৭ মার্চকে মুক্তিযুদ্ধের একটি মাইলফলক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের প্রতিটি নির্দেশ মানুষ পালন করেছিল। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৈরি করা বা মনগড়া ইতিহাস নয়, নতুন প্রজন্মকে জাতির প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাহলে জাতির চারিত্রিক বৈশিষ্ট্যে দৃঢ়তা আসবে, নতুন প্রজন্ম দেশপ্রেমে উজ্জীবিত হবে। আজ শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: আন্তর্জাতিক ও লোকায়িত মাত্রা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।প্রধানমন্ত্রী বলেন, হঠাত্ করে মুক্তিযুদ্ধ হয়নি। দীর্ঘদিনের প্রস্তুতিতেই মুক্তিযুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু আগেই সবকিছুর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। যে কারণে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহে কোনো সমস্যা হয়নি। শেখ হাসিনা আরও বলেন, ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের একটি মাইলফলক। এ ভাষণে দেওয়া বঙ্গবন্ধুর প্রতিটি নির্দেশ জনগণ পালন করেছিল। এমনকি জেনারেল ইয়াহিয়াকে বাঙালি বাবুর্চি রান্না করেও দিতেন না। প্রধানমন্ত্রী বলেন, তখন বঙ্গভবন থেকে ৩২ নম্বর বাড়িতে ফোন করে এ কথা জানিয়ে বলা হয়েছিল, ‘আপনারা না বললে বাবুর্চি রান্না করবে না।’মূল প্রবন্ধে মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরতে পরতে মিশে ছিল মানুষের জন্য এমন অপার ও অশেষ ভালোবাসা, যার তুলনা খুঁজে পাওয়া ভার।’মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজতত্ত্ববিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহানারা বেগম। স্বাগত ভাষণ দেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।