নতুন পোপ চান অনাড়ম্বর ও দরিদ্রবান্ধব চার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস চার্চের ভূমিকা সম্পর্কে পরিষ্কার দিকনির্দেশনা দিয়েছেন। আজ শনিবার দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতের সময় তিনি বলেন, ‘চার্চ হবে অনাড়ম্বর এবং এর প্রধান লক্ষ্য থাকবে দরিদ্রদের সাহায্য করা।’রয়টার্স জানায়, সাক্ষাতের সময় পোপ ‘ফ্রান্সিস’ নামটি কেন গ্রহণ করেছেন, তা-ও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিজি ছিলেন শান্তি, কৃচ্ছ্র ও দারিদ্র্যের প্রতীক। ফ্রান্সিস সেই ব্যক্তি, যিনি আমাদের শান্তির অনুপ্রেরণা জুগিয়েছেন, বিশেষ করে দরিদ্রদের।’ এ জন্যই পোপ চান চার্চ হোক আড়ম্বরহীন, কিন্তু কাজ করুক দরিদ্র জনগোষ্ঠীর জন্য। রয়টার্স জানায়, গত বুধবার পোপ নির্বাচিত হওয়ার পর পোপতন্ত্রে পরিবর্তন নিয়ে আসার পরিষ্কার ধারণা দিয়েছেন ফ্রান্সিস। যেদিন তিনি নির্বাচিত হন, সে রাতে পোপের জন্য নির্ধারিত লিমুজিন গাড়ি ব্যবহার না করে অন্য কার্ডিনালদের সঙ্গে একই বাসে ভ্রমণ করেন। এ কার্ডিনালরাই তাঁকে নতুন পোপ নির্বাচিত করেছেন। এর পরদিন চার্চ পরিচালিত হোটেল ত্যাগ করার সময় তিনি হোটেলের বিল দেওয়ার জন্য জোরাজুরি করেন। পোপ নির্বাচনের সময় তিনি এ হোটেলে থেকে চার্চের গোপন সভায় অংশ নিয়েছিলেন।নির্বাচিত হওয়ার পর ইতালিয়ান ভাষায় দেওয়া ভাষণে ফ্রান্সিস বলেন, ‘ক্যাথলিকদের স্মরণ রাখতে হবে, “চার্চের সর্বোচ্চ আসনে আছেন যিশু, পোপ নয়”।’রয়টার্স আরও জানায়, নতুন পোপ এমন সময় দায়িত্ব নিলেন, যখন সারা বিশ্বে চার্চগুলোর বিরুদ্ধে যৌন হয়রানি এবং ভ্যাটিকান প্রশাসনের বিরুদ্ধেও ষড়যন্ত্র ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।পোপ ফ্রান্সিস বলেন, অন্য প্রতিষ্ঠানগুলোর মতো চার্চেরও ‘দোষ-গুণ’ রয়েছে। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ‘সত্য, সদগুণ ও সুন্দরের’ বহিঃপ্রকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।