নতুন পরীক্ষা নয়, ফল পুনর্মূল্যায়নে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অধ্যাপক জাফর ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটিকে যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের কাছে ফলাফল জমা দিতে বলা হয়।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দিয়ে এ আদেশ দেন।‘গ’ ইউনিটের পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর হাইকোর্ট আজ এ আদেশ দেন।প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সবশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।আজকের আদেশে আদালত ভর্তিপ্রক্রিয়ার জন্য নতুন কমিটি গঠন করার কথা বলেন। ওই কমিটি ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।অন্য আরেকটি নির্দেশনায় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।একই সঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জামাল উদ্দিনকে অপসারণ করতে বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে প্রশ্ন নির্বাচনে গাইড বই থেকে প্রশ্ন নিবার্চন না করতে এবং বাইরের কোনো প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।উত্তরপত্র মূল্যায়ন কমিটির অন্য দুই সদস্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদালত এ আদেশ দেন।এর আগে আদালতের আহ্বানে সাড়া দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য দেন।এ ছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন।শুনানিতে অংশ নিয়ে পুনরায় পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেন জাফর ইকবাল।এর আগে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন এবং স্বচ্ছতা বজায় রাখতে পুনরায় পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলি।