নতুন পাসপোর্টের আবেদন করতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সোনালী ব্যাংকের অনুমোদিত শাখাগুলোয় গতকাল বৃহস্পতিবার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের জন্য ফি জমা নেওয়া হয়নি। অথচ পাসপোর্ট অধিদপ্তর পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব শাখায় আবেদনকারীদের ফি জমা দেওয়ার অনুরোধ করেছিল।আগারগাঁওয়ের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে (ঢাকা) গত ১ এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) আবেদন ফরম জমা নেওয়া শুরু হয়। গতকাল সোনালী ব্যাংকের আওলাদ হোসেন মার্কেট ও বঙ্গবন্ধু এভিনিউ শাখায় গিয়ে দেখা গেছে, এ পর্যন্ত তারা এমআরপির জন্য আবেদনকারীদের টাকা জমা নেননি। এমআরপির টাকা জমা দিতে গেলে ব্যাংকের কর্মকর্তারা আবেদনকারীকে ফিরিয়ে দিচ্ছেন। তাঁরা পাসপোর্ট কার্যালয়ে থাকা ব্যাংকের বুথে এমআরপির টাকা জমা দিতে বলেছেন। অথচ ঢাকা নগরের সোনালী ব্যাংকের ১৫টি শাখায় এমআরপির টাকা জমা নেওয়ার কথা বলেছিল পাসপোর্ট কার্যালয়।যোগাযোগ করা হলে সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশন) জলিল উদ্দিন দাবি করেন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের (ঢাকা) মৌখিক নির্দেশ পাওয়ায় সোনালী ব্যাংকের শাখাগুলো এমআরপির অর্থ জমা নিচ্ছে না। তাদের শুধু হাতে লেখা পাসপোর্টের (পুরোনো পাসপোর্ট) জন্য এক হাজার টাকা জমা নিতে বলা হয়েছে। এ ছাড়া হাতে লেখা পাসপোর্ট নবায়ন ও তথ্য সংশোধনের জন্য ৩০০ ও ৫০০ টাকা জমা নেওয়ার কথাও বলা হয়।এ বিষয়ে ‘ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বলেন, সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা এমআরপির টাকা জমা নিতে বাধ্য। কিন্তু আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক শ্রেণীর কর্মী এমআরপি চালুতে বাধা সৃষ্টি করতে ব্যাংকের শাখাগুলোকে এমআরপির টাকা জমা নিতে নিষেধ করে থাকতে পারে। তবে সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ের সংশ্লিষ্টদের উচিত ছিল শাখাগুলোকে এমআরপির টাকা জমা নিতে বাধ্য করা।এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক জলিল উদ্দিন জানান, তাঁরা ৪ এপ্রিল ব্যাংকের শাখাগুলোকে চিঠি দিয়েছেন, যাতে তারা এমআরপির জন্য নির্ধারিত টাকা জমা নেয়। এমআরপির আবেদন জমা নেওয়া শুরু হয়েছে ১ এপ্রিল, তবে ৪ এপ্রিল চিঠি দেওয়া হলো কেন, এমন প্রশ্নে জলিল উদ্দিন বলেন, তাঁরা পাসপোর্ট অফিস থেকে এমআরপির জন্য টাকার পরিমাণ বদলের চিঠি ওই দিনই পেয়েছেন।এদিকে এমআরপির টাকা জমা না নেওয়ার কারণ জানতে চাইলে সোনালী ব্যাংকের আওলাদ হোসেন শাখার ব্যবস্থাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম গতকাল জানান, তাঁরা ওই দিন পর্যন্ত কোনো চিঠি পাননি। তবে যোগাযোগ করে জেনেছেন, একটি চিঠি পাঠানো হয়েছে। রোববার (১১ এপ্রিল) থেকে এমআরপির টাকা জমা নেওয়া হবে বলে তিনি জানান।সত্যায়ন করা নিয়ে সংশয়: ধানমন্ডির বাসিন্দা রুবামা ইফফাত অভিযোগ করেন, নতুন ফরমের তৃতীয় পাতার সত্যায়ন অংশটি জাতীয় পরিচয়পত্র না থাকা আবেদনকারীর জন্য বলে বন্ধনীর ভেতর উল্লেখ করা হয়েছে। কিন্তু বিস্তারিত ব্যাখ্যা না থাকায় তিনি পাসপোর্ট কার্যালয়ে ফোন করেও সত্যায়ন করার ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। ওই প্রান্ত থেকে উপদেশ দেওয়া হয়েছে সত্যায়ন করাসহ ও সত্যায়ন করা ছাড়া দুভাবে ফরম পূরণ করে নিয়ে আসতে।এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ জানান, জাতীয় পরিচয়পত্র থাকলে সত্যায়ন করার কোনো দরকার নেই।অনলাইনে পুরোনো ফরম: ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত বাংলাদেশে সরকারের অফিশিয়াল ফরম ওয়েবসাইটে (www.forms.gov.bd) ৮ এপ্রিল পর্যন্ত যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের ফরম দেওয়া হয়নি। এখানে পুরোনো পাসপোর্টের ফরমই পাওয়া যাচ্ছে। ইন্টারনেটে নতুন পাসপোর্টের ফরম পাওয়া যাচ্ছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dip.gov.dp)। কিন্তু এ আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট দিয়ে তাতে হাতে লিখতে হয়। আগের ফরমের মতো তা ইলেকট্রনিক পদ্ধতিতে (কম্পিউটারে টাইপ করে) পূরণ করার সুযোগ নেই।এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বলেন, এমআরপির কার্যক্রম কয়েক দিন হলো শুরু হয়েছে। তাই কাজ শেষ করা যায়নি। কিছুদিনের মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে ফরম পূরণ করার সুযোগ করা হবে। আর বাংলাদেশ সরকারের ফরমের ওয়েবসাইটে এমআরপি ফরমটি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।