নতুন নিয়মে ‘এ’ ইউনিটের ফল ঘোষণা উত্তীর্ণ ১১৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল স্থগিতের পর জরুরি বৈঠকে নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার ফল ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিটে এক হাজার ১৪৩ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলেই বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ডে ফলাফল টাঙানো হয়েছে।এর আগে সকালে ‘এ’ ইউনিটের ফলাফল বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সব অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেন।বৈঠকে ভর্তি পরীক্ষায় নেগেটিভ নম্বর কাটার (প্রতি চারটি ভুল উত্তরের বিপরীতে এক নম্বর কাটা) ব্যাপারে নতুন সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট বিষয় থেকে নেগেটিভ নম্বর কাটার পরিবর্তে মোট প্রাপ্ত নম্বর থেকে নম্বর কাটার সিদ্ধান্ত হয়।গত শনিবার সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন রাতেই ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু ৬৭৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৪০০ জনের কম শিক্ষার্থী পাস করায় কর্তৃপক্ষ ওই রাতে ফলাফল ঘোষণা করেনি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষায় পূর্ণমান ১০০ এবং পাস নম্বর ৪০ রাখা হয়। তবে মোট ১০০ নম্বরের মধ্যে ৪০ পেলেই কাউকে উত্তীর্ণ বলে ধরা যাবে না বলে ঘোষণা করা হয়। উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে ৪০ পাওয়ার পাশাপাশি বাংলায় ১০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪ এবং ইংরেজিতে ১৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৬ পাওয়া বাধ্যতামূলক করা হয়। বাংলা বা ইংরেজি কিংবা উভয় বিষয়ে কেউ ন্যূনতম নম্বরের কম পেয়ে ৪০ কিংবা এর বেশি পেলেও তাঁকে অনুত্তীর্ণ বলে বিবেচনা করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু গত শনিবার রাতে ফল ঘোষণা করতে গিয়ে দেখা যায়, ‘এ’ ইউনিটে ৬৭৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৪০০ জনের কম শিক্ষার্থী উত্তীর্ণ হন।আইন অনুষদের ডিন জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য মহোদয়ের সঙ্গে আজ (রোববার) সকালে বৈঠক করে আমরা সব জটিলতা দূর করেছি।’সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, মোট প্রাপ্ত নম্বর থেকে নেগেটিভ মার্কিং না করে বিষয়ভিত্তিক নেগেটিভ মার্কিং করায় ‘এ’ ইউনিটে ফলাফল বিপর্যয় ঘটে। গতকাল এ সিদ্ধান্ত পরিবর্তন করে মোট প্রাপ্ত নম্বর থেকে নেগেটিভ নম্বর কাটার সিদ্ধান্ত হয়। এতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়।বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, মোট প্রাপ্ত নম্বর থেকে নেগেটিভ নম্বর কাটার সিদ্ধান্ত হয়েছে। এতে মেধাভিত্তিক ফলাফল তৈরিতে জটিলতা কেটে গেছে।এদিকে ‘এফ’ ইউনিটের (বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট) ফলাফলও ঘোষণা করা হয়েছে। নতুন নিয়মে ৭৪৩ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ৪০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক খালেদ মিসবাহুজ্জামান। এই ইউনিটে আসনসংখ্যা ৭৯।