নতুন পাঁচটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি কুইক রেন্টাল ও দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। মোট ৩৫০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রগুলো নির্ধারিত সময়ের কয়েক মাস পরও চালু হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী এগুলো বিলম্বের জন্য সরকারকে জরিমানাও দিচ্ছে না।সরকারি সূত্র জানায়, এ পাঁচটির মধ্যে ভাড়াভিত্তিক কেন্দ্র দুটি চালু হবে না বলে ধরে নেওয়া হয়েছে। আর সম্ভাবনা থাকলেও কুইক রেন্টাল তিনটি কেন্দ্র কবে নাগাদ চালু হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। চুক্তিতে নির্ধারিত সময়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যর্থতার জন্য জরিমানার (প্রতিদিন প্রতি মেগাওয়াটের জন্য ৫০০ মার্কিন ডলার) বিধান থাকলেও প্রতিষ্ঠানগুলো তা পরিশোধ করছে না। এগুলো নানা অজুহাত দেখিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে জরিমানা মওকুফের আবেদন করেছে, কোনোটি আদালতের আশ্রয় নিয়ে জরিমানা দেওয়া থেকে বিরত আছে।অথচ সরকার দ্রুত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার জন্য দরপত্র ছাড়াই কুইক রেন্টাল কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। পরে এই ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিধিসম্মত করার জন্য জাতীয় সংসদে আইনও পাস করা হয়। তবে ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই স্থাপন করা হচ্ছে।দুটি চালু হবে না: ভাড়াভিত্তিক যে দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন কিংবা চালু হবে না বলে পিডিবি ধরে নিয়েছে, এর একটি মেঘনাঘাটে হাইপেরিয়ান পাওয়ার জেনারেশন লিমিটেডের ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র। চুক্তি অনুযায়ী, এটি চালুর তারিখ ছিল গত বছরের ২৮ জুন। পরে তা বাড়িয়ে ২৬ ডিসেম্বর এবং এরপর আরও সময় বাড়িয়ে চলতি বছরের জুলাই করা হয়। কিন্তু কোনো অগ্রগতি নেই। কোম্পানিটির একটি সূত্র জানায়, তাঁরা চুক্তি বাতিলের জন্য পিডিবির সঙ্গে আলাপ-আলোচনা করছেন।অপর কেন্দ্রটি হলো বরিশালে মেসার্স বরিশাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ৫০ মেগাওয়াট ক্ষমতার। চুক্তি অনুযায়ী, ১১ মার্চ এটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু এ প্রকল্প এলাকায় তেমন কোনো কাজই হয়নি। এ কারণে পিডিবি তাদের তালিকা থেকে এ কেন্দ্রের নাম বাদ দিয়ে দিয়েছে।অনিশ্চিত তিনটি কুইক রেন্টাল কেন্দ্র: চালুর নির্ধারিত সময় পেরোনোর পর পেছাতে পেছাতে যে তিনটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন অনিশ্চিত হয়ে পড়েছে, সেগুলোর একটি রাজশাহীর কাটাখালীর ৫০ মেগাওয়াট কেন্দ্র। এটি নির্মাণ করছে রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান নর্দার্ন পাওয়ার সলিউশন লিমিটেড। চুক্তি অনুযায়ী, কেন্দ্রটি চালুর কথা ছিল গত ২৩ এপ্রিল। পরে পুনর্নির্ধারিত তারিখ ছিল ২০ জুন। কিন্তু কেন্দ্রটি এখনো চালু হয়নি। পিডিবিকে বিলম্বের জন্য জরিমানাও দেয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনভিজ্ঞ এ কোম্পানি আর্থিক সংকটে রয়েছে। কোম্পানির সূত্র সেপ্টেম্বরে কেন্দ্রটি চালুর আশাবাদ জানালেও তা হবে কি না, তা নিশ্চিত নয়। চুক্তি অনুযায়ী, কেন্দ্রটি থেকে সরকার পাঁচ বছর ধরে বিদ্যুৎ কিনবে।