নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা ছেড়ে দেব: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনে জিতলে নতুন নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার অঙ্গীকার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর দেশ পরিচালনার জন্য একটি সঠিক নীতিমালা করে নতুনদের কাছে ক্ষমতা ছেড়ে দেব।’ওই সরকারে তাঁর ভূমিকা সম্পর্কে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমি ও আমার দলে যাঁরা সিনিয়র (জ্যেষ্ঠ) আছি, তাঁরা সরকারকে সহযোগিতা করব। সাহায্য ও বুদ্ধি-পরামর্শ দেব। নতুনেরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে।’ প্রসঙ্গত, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দলীয় নেতারা ‘নতুন প্রজন্ম’ ও ‘তারুণ্যের’ নেতা হিসেবে উল্লেখ করে থাকেন। তবে খালেদা জিয়া তাঁর বক্তব্যে ‘নতুন’ বলতে কার হাতে ক্ষমতা ছাড়বেন তাঁর নাম উল্লেখ করেননি।সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চারদলীয় জোট এই জনসভার আয়োজন করে। খালেদা জিয়া এই জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এর আগে ঢাকা থেকে রোডমার্চ নিয়ে খালেদা জিয়া সোমবার রাতে সিলেটে পৌঁছান।খালেদা জিয়ার জনসভা উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ও তার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকা বিএনপি, জামায়াত ও চার দলের নেতা-কর্মীদের সমাগমে মুখরিত হয়ে ওঠে। বেলা তিনটার কিছু পর খালেদা জিয়া জনসভাস্থলে আসেন। দলীয় আর সরকারবিরোধী স্লোগান শোনা যায় সভাস্থল থেকে অনেক দূর পর্যন্ত। মূল মাঠ পেরিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নেন। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় আশপাশের এলাকা। দলীয় সূত্র জানায়, জনসভামঞ্চ সকাল থেকেই এম ইলিয়াস আলীর পক্ষের নেতা-কর্মীরা ঘিরে রাখেন। সাইফুর অনুসারী কোনো নেতাকে মঞ্চে উঠতে কার্যত বাধা সৃষ্টির উদ্দেশ্যেই জনসভা সঞ্চালনের দায়িত্ব দেওয়া হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদের নেতৃত্বাধীন একটি অংশকে। সমাবেশে চার দলের শরিক বিজেপির সভাপতি আন্দালিব রহমান জোট ক্ষমতায় গেলে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীকে ডান্ডাবেড়ি পরানোর জন্য খালেদা জিয়ার প্রতি দাবি জানান। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ডান্ডাবেড়ি পরানোর প্রতিবাদে তিনি এই দাবি উত্থাপন করেন। তাঁর এই দাবিকে সমর্থন করে বক্তব্য দেন জনসভার সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া), আগামীতে আপনি ক্ষমতায় যাবেন। প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের ডান্ডাবেড়ি পরানো না হলে জনগণের দাবি পূরণ হবে না।’ ইলিয়াস আলী আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাঁদের ডান্ডাবেড়ি পরানোর দাবি জানান। তাঁরা হলেন: সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ ফজলে নূর তাপস ও মির্জা আজম।এ বিষয়ে খালেদা জিয়া তাঁর বক্তব্যে বলেন, ‘যেহেতু এটা জনগণের দাবি, তাই কিছুটা হলেও তো আমাদের করতে হবে।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমি আন্দোলন করতে চাইনি। এ সরকারই আন্দোলন করতে বাধ্য করেছে। অত্যাচারী এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না।’ তিনি এই সরকারের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জাগো, জেগে ওঠো বাংলাদেশের মানুষ। বিজয় আমাদের সুনিশ্চিত।’ তরুণদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমি যদি এই বয়সে পারি, তবে তোমরা কেন নিজেদের ভবিষ্যতের জন্য রাস্তায় নামতে পারবে না।’ খালেদা জিয়া বলেন, ‘এখনো সময় আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নয়তো সে সময়ও পাবেন না।’ তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করে তিনি বলেন, ‘ভোট কারচুপির জন্য বর্তমান চামচা নির্বাচন কমিশন এই পদ্ধতিতে ভোট গ্রহণের কথা বলছে।’বিকেল সোয়া চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেওয়া বক্তৃতায় খালেদা জিয়া এই সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরে বলেন, লুটপাটের কারণে পদ্মা সেতুর জন্য টাকা দিচ্ছে না বিশ্বব্যাংক। এই সরকারের ওপর তাদের আস্থা নেই। তিনি বলেন, এরা বিদেশির দেওয়া টাকা খেয়ে নিজেরা মোটাতাজা হয়েছে। এরা দ্বৈত চরিত্রের। দুর্নীতির প্রমাণ চেয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, ‘আমাদের পেছনে গোয়েন্দা না লাগিয়ে রেখে নিজ দলের লোকদের পেছনে লাগান। তাহলে দুর্নীতির প্রমাণ পেয়ে যাবেন।’খালেদা জিয়া নির্যাতনের পথ থেকে সরে আসতে সরকারকে আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ধর্ষক, লুটপাটকারী, দখলদার, গুপ্তহত্যাকারী, শেয়ারবাজার লুটপাটকারী হিসেবে উল্লেখ করেন। বিএনপির নেত্রী বলেন, যুদ্ধাপরাধীদের শাস্ত্রি দেওয়ার নামে যা করা হচ্ছে, তা করার অধিকার এই সরকারের নেই। কেননা, এটা করতে হলে তাদের নিজ ঘরের মধ্য থেকে করতে হবে। ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের করতে হবে। স্বাধীনতার পর ৪০ হাজার বাংলাদেশির হত্যার বিচার করতে হবে। খালেদা জিয়া বলেন, জামায়াতকে পাশে নিয়ে যখন আওয়ামী লীগ আন্দোলন করেছে, তখন তারা হয়ে গেল স্বাধীনতার পক্ষের শক্তি। আর এখন যখন জামায়াত আওয়ামী লীগের বিরোধিতা করছে, তখন তারা্র হয়ে গেল স্বাধীনতার বিরোধী শক্তি।সমাবেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাঁরা যুদ্ধাপরাধের মামলায় আটক দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতাদের মুক্তির দাবি জানিয়ে ব্যানার ও পোস্টার বহন করেন। জামায়াতের নেতাদের বক্তব্যের সময় তাঁরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ও হামিদুর রহমান আযাদ বক্তব্য দেন। মুজিবুর রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল জনসভায় আসতে চেয়েছিলেন, কিন্তু সরকার তাঁদের বাধা দিয়েছে। জনসভামঞ্চ ঘিরে জামায়াত-শিবিরের বিশেষ পাহারা ছিল। গত সোমবার রাত থেকে ‘স্বেচ্ছাসেবী’ দল গঠন করে মঞ্চ ও আশপাশ এলাকায় জামায়াতের এক হাজার নেতা-কর্মীর বিশেষ পাহারা ছিল। জনসভাস্থলেও জামায়াত ও শিবিরের উল্লেখযোগ্য সমর্থকের উপস্থিতি ছিল। খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী পূজামণ্ডপে গিয়ে বলেছেন, “আমাদের মা গজে চড়ে এসেছে।” তাহলে কি তাঁর মা দুর্গা? তাঁর তো ধর্মেরই ঠিক নেই।’ খালেদা জিয়া হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ ছেড়ে আসুন। দেখবেন ভালো থাকবেন। অন্যথায় কিছুই পাবেন না।’ খালেদা জিয়া বলেন, ভারতকে টিপাইমুখে বাঁধ করতে দেওয়া হবে না। সীমান্তে হত্যা বন্ধ না হওয়ার সমালোচনা করেন তিনি। ভারতের কাছ থেকে ৩৪৯ একর জায়গার বিনিময়ে তাদের এক হাজার ২৫৯ একর জায়গা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। জনগণের সমর্থন ছাড়া চুক্তি হলে তা বাস্তবায়িত হবে না বলেও ঘোষণা দেন তিনি।জাতীয় পার্টির উদ্দেশ্রেখালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে না। তখন কাদের সঙ্গ্রে থাকবেন?’ সমাবেশের কারণে গতকাল সিলেট মহানগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রধান প্রধান সড়কে রোডমার্চের গাড়ি অবস্থান নেওয়ায় এবং শহরের বাইরে থেকে জনসভায় লোক আসার কারণে সারা দিন যানজট লেগে থাকে। জনসভায় চারদলীয় জোটের কেন্দ্রীয় নেতারা ছাড়াও কয়েকটি ছোট দলের নেতারা বক্তব্য দেন। দলের একটি সূত্র জানায়, কর্মসূচি শেষে গতকাল রাত ১২টার দিকে খালেদা জিয়া ঢাকায় ফিরেছেন।