নতুন প্রজন্মই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ আমরা অনেকেই অনেক কথা বলি। কিন্তু ১৯৭১ সালে আমাদের মূল স্বপ্ন ছিল একটাই। তা হলো, যেভাবেই হোক দেশকে শত্রুমুক্ত করতে হবে। পাকিস্তানি সেনারা আমাদের দেশে অত্যাচার-নির্যাতন করছে, গণহত্যা চালাচ্ছে। এদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশকে শত্রুমুক্ত করে নিজেরাই দেশটার দায়িত্ব নেব। আমাদের দেশ আমরা চালনা করব। আমাদের ভাগ্য আমরাই নির্ধারণ করব। এই ছিল আমাদের তখনকার মূল প্রত্যয়। পাকিস্তানিদের দীর্ঘ শোষণ-বঞ্চনার মধ্য দিয়ে আমরা অনুধাবন করেছিলাম আমাদের দেশের বেশির ভাগ মানুষ তখন দারিদ্র্যসীমার নিচে ছিল। গণতন্ত্রের পরিবেশ ছিল না। সত্যিকার গণতন্ত্র না থাকলে একটি দেশের পক্ষে অগ্রগতি অর্জন করা কঠিন। তাই দেশকে শত্রুমুক্ত করার পাশাপাশি আমরা চেয়েছিলাম অর্থনৈতিক মুক্তি, যাতে দেশের গরিব মানুষ অর্থনৈতিক মুক্তি পায়? দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসতে পারে। দারিদ্র্যের অভিশাপ যেন তাদের জীবন ধ্বংস না করে। মুক্তিযুদ্ধের সময় এর বেশি আর অন্য কোনো চিন্তা আমাদের ছিল না। আমরা চাচ্ছিলাম দেশ দ্রুত শত্রুমুক্ত হোক। কারণ, মুক্তিযুদ্ধের সময় দ্রুততার সঙ্গে সবকিছু ঘটেছে। তখন আমরা যাঁরা যুদ্ধ করছি, তাঁদের বেশির ভাগ পরিবার ছিল দেশে। তাঁদের কাছ থেকে আমরা নানা খবর পাচ্ছি। গণহত্যার খবর পাচ্ছি। একদিকে যুদ্ধ, অন্যদিকে আমাদের পরিবারের কী খোঁজখবর, পারিবারিক নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা—এর বাইরে অন্য কিছু নিয়ে চিন্তার অবকাশ ছিল না। আর একটি কথা, পাকিস্তানিদের অপশাসন কিন্তু আমাদের মন-মানসিকতাকে আগেই তৈরি করেছে। রাজনৈতিকভাবে আমরা সচেতন হয়েছি। এই সচেতনতাই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে এসেছে। আমরা কিন্তু জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছি। আমরা যাঁরা সেনাবাহিনীতে ছিলাম এবং নিয়মিত যে বাহিনী, তারা তথাকথিত সেনাবাহিনী ছিল না। জনগণের সেনাবাহিনী ছিল। জনগণ ও সেনাবাহিনী মিলেই মুক্তিযোদ্ধা। আমরা নিয়মিত বাহিনীর যাঁরা, সবাই মুক্তিযোদ্ধা।স্বাধীনতার ৪০ বছর পর এসে দেখি আমাদের অর্জন অবশ্যই আছে। অর্জনগুলো মূলত হয়েছে অবকাঠামো খাতে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। দেশের বিপুলসংখ্যক লোক বিদেশে। তাঁরা বিদেশে চাকরি করছেন। তাঁরা টাকা পাঠাচ্ছেন দেশে, এই টাকা দিয়ে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে। বাংলাদেশ স্বাধীন না হলে এটা হতো না। তবে কতগুলো জায়গায় হতাশাও আছে। নারীরা অনেক এগিয়েছেন। তার পরও তাঁরা পিছিয়ে আছেন। তাঁদের অগ্রগতি যথেষ্ট নয়। ১৯৭১ সালে আমরা গোটা জাতি ঐক্যবদ্ধ ছিলাম। স্বাধীনতার পর কোনো না কোনো কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। আগে আমাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তানিরা। আর এখন যেহেতু বিশেষ শত্রু নেই, তাই আমরা নিজেদের মধ্যে শত্রু তৈরি করছি। পরস্পর প্রতিপক্ষ হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছি। এটা আমাদের জাতিকে অনেক পিছিয়ে দিচ্ছে। আমরা চেয়েছিলাম ধর্ম নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। ধর্ম নিয়ে যেন কেউ রাজনীতি বা ব্যবসা না করতে পারে। অসাম্প্রদায়িক যে চেতনা, তা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের মন-মানসিকতায় প্রত্যাশিত পরিবর্তন হয়নি। এই পরিবর্তন যতটা প্রত্যাশিত ছিল, ততটা হয়নি। তার পরও আমি ভবিষ্যৎ বাংলাদেশের ব্যাপারে আশাবাদী। নতুন প্রজন্ম যারা আগামী ১০-১৫ বছর পর দেশের শাসনক্ষমতা হাতে নেবে, তারা নিশ্চয় দেশকে অনেক দূর এগিয়ে নেবে।