নতুন নারী নীতিতে বড় পরিবর্তন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয় নারী উন্নয়ন নীতিমালায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। উত্তরাধিকার ও সম্পত্তির বিষয়ে শুধু ভাষাগত হেরফের হয়েছে মাত্র। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে উত্তরাধিকারের বিষয়ে যা ছিল, এ নীতিমালায় তা-ই রয়েছে।প্রথম আলোর সঙ্গে আলাপকালে নারীনেত্রীরা বলেন, নীতিমালার কোথাও উত্তরাধিকার সম্পদে নারী-পুরুষের সমবণ্টন বা সম-অধিকারের কথা বলা হয়নি। ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার সম্পদ ও উত্তরাধিকার শব্দ দুটি বাদ দিয়েছিল, এখন তা যুক্ত করা হয়েছে মাত্র।অথচ সম্পদে নারীকে সমানাধিকার দিয়ে সরকার নারী উন্নয়ন নীতিমালা অনুমোদন করেছে এমন অভিযোগে ৪ এপ্রিল হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট।এ প্রসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী উন্নয়ন নীতি, ২০১১ মুসলিম উত্তরাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। এর কোথাও উত্তরাধিকার সম্পদে সমান অধিকারের কথা উল্লেখ নেই। এ নিয়ে হরতাল ডাকা সম্পূর্ণ অযৌক্তিক।গত সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নারী উন্নয়ন নীতি, ২০১১-এর খসড়া অনুমোদন করা হয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১৯৯৭ সালের নারী নীতিতে ফিরে যাওয়ার ওয়াদা করা হয়েছিল। জানতে চাইলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘নারী আন্দোলনের একজন কর্মী হিসেবে নারী উন্নয়ন নীতি নিয়ে যেমন প্রত্যাশা ছিল, তা হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি তাতে মনে হচ্ছে, এ নীতিকে শুভঙ্করের ফাঁকিই বলা যায়। নারীর সমান অধিকারের যে আন্দোলন আমরা করে আসছিলাম, তার প্রতিফলন হয়নি।’ তিনি বলেন, ‘গত বছর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যে বৈঠক করেছিলাম, তাতে উত্তরাধিকার সম্পত্তির অংশ সমবণ্টনের দাবি জানিয়েছিলাম। কিন্তু নতুন নীতিতে তার প্রতিফলন নেই। সরকারের উচিত এ নীতি আরও স্পষ্ট করা।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীও বলেন, ‘নতুন নীতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না।’মুসলিম পারিবারিক আইনে কী আছে: ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, সন্তান থাকলে স্ত্রী তাঁর স্বামীর সম্পত্তিতে দুই আনা অংশীদার হবেন। সন্তান না থাকলে স্ত্রীর অংশ দ্বিগুণ বা চার আনা হয়। একাধিক স্ত্রী থাকলে দুই বা চার আনা সমভাবে তাঁরা ভাগ করে নেন। একই আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে ছেলের অর্ধেক পায় মেয়ে। অর্থাৎ দুই মেয়ের সমান সম্পত্তি পাবে এক ছেলে। নতুন নীতিমালার সঙ্গে এ আইনের সংগতি রয়েছে।১৯৯৭ সালে নতুন নীতি: ’৯৭ সালে আওয়ামী লীগ সরকারের প্রণীত নারী উন্নয়ন নীতিতে উল্লেখ রয়েছে, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জরুরি বিষয়াদি যথা স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, জীবনব্যাপী শিক্ষা, কারিগরি শিক্ষা, তথ্য, উপার্জনের সুযোগ, উত্তরাধিকার, সম্পদ, ঋণ, প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদসমূহ, ভূমির ওপর অধিকার ইত্যাদির ক্ষেত্রে নারীর পূর্ণ ও সমান সুযোগ এবং নিয়ন্ত্রণের অধিকার দেওয়া এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা।’২০০৪-এ পরিবর্তন: ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এসে ‘উত্তরাধিকার’ ও ‘সম্পদ’ এ দুটি শব্দ নীতি থেকে বাদ দেয়। সংশোধিত নীতিতে বলা হয়, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জরুরি বিষয়াদি যথা স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, জীবনব্যাপী শিক্ষা, কারিগরি শিক্ষা, তথ্য, উপার্জনের সুযোগ, ঋণ, প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদ ইত্যাদির ক্ষেত্রে নারীর পূর্ণ ও সমান সুযোগ এবং নিয়ন্ত্রণের অধিকার দেওয়া এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা।’২০০৮-এ আবার পরিবর্তন: ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নীতিমালায় স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং সমান সুযোগের বিষয়টি যুক্ত হয়েছে। নীতিতে উল্লেখ করা হয়, ২০০৪ ও ১৯৯৭ অনুরূপ তবে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জরুরি বিষয়াদি যেমন স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, জীবনব্যাপী শিক্ষা, কারিগরি শিক্ষা, তথ্য, উপার্জনের সুযোগ, ঋণ, প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে নারীর পূর্ণ ও সমান সুযোগ এবং নিয়ন্ত্রণের অধিকার দেওয়া এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা।নতুন জাতীয় নারী নীতি: ২০১১ সালে প্রণীত নীতিমালার ২৫.১ অনুচ্ছেদে (নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন) বলা হয়েছে, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জরুরি বিষয়াদি যথা স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, জীবনব্যাপী শিক্ষা, কারিগরি শিক্ষা, আয়বর্ধক প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিতে নারীকে পূর্ণ ও সমান সুযোগ প্রদান করা।এ ছাড়া অনুচ্ছেদ ২৫.২-এ বলা হয়েছে, উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার প্রদান করা।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে নীতিটি ডিপফ্রিজে চলে গিয়েছিল, তাই বর্তমান সরকার যেভাবেই এ নীতি প্রণয়ন করেছে, তা আমরা গ্রহণ করে পরে তা বাস্তবায়নের সময় পরিবর্তন আনতে চাই।’ তিনি বলেন, ‘আমি নীতির খসড়া পড়েছি, নীতিটি অনুমোদন দেওয়ার সমূহ সম্ভাবনা জেগেছে, তাই এ নিয়ে আর তর্ক-বিতর্কে যেতে চাই না। বাস্তবায়নের সময় চেষ্টা করব আমাদের দাবিগুলো সংযুক্ত করতে।’প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী জানান, নতুন নারী উন্নয়ন নীতিতে নারী ও গণমাধ্যম, প্রতিবন্ধী নারীর জন্য বিশেষ কার্যক্রম, অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য, নারী ও কৃষি, নারী ও প্রযুক্তি, নারীর কর্মসংস্থান প্রভৃতি বিষয় উল্লেখ আছে।