নতুন নিরাপত্তা চুক্তি সই করল ভারত-রাশিয়া
২৯০ কোটি ডলারের নতুন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক দিনের ভারত সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে ৪২ সুখোই সু-৩০ যুদ্ধবিমান এবং ৭১ মিল মি-১৭ হেলিকপ্টার কিনবে ভারত।রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত। তবে পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে কয়েকটি বড় চুক্তি বাস্তবায়ন করতে পারেনি দেশটি। বর্তমানে রাশিয়া ও ভারতের মধ্যে বার্ষিক ১০০০ কোটি ডলারের বাণিজ্য হয়। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ব্যবসায় ধীরগতি দেখা গেছে। ভারত সফর সামনে রেখে পুতিন বলেছিলেন, তিনি ২০১৫ সালের মধ্যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ২০০০ কোটি ডলারে উন্নীত করতে চান।আজ সোমবার ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন পুতিন। আলোচনায় এই দুই নেতা আফগানিস্তানসহ ভারতের আশপাশের দেশগুলোর নিরাপত্তা নিয়ে কথা বলেছেন।এ সময় মনমোহন সিং বলেন, চরমপন্থার বাইরে একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায় ভারত ও রাশিয়া।