লিখেছেন, ইংরেজি ‘চাম’ শব্দটি থেকে চামেরী নামকরণ করা হয়েছিল।’ ইংরেজ আমলে অবিবাহিত ইংরেজ সিভিলিয়ানরা কয়েকজন মিলে যে ভবনে থাকতেন, তাকে বলা হতো চামেরী। বাংলাপিডিয়ায়ও ‘চামেরী ভবন’ বলেই বাড়িটিকে উল্লেখ করা হয়েছে। পরে হয়তো কোনো এক সময়ে চামেলী ফুলের কথা ভেবেই পুরোনো বাড়িটির নাম বদলে ফেলা হয়েছে। চামেরী ভবন স্থাপিত হয়েছিল ১৯২০ সালে। সময়ের গতিপ্রবাহে দ্বিতল ভবনটি ব্যবহূত হয়েছে নানাভাবে। অবিবাহিত ইংরেজ সিভিলিয়ানদের এই আবাসিক ভবন একসময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের অংশ। মুনতাসীর মামুন উল্লেখ করেছেন, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই মুসলিম ছাত্রদের আবাসনের জন্য সলিমুল্লাহ হলও প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পূর্ব দিকের অংশে। পরে ছাত্রসংখ্যা বেড়ে যাওয়ায় সলিমুল্লাহ হল ১৯২৫ সালে রমনা ভবন (বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়) এবং পরে বর্ধমান হাউসে (বাংলা একাডেমী) সম্প্রসারিত করা হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় ১৯২৬ সালের দিকে চামেরী ভবনে ছাত্রাবাসটি সম্প্রসারিত হয়। ১৯৩১ সালে এস এম হলের বর্তমান ভবনটি নির্মিত হলে চামেরী হাউস থেকে ছাত্রাবাস সরিয়ে নেওয়া হয়। বাংলাপিডিয়ায় বলা হয়েছে, পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পর বেশ কিছুদিন চামেরী ভবন ব্যবহূত হয় সরকারি কর্মকমিশনের সদর দপ্তর হিসেবে।এখন চামেলী ভবন রয়েছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে। ১৯৮৫ সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচির (সিরডাপ) কার্যালয়। সেই থেকে অনেকেই এটিকে সিরডাপ ভবন বলেও চেনেন। পুরোনো ভবনটিতে আছে মোট ১৩টি কক্ষ—নিচের তলায় সাতটি এবং ওপরের তলায় ছয়টি। এখানে সিরডাপের কার্যালয়। পেছনে দক্ষিণ অংশে পরে নির্মাণ করা হয়েছে নতুন মিলনায়তন এবং পূর্ব পাশে ক্যাফেটেরিয়া। পশ্চিমেও চলছে আলাদা করে সম্প্রসারণের কাজ। তবে আদি দ্বিতল ভবনটিকে সংরক্ষণ করা হয়েছে এর মূল স্থাপত্য অনুসারেই। ফটক পেরিয়ে ভেতরে এলে মনে হয় চারপাশের কোলাহল যেন থমকে আছে ফটকের বাইরে। নিরিবিলি মনোরম পরিবেশ। ঢাকার হারানো দিনের গৌরবের রেশ মিশে আছে সবুজ চত্বর, পুরোনো গছাপালা আর নির্বাক ওই স্থাপত্যে।