বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদকে অকার্যকর উল্লেখ করে নতুন নির্বাচনের দাবি করেছেন। আগামী ২৭ জুন তিনি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। বর্তমান সরকারের আমলে এটাই হবে বিএনপির প্রথম দেশব্যাপী হরতাল কর্মসূচি।রাজধানীর পল্টন ময়দানে গতকাল বুধবার ঢাকা বিভাগীয় মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন গ্যাস, বিদ্যুৎ, পানি, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া দখল, টেন্ডারবাজি, ছাত্রী লাঞ্ছনা, চাকরিচ্যুতি, ভারতের সঙ্গে অসম চুক্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ করেন।বিরোধীদলীয় নেত্রী বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও অযোগ্যদের বিচারক হিসেবে নিয়োগের প্রতিবাদে ৯ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গণ-অবস্থান এবং সাংবাদিক হত্যা, নির্যাতন ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের প্রতিবাদে সব মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বলেন, এই কর্মসূচি সরকারের জন্য সতর্কসংকেত। বিরোধী দলের এই গণতান্ত্রিক কর্মসূচিতে সরকার বাধা দিলে সামনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, স্পিকার ও সরকারদলীয় সাংসদেরা সংসদকে মাছের বাজার ও চিড়িয়াখানা বলে অভিহিত করছেন। তাই তিনি বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক। পারলে আমার বিরুদ্ধে মামলা করেন।’বরিশালে বিভাগীয় মহাসমাবেশে খালেদা জিয়া জানিয়েছিলেন, সরকার পতনের জন্য ঢাকার মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করবেন তিনি। তাই গতকাল সমাবেশে আগত বিএনপির নেতা-কর্মীরাও আগ্রহ নিয়ে বসে ছিলেন কর্মসূচি শোনার জন্য। ঢাকা বিভাগের ১৭ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে পল্টন ময়দানে জড়ো হতে থাকেন।নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসেন। সমাবেশস্থলের বাইরে কয়েকটি স্থানে বড় পর্দায় সমাবেশের আনুষ্ঠানিকতা প্রচার করা হয়। এসব স্থানে মানুষ জটলা করে খালেদা জিয়ার বক্তব্য শোনেন। নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির ভিডিওচিত্র দেখানো হয়।খালেদা জিয়া বলেন, বিএনপি কখনো অবৈধ সরকারকে বৈধতা দেয়নি, দেবেও না। বিগত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদের বিচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি ওই সরকারের সময় জেলে ছিলেন। ভেবেছিলাম, আপনার মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু তা হয়নি। ফখরুদ্দীন-মইন সরকারের ভূত এখন আপনার সরকারের ওপর চেপেছে।’খালেদা জিয়া বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার ছাত্রলীগকে গ্রেপ্তার করে না, মেয়েরা নানা জায়গায় লাঞ্ছিত হচ্ছে, সে ব্যাপারে কিছু করছে না। কেননা এই সরকারের সবাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তাই দলের নেতা-কর্মীদের ওপর এদের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, ‘সরকারের এক নম্বর থেকে শেষ নম্বর পর্যন্ত সবাই লুটপাটে ব্যস্ত। কে কাকে নিয়ন্ত্রণ করবে। মন্ত্রীরা সম্পদের হিসাব দেন না। কেননা তাঁরা এখন হিসাব মেলাতে পারেন না।’বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ থেকে ২০০০ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। অথচ বিএনপি ক্ষমতায় থাকতে এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকার বিএনপির প্রকল্প এগিয়ে নিলে বিদ্যুতের এ অবস্থা হতো না।খালেদা জিয়া বলেন, এই সরকারের আমলে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে তাঁদের সবার চাকরি ফিরিয়ে দেওয়া হবে। বিনা দরপত্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেওয়া কার্যাদেশে যেসব সরকারি কর্মকর্তার সই থাকবে, তাঁদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। তিনি বলেন, সরকার দুর্নীতি দমন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে ফেলেছে। এরা শুধু বিরোধী দলের ওপর হুমকি-ধমকি করবে। অন্যায়ভাবে কারও বিরুদ্ধে মামলা দেওয়া হলে দুদকের কমিশনারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির চেয়ারপারসন দাবি করেন, ‘বাংলাদেশে এখন আর জঙ্গি নেই। আমরা জঙ্গি দমন করেছি। এদের (আওয়ামী লীগ) সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে।’শেখ হাসিনার ভিডিওচিত্র: ২০০৮-এর নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রচার করা হয় গতকালের মহাসমাবেশে। এসব ভিডিওচিত্রে দেখানো হয়, শেখ হাসিনা জনসভায় ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর অঙ্গীকার করেছেন। শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মার্কায় ভোট দেব, ১০ টাকায় চাল খাব।’ এ ছাড়া বিনা মূল্যে সার বিতরণ, ঘরে ঘরে চাকরি এবং ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি-সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্যের ভিডিওচিত্র প্রচার করা হয়।