নতুন পোশাক, দামের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের প্রথম শুক্রবার ছিল গতকাল। তবে আসন্ন ঈদের কেনাকাটার আমেজ গতকাল পাওয়া যায়নি রাজধানীর বিপণিবিতানগুলোতে। ঈদের কেনাকাটা শুরু না হওয়ায় দোকানিদের মধ্যেও দেখা গেছে ঢিলেঢালা ভাব। বিপণিবিতানে যাওয়া অনেককেই নতুন পোশাক আর দামদরের খোঁজ নিতে দেখা গেছে।গাউছিয়া, চাঁদনী চক মার্কেটে স্বাভাবিকভাবে ভিড় দেখা গেছে। তবে বিক্রেতারা জানালেন, সাপ্তাহিক ছুটির দিনে এমন ভিড় হয়। ঈদ সামনে রেখে কেনাকাটা বাড়েনি। রমজান মাসের প্রথম শুক্রবার হওয়ায় তাঁরাও আশায় ছিলেন, বিক্রি ভালো হবে। কিন্তু তা হয়নি।নিউমার্কেট, ধানমন্ডির বিভিন্ন বিপণিবিতান ও দোকানে গিয়ে দোকানিদের কাছ থেকেও পাওয়া গেছে একই রকম মন্তব্য। অনেকেই দোকানির কাছ থেকে জেনে নিয়েছেন, এবার ঈদে নতুন কী পোশাক আসছে, কবে আসছে, দাম হবে কেমন?মোহাম্মদপুরের তাজমহল রোডের নাফিসা ফ্যাশনের একজন বললেন, মাত্র তো রোজা শুরু হলো। আরও কয়েক দিন পর বেচাবিক্রি শুরু হবে।দর্জির দোকানেও ভিড় কম: গাউছিয়ার দর্জির দোকানগুলোতেও গতকাল তেমন ভিড় ছিল না। ঈদের পোশাক বানাতে দেওয়ার ধুম এখনো পড়েনি। তবে যাঁরা কাপড় কিনেছেন, তাঁরা অনেকেই তা দর্জির দোকানে বানাতে দিয়ে গেছেন। দর্জির পরামর্শে কেউ কেউ লেস কিনতে ছুটেছেন লেসের দোকানে।এবার এখনো ভিড় না হওয়া প্রসঙ্গে দর্জি দোকানের মালিক-কর্মচারীরা জানান, বর্তমানে পাড়া-মহল্লায় অনেক দর্জির দোকান হয়েছে। তাই যানজট ঠেলে অনেকেই এখানে আসতে চান না।তবে দর্জির দোকানেও পোশাক তৈরির মজুরি বেড়েছে। একটি দোকানের মাস্টার দেলোয়ার জানান, তিনি আস্তরসহ ব্লাউজ বানাতে নিচ্ছেন ৩৫০ টাকা, থ্রিপিস ২৫০ থেকে ৪৫০ টাকা। এবারের ঈদে ফ্যাশনে তেমন একটা বৈচিত্র্য আসেনি। তবে পোশাকে লেসের চাহিদা বেড়েছে। চায়না সুতি কাপড় বেশি চলছে।চাঁদনী চকে কথা হয় মোহাম্মদপুরের বাসিন্দা কর্মজীবী আয়শার সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের কেনাকাটা করতে হয় বিভিন্ন বিপণিবিতান ঘুরে। কিন্তু ঢাকায় যে যানজট হয়, বিশেষ করে ঈদের আগে বিপণিবিতানের সামনের যানজটের কারণে বের হতেই ভয় পাচ্ছি। আবার না ঘুরেও কিনতে ভালো লাগে না।’চাঁদনী চকের কয়েকজন বিক্রেতাও সায় দিলেন আয়শার কথায়। তাঁরাও জানালেন, তাঁদের নিয়মিত ক্রেতারাও আসার আগে মোবাইলে ফোন করে যানজটের খবর নিচ্ছেন। অবস্থা খারাপ শুনলে বের হচ্ছেন না। চাঁদনী চকের হাফেজ ট্রেডিংয়ের মালিক এইচ এম শামসুদ্দিন বলেন, নগরে বিপণিবিতানের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে যানজটও। জিনিসপত্রের দামও বেশি। তাই ক্রেতার আগমন অন্যবারের চেয়ে কম মনে হচ্ছে।এদিকে ঈদের কেনাকাটা না জমলেও দাম বেশি হাঁকানোর অভিযোগ করেছেন ক্রেতারা। ধানমন্ডির বাসিন্দা লেখা বলেন, ‘বিক্রেতারা অহেতুক দাম বাড়িয়ে চাইছেন।’এ অভিযোগ প্রসঙ্গে গাউছিয়ার কাছের ইসমাইল ম্যানশনে ব্লাউজ, পেটিকোট, শাড়ির ফলস, ম্যাক্সি বিক্রি করা এক দোকানের বিক্রেতা বলেন, ‘ঈদের বাজার, যে ক্রেতার কাছ থেকে যা বাগাতে পারি তাই লাভ।’ এইচ এম শামসুদ্দিন জানান, সুতা ও কাপড়ের দাম বেড়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম রাখা হচ্ছে। এসব বিপণির দোকানিরা জানান, বিদ্যুতের লোডশেডিংয়ে তাঁরা অতিষ্ঠ।ক্রেতা আসবেই: ঈদ উপলক্ষে ক্রেতা আসবে এবং কিছু না কিছু কিনবেই বলে জানালেন ধানমন্ডির ২৭ নম্বরের ট্রেন্ডজের বিক্রয়কর্মী নন্দিনী। একই কথা জানান ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাছে পিরান নামের দোকানের বিক্রয়কর্মী সুমন ও নিব্রো। তাঁদের মতে, ক্রেতাদের একটু দেখার সুযোগ দিতে হবে। তার পরই তাঁরা ঠিক করবেন কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না।গাড়ি পার্কিংয়ে জায়গা নেই: ঈদের বেচাকেনা শুরু না হলেও গতকাল বেলা ১১টায় চাঁদনী চকের গাড়ি পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা খালি ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িতে ভরে যায় ইসমাইল ম্যানশনের গাড়ি পার্কিং। চাঁদনী চকে এক দম্পতি কাপড় পছন্দ করার সময় তাঁদের গাড়ির চালক মোবাইলে ফোন করে জানান, রাস্তায় গাড়ি রাখায় ট্রাফিক পুলিশ তাঁর ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে। কাপড় না কিনেই ওই দম্পতি ছুটলেন ঘটনাস্থলে।গাড়ি পার্কিংয়ে জায়গা না থাকা প্রসঙ্গে ইসমাইল ম্যানশনের দিপু মাস্টার টেইলার্সের মাস্টার দেলোয়ার হোসেন খন্দকার জানান, অন্য মার্কেটে গাড়ি রাখার সুবিধা না থাকায় অনেকে এখানে গাড়ি রেখে ওই সব মার্কেটে যান। এ কারণে এখানে পার্কিং খালি থাকে না।