নতুন নয় ব্যাংকের অনুমোদন আজ
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আজ বুধবার নতুন ব্যাংকের অনুমোদন হতে পারে। সরকারের শীর্ষ পর্যায়ের চাপে আজ এই অনুমোদন দেওয়া হবে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।প্রথম ধাপে দেশের বেসরকারি খাতে ছয়টি এবং প্রবাসে বসবাসরতদের তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন দিতে সরকারের দিক থেকে চাপ রয়েছে বলে জানা গেছে। তবে পরের ধাপে দেশের বেসরকারি খাতে আরও তিনটি ব্যাংক আসতে পারে বলে সূত্রগুলো জানায়।প্রথম ধাপে দেশের বেসরকারি খাতে যে ব্যাংকগুলোর অনুমোদন হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইউনিয়ন ব্যাংক। যদিও ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে শহিদুল আলমের। ব্যাংকটির উদ্যোক্তা তালিকায় আছেন গোলাম মসি, যিনি জাতীয় পার্টির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকও ছিলেন।ঢাকা-১২ আসনের সরকারদলীয় সাংসদ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংক এ পর্বে অনুমোদন পেতে পারে। অবশ্য এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে হুমায়ুন কবীরের।সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংকও এ তালিকায় রয়েছে বলে জানা গেছে। মহীউদ্দীন খান ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা এম মনিরুজ্জামান খন্দকারের প্রস্তাবিত ব্যাংক মিডল্যান্ড ব্যাংকও রয়েছে এই তালিকায়। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের নাম আছে এ তালিকায়। ব্যাংকটির প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন এস এম আমজাদ হোসেন। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আব্দুল মান্নান চৌধুরী। তবে জানা গেছে, ব্যাংকটিতে সরকারের শীর্ষ পর্যায়ের একজন নিকটাত্মীয় নেপথ্যে রয়েছেন।এ ছাড়া এই তালিকায় রয়েছে মেঘনা ব্যাংক। ব্যাংকটির প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। আর পরিচালকের তালিকায় আছেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ।এনআরবি ব্যাংক: ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের কাছে এনআরবি ব্যাংকের যে তিনটি আবেদন জমা আছে, সেই তিনটি ব্যাংকেরও লাইসেন্স দেওয়া হতে পারে। যুক্তরাজ্যে প্রবাসীদের মধ্য থেকে মূল উদ্যোক্তা হিসেবে ইকবাল আহমেদ একটি ব্যাংকের আবেদন করেছেন। আর যুক্তরাষ্ট্রে প্রবাসী ফরাসত আলী ও নিজাম চৌধুরী মূল উদ্যোক্তা হিসেবে আরও দুটি ব্যাংকের প্রস্তাব করেছেন।অপেক্ষমাণ তালিকায় আরও ব্যাংক: সূত্রগুলো জানাচ্ছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে নয়টি ব্যাংকের নাম অনানুষ্ঠানিক ঠিক করে দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ছয়টি ব্যাংকের লাইসেন্স আজ বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদিত হতে পারে। অপেক্ষমাণ তালিকার মধ্যে অন্যতম যুবলীগের সভাপতি মির্জা আজমের প্রস্তাবিত ব্যাংক দি পিপলস ব্যাংক। এই ব্যাংকের উল্লেখযোগ্য উদ্যোক্তা হচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী খোকন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দ আরজুমান বানু। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামের প্রস্তাবিত ফেডারেল ব্যাংকও রয়েছে অপেক্ষমাণ তালিকায়। এ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সরকারদলীয় সাংসদ শাহরিয়ার আলম ও সরকারের শীর্ষ পর্যায়ের নিকটাত্মীয় ডা. হাবিবি মিল্লাত। আরও আছে এনামুল হক চৌধুরীর প্রস্তাবিত চার্টার্ড ব্যাংক। এর তালিকায় সদ্য প্রয়াত ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর নাম রয়েছে। এই ব্যাংকটির বিষয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার বিশেষ আগ্রহের কথা জানা যায়।