নতুন প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পদে ইতিহাস বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং ছাত্র উপদেষ্টা পদে ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার নতুন এ নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক টি এম লোকমান হাকিমকে অব্যাহতি দিয়ে এ নতুন নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দুজন দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ ডিসেম্বর তত্কালীন উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন এবং চলতি বছরের ১ জানুয়ারি সহ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে গত বছরের ১৯ ডিসেম্বর এবং চলতি বছরের ১২ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় প্রক্টর ও ছাত্র উপদেষ্টার ইন্ধন রয়েছে অভিযোগ এনে শিক্ষকেরা তাঁদের পদত্যাগ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের কথা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষকদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছি এবং শিক্ষকেরাও তা মেনে নিয়েছেন। কাল সোমবার থেকে শিক্ষকদের ক্লাস-পরীক্ষায় ফেরার আহ্বান জানিয়েছি এবং সার্বিকভাবে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’