বাংলাদেশের পাখির তালিকায় এবার একটি নতুন নাম যোগ হলো, ‘ছোট ধলাকপাল রাজহাঁস’। রাজহাঁসটি হাকালুকি হাওরের নামা-তরুল বিলে গত ২০ ফেব্রুয়ারি পাখি-পর্যবেক্ষকদের চোখে পড়ে। এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও ভারতের অরুণাচল প্রদেশের পাহাড়ি হ্রদে পাখিটি কালেভদ্রে দেখা গেছে। পাখিটির ইংরেজি নাম ‘লেসার হোয়াইট-ফ্রন্টেড গুজ’। বড় ধলাকপাল রাজহাঁস নামে প্রায় একই চেহারার অন্য এক প্রজাতির একটি পাখি ১৯৯৩ সালে একবার আরিচা এলাকায় দেখা গিয়েছিল বলে বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ উল্লেখ করেছে।হাকালুকি হাওরে আইপ্যাক প্রকল্প আয়োজিত জলচর পাখিশুমারির প্রথম দিনে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা রাজহাঁসটি শনাক্ত করেন। নামা-তরুল বিলের পাড়ে একদল খয়রা চখাচখির সঙ্গে পাখিটি চরে বেড়াচ্ছিল। দৈর্ঘ্যে ও ওজনে রাজহাঁসটি আমাদের অতি চেনা চখাচখি হাঁসেরই সমান এবং বড় ধলাকপাল রাজহাঁসের চেয়ে অনেকটা ছোট। মোটা ও খাটো ঠোঁট, প্রশস্ত সাদা কপাল এবং চোখে হলুদ বেষ্টনী দেখে একে চিনতে কারও ভুল হবে না। পুরোপুরি সবজিভোজী এ রাজহাঁস হাকালুকি হাওরের নরম ঘাস, পাতা ও কুঁড়ি খাওয়ার জন্য সারা দিন বিলের পাড়ে হেঁটে বেড়ায়। তবে মানুষের আনাগোনা দেখলে পানিতে নেমে সাঁতার দিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। শত বছর ধরেই অজ্ঞাত কারণে বিশ্বে ছোট ধলাকপাল রাজহাঁসের সংখ্যা কমে যাচ্ছে। তবে এখনো পৃথিবীর বিপন্ন পাখির তালিকায় এর নাম ওঠেনি। শীতে এ পাখি প্রধানত কাস্পিয়ান সাগর, কৃষ্ণসাগর ও পূর্ব চীনের পয়াং হু উপকূলে দল বেঁধে বাস করে। গ্রীষ্মে প্রজননের জন্য এরা দল ভেঙে জোড়ায় জোড়ায় উত্তরে উড়ে যায় এবং ইউরোপ ও এশিয়া মহাদেশে যেখানে তাইগা বনভূমি শেষ হয়ে তুন্দ্রা অঞ্চল শুরু হয়েছে, সেখানে বাসা করে। মাটিতে শেওলা ও গায়ের নরম পালক বিছিয়ে এরা চার থেকে ছয়টি ডিম পাড়ে। চার সপ্তাহ তা দেওয়ার পর ডিম ফোটে এবং ঘন খয়েরি রঙের স্বাবলম্বী ছানা মাটিতে হেঁটে কচি ঘাস খেতে শুরু করে। পাঁচ সপ্তাহ পর ছানা ওড়ার ক্ষমতা অর্জন করে এবং দক্ষিণমুখী পরিযায়নের জন্য প্রস্তুত হয়। বাংলাদেশে মাত্র দুই প্রজাতির রাজহাঁসের নিয়মিত আগমন ঘটে, এদের নাম দাগি রাজহাঁস ও মেটে রাজহাঁস। এ দেশে ছোট ধলাকপাল রাজহাঁসের প্রথম আগমন পাখি-পর্যবেক্ষকদের কাছে তাই অতি চাঞ্চল্যকর এক ঘটনা। হাকালুকি হাওরে কত দিন পাখিটি টিকে থাকতে পারবে, তা একেবারেই অনিশ্চিত। শিকারিদের দেওয়া বিষটোপ খেয়ে এখানে প্রতিবছর হাজার হাজার পাখি মারা যায়। জলচর পাখিশুমারির সময় বেশ কয়েকটি বিলে মৃত পাখি পড়ে থাকতে দেখে পর্যবেক্ষক দল অনুমান করেছে, বিষ দিয়ে পাখি মারা এখানে এখনো অব্যাহত রয়েছে। বিলের মালিক হিসেবে জেলা প্রশাসন ও দেশের বন্য প্রাণীর রক্ষক হিসেবে বন বিভাগ হাকালুকি হাওরে পাখি নিধন প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থাই কি নিতে পারে না!