সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের বিবৃতি
নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ না পড়ানোর অনুরোধ
জ্যেষ্ঠদের উপেক্ষা করে কনিষ্ঠ বিচারপতিদের আপিল বিভাগে নিয়োগ দেওয়ার জন্য প্রধান বিচারপতির সুপারিশ জ্যেষ্ঠ বিচারপতিদের প্রতি তাঁর আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন এবং এর নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা এসব বিচারপতির নিয়োগ বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন এবং শপথ না পড়ানোর জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। বিবৃতিতে দাবি করা হয়, শুধু রাজনৈতিক বিবেচনায় ও সরকারের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এ ধরনের ন্যক্কারজনক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ‘বিতর্কিত’ এবং তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মতো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগসহ অসদাচরণের দায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুটি অভিযোগ বিচারাধীন আছে। এর পরও তাঁকে ‘পদোন্নতি’ দিয়ে পুরস্কৃত করা জাতির জন্য ‘দুর্ভাগ্যজনক’। বিবৃতিতে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে আদালতে ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে মন্তব্য করেছিলেন। সাংসদেরা এই বিচারপতিকে অপসারণের জন্য প্রস্তাব উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে সংসদে স্পিকার তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন। এরপর স্পিকার একটি রুলিং দেন। তাতে এই বিচারপতির অসৌজন্যমূলক বক্তব্য ও অসদাচরণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ভার প্রধান বিচারপতির সুবিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, যিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছিলেন, সেই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির আসনে বসে কী করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে তাঁর নিয়োগপত্রে সই করলেন, তা জাতির কাছে একটি বিস্ময়।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মনে করেন, হাইকোর্ট বিভাগের ৫০ জনেরও বেশি বিচারপতিকে ডিঙিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিককে আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হয়েছে। দেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দেশের বিচার বিভাগের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বিচারপ্রার্থী মানুষের অধিকার রক্ষায় এ ধরনের পদক্ষেপ প্রতিহত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বদ্ধপরিকর বলে বিবৃতিতে বলা হয়।