প্রায় চার বছর ধরে মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আর উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৪ বছর আগে। ফলে দলটির সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। দলীয় নেতা-কর্মীদের অনেকেই এখন দলের চেয়ে ‘সাংসদনির্ভর’ হয়ে পড়েছেন।৫৪ সদস্যবিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০০৭ সালে। এতে বর্তমান সাংসদ আ হ ম মুস্তফা কামালকে আহ্বায়ক এবং সাংসদ মো. মুজিবুল হক ও সফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ২০০৯ সালের শুরুতে আফজল খানকে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়।দলের একটি সূত্র জানায়, গত সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের বর্তমান সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় আফজল খান অসন্তুষ্ট হন। তাঁকে সন্তুষ্ট করতেই যুগ্ম আহ্বায়কের সংখ্যা বাড়ানো হয়।কুমিল্লা শহরের রামঘাট এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়। বেশির ভাগ সময় সেটি বন্ধ থাকে। সন্ধ্যার পর স্থানীয় সাংসদ বাহাউদ্দিনের কিছু কর্মী সেখানে টেলিভিশন দেখে সময় কাটান। তবে শহরে সাংসদ মুজিবুল হকের ব্যক্তিগত কার্যালয় সব সময় সরব থাকে।একটি সূত্র জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুস্তফা কামাল দুবার দলীয় কার্যালয়ে আসেন। দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁর উপস্থিতি হতাশাব্যঞ্জক বলে দলীয় নেতা-কর্মীরা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের একাধিক নেতা-কর্মী প্রথম আলোকে বলেন, জেলা কমিটি বলে কিছু নেই। এটা গুটি কয়েক সাংসদ ও নেতার মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি। এটাকে অবলম্বন করে ‘ব্যক্তির’ রাজনীতি হচ্ছে।বিভিন্ন উপজেলা কমিটি নিয়েও রয়েছে মতবিরোধ। এর মধ্যে বরুড়া উপজেলায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও স্থানীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী গত অক্টোবরে ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তিনি নিজেই ওই কমিটির আহ্বায়ক হন। ফলে বরুড়া আওয়ামী লীগে এখন দুটি কমিটি। পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ আবদুল হাকিম।২০০৯ সালের জানুয়ারিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ মজুমদারকে বহিষ্কার করা হয়। সেখানে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে দলীয় কার্যক্রম চলছে।লাকসাম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি হয় প্রায় নয় বছর আগে ২০০২ সালে। মনোহরগঞ্জ উপজেলায়ও দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি রয়েছে। প্রায় এক দশক ধরে কমিটি হচ্ছে না আদর্শ সদর উপজেলায়ও।জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক বলেন, ‘আহ্বায়ক কমিটির নেতৃত্বে দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কেন্দ্র থেকে নির্দেশ দিলে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হবে।’ আহ্বায়ক মুস্তফা কামালের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘দলকে তৃণমূল থেকে সাজাতে হবে।’উত্তর জেলা আওয়ামী লীগ: ১৯৯৭ সালে উত্তর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বর্তমান সাংসদ মো. আলী আশরাফ সভাপতি এবং জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আলী আশরাফ ২০০০ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আউয়াল সরকার ভারপ্রাপ্ত সভাপতি হন। জাহাঙ্গীর আলম সরকার ১৯৯২ সাল থেকে টানা ১৯ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। ওই পদে থেকে তিনি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেন। প্রতিবারই তিনি হেরেছেন।২০১০ সালের ২২ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয় কুমিল্লা শহরে। ওই সভায় দলের নেতা-কর্মীরা সাংগঠনিক কার্যক্রমের বিরোধিতা করে বক্তব্য দেন।মাঠপর্যায়ের নেতা-কর্মীরা জানান, তৃণমূলের সবাই চায় কমিটি হোক। দীর্ঘদিন কমিটি না হওয়ায় কারও কথা কেউ শুনছে না। এ কারণেই পৌর নির্বাচনে চান্দিনা, দাউদকান্দি ও হোমনায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা হেরেছেন।হোমনা, তিতাস ও মেঘনা উপজেলার তৃণমূলের তিনজন নেতা বলেন, ১৪ বছর আগের কমিটি দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না। দলকে গতিশীল করতে হলে নতুন নেতৃত্ব দরকার।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ বলেন, ‘সম্মেলন করার জন্য কেন্দ্রে অনেকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু ফল হয়নি।’ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘বিভিন্ন দল থেকে আসা নেতা ও মৌসুমি নেতাদের কারণে দল চাঙা করা সম্ভব হচ্ছে না।’