নতুন প্রজন্ম এর শেষ দেখতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগাররা হুট করে মানুষকে রাস্তায় নামতে বলেছেন, আর মানুষ নেমে গেছে, বিষয়টা এমন নয়। অনলাইন অ্যাকটিভিস্টরা হঠাৎ করেই এই আন্দোলন করে ফেলেছেন, তা-ও নয়। বাংলাদেশের ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টরা ব্লগ ও ফেসবুকের গণ্ডি পার হয়ে রাজপথে আন্দোলন করছেন বিগত দুই বছর ধরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ে তাঁরা এর আগে সফল আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ইভ টিজিং-বিরোধী গণজাগরণ, জ্বালানি সম্পদের মালিকানা, রামুর ঘটনা কিংবা তৈরি পোশাক কারখানায় শ্রমিকমৃত্যুর মতো ঘটনায়ও তাঁরা আন্দোলন চালিয়ে গেছেন। প্রতিটি ক্ষেত্রেই ব্লগারদের গণতান্ত্রিক কেন্দ্রিকতার ওপর ভর করেই এসব আন্দোলন এগিয়েছে। ব্লগাররা নির্বিবাদে এসব করতে পারেননি। একাধিক ব্লগার বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন। মত প্রকাশের জন্য এই গত মাসেও একজন জনপ্রিয় ব্লগার হামলার শিকার হন, অল্পের জন্য তিনি বেঁচে গেছেন।যুদ্ধাপরাধীদের বিচারের দাবির বিষয়টাও ব্লগে, ফেসবুকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার ফসল। ব্লগ ও ফেসবুকে নানা মতের মানুষ বছরের পর বছর নানা ডিসকোর্স ও কাউন্টার ডিসকোর্সের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক কেন্দ্রিকতা তৈরি হয়েছে। ব্লগারদের এই গণতান্ত্রিক সিদ্ধান্তই এখন সারা দেশের তরুণসমাজের সিদ্ধান্ত হয়ে গেছে। এই আন্দোলনকে যারা একটি বিশেষ দলের আন্দোলন বলে প্রচার করছেন, তাঁরা ভুল করছেন; এই আন্দোলনে যে নানা মতের, নানা শ্রেণী-পেশার আমজনতা শামিল হচ্ছে, এতে তাদের অপমান করা হচ্ছে। একজন ব্লগারের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু তিনি আন্দোলনে কার ও কাদের প্রতিনিধিত্ব করছেন সেটাই মুখ্য। আর এই আন্দোলন জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন; এখানে কার কী রাজনৈতিক পরিচয়, সেটা সামনে এনে স্বতঃস্ফূর্ত জনতাকে অপমান করার অধিকার কারও নেই। এ ধরনের অপচেষ্টা ব্লগাররা অবশ্যই প্রতিহত করবেন।তবে ছিয়ানব্বই সালকে আমাদের ভুলে গেলে চলবে না, যখন মুক্তিযুদ্ধের পক্ষশক্তি বলে পরিচিত বড় দলটি যুদ্ধাপরাধীদের প্রধান দলের সঙ্গে গোপন আঁতাত ও আপস করেছিল। এটাও ভুললে চলবে না যে, এটা ছিয়ানব্বই সাল নয়, বরং এটা ২০১৩ সাল। কাদের মোল্লার যে রায় হয়েছে, তার দায়ভার কে নেবে? কার দুর্বলতায়, কোন দুর্বলতায় এমন রায় হলো, তা আমাদের জানা দরকার। এই প্রশ্ন আপাতত আমরা সরকারের উদ্দেশ্যেই করব, আর কাউকে করার উপায় নেই। আমরা যে আজকে রাজপথে নেমেছি, তা স্রেফ জামায়াত-শিবিরের বিরুদ্ধেই নামিনি, বরং যুদ্ধাপরাধীদের নিয়ে সব ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও খামখেয়ালির বিরুদ্ধেই নেমেছি।আমরা ইতিপূর্বে দেখেছি, ভোটের রাজনীতির স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে পেলে-পুষে বড় করেছে। এই কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে তরুণ প্রজন্মের ঘাড়ে। এই বোঝা আমরা ছুড়ে ফেলতে রাজপথে নেমেছি। যাঁরা এই বোঝা আমাদের ঘাড়ে চাপিয়েছেন, আমি তাদের প্রত্যেকের কাছে দাবি জানাই, তরুণ প্রজন্মের কাছে নিজেদের ভুল স্বীকার করে নিন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে নির্বাচনী রাজনীতির বলি বানাবেন না, বা একে ঝুলিয়ে রাখবেন না। এটা ছিয়ানব্বই সাল নয়, এটা ২০১৩ সাল। তরুণেরা গণতান্ত্রিক কায়দায় কী করতে পারে, সেটা আপনারা দেখেছেন। আর কোনো ভুল করবেন না, করলে আমরা আপনাদের ক্ষমা করব না।আমরা চাই, সব রাজনৈতিক দল ও জোট এখন থেকে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বয়কট করুক। আমাদের পরের প্রজন্মের সামনে কোনো প্রশ্নের মুখোমুখি হতে চাই না। এবার, এখনই আমরা এর শেষ দেখতে চাই।পারভেজ আলম: লেখক ও ব্লগার। সমন্বয়ক, জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন অ্যাকটিভিস্ট।