চালুর সময় অনিশ্চিত হয়ে পড়া দ্বিতীয় কুইক রেন্টাল কেন্দ্রটি রাজশাহীর আমনুরায়। ফার্নেস তেলচালিত ৫০ মেগাওয়াটের এই কেন্দ্র স্থাপন করছে সিনহা পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী, ১ এপ্রিল কেন্দ্রটিতে উৎপাদন শুরুর কথা ছিল। পরে সরকার গত ১৫ মে পর্যন্ত সময় বাড়িয়ে দেয়। কেন্দ্রটি এখনো চালু হয়নি। এখান থেকেও পাঁচ বছর ধরে সরকারের বিদ্যুৎ কেনার কথা। চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারিত আছে সাত টাকা ৭৭ পয়সা।অনিশ্চিত অপর কুইক রেন্টাল কেন্দ্র স্থাপিত হচ্ছে চট্টগ্রামের জুলদায়। ফার্নেস তেলচালিত ১০০ মেগাওয়াটের এ কেন্দ্র স্থাপন করছে একর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড। চুক্তি অনুযায়ী, এটি চালুর কথা ছিল ২ এপ্রিল। পরে ৩০ মে পর্যন্ত সময় বাড়ানো হলেও এখনো চালু হয়নি। এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ সাত টাকা ৭৬ পয়সা দরে পাঁচ বছর সরকারের বিদ্যুৎ কেনার কথা।পিডিবি সূত্র জানায়, এই দুটি কেন্দ্রও বিলম্বের জন্য পিডিবিকে জরিমানা দিচ্ছে না।দুটি কেন্দ্র চালু হচ্ছে: চুক্তিতে নির্ধারিত সময়ের পর হলেও একটি ভাড়াভিত্তিক ও একটি কুইক রেন্টাল কেন্দ্র চলতি মাসেই চালু হচ্ছে। এর মধ্যে যশোরের নওয়াপাড়ায় ১০৫ মেগাওয়াটের ভাড়াভিত্তিক কেন্দ্রটি স্থাপন করেছে কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড। জানা গেছে, বিলম্বের জন্য প্রতিষ্ঠানটি পিডিবিকে প্রায় ৬৪ কোটি টাকা জরিমানা দিয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার অনিমেষ কুণ্ডু প্রথম আলোকে জানান, কেন্দ্রটিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে ২০ আগস্ট।কুইক রেন্টাল যে কেন্দ্রটি এ মাসে চালু হচ্ছে, সেটি হলো কেরানীগঞ্জ ১০০ মেগাওয়াট। পাওয়ারপ্যাক মুতিয়ারা পাওয়ার প্লান্ট লিমিটেড ফার্নেস তেলভিত্তিক এ কেন্দ্র স্থাপন করছে। ৩১ মার্চ এটি চালুর কথা ছিল। পরে সময় বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়। যোগাযোগ করা হলে কোম্পানির সূত্র জানায়, এ মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। তবে তাঁরা বিলম্বের জন্য জরিমানা দেননি। কেন্দ্র চালুর পর এ বিষয়টি পিডিবির সঙ্গে মীমাংসা করবেন।দুটির অবস্থা খারাপ: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থাপনের চুক্তি করা ভাড়াভিত্তিক দুটি কেন্দ্রের অবস্থা খুব খারাপ। এগুলো হলো ফেঞ্চুগঞ্জ ৫০ মেগাওয়াট ও বগুড়া ২০ মেগাওয়াট কেন্দ্র। কেন্দ্র দুটি নির্ধারিত সময়ের অনেক পরে চালু হয়। এগুলোতে মোট ২০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।পিডিবির সূত্র জানায়, অনভিজ্ঞ কোম্পানি পুরোনো যন্ত্রপাতি এনে স্থাপন করায় কেন্দ্র দুটির অবস্থা এমন। এগুলোকে পিডিবি এখনো বাণিজ্যিক উৎপাদনের ছাড়পত্র দেয়নি।