নতুন প্রজন্মের কাছে নজরুলকে সহজভাবে তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরতে হবে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে, শিশু-কিশোরদের কাছে তাঁর সাহিত্যকর্মকে সহজ ভাষায় উপস্থাপনে কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বার্ষিকী ও দুই দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২০১১-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।নজরুলের সাহিত্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সমগ্র রচনা বিশ্বের সব জনপ্রিয় ভাষায় অনূদিত হওয়া প্রয়োজন। ইতিমধ্যে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে তাঁর কিছু রচনা ইংরেজি, ফরাসি, লাতিন, চীনা, হিন্দি ও জার্মান ভাষায় অনুবাদ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে তাঁর সরকার সব ধরনের সহযোগিতা দেবে।নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আদর্শ ও দর্শনগত দিক থেকে নজরুল ও বঙ্গবন্ধু ছিলেন একই সমান্তরালে। নজরুলের আকাঙ্ক্ষা ছিল একটি শোষণ-বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠার। বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল শোষণ-বঞ্চনা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার।প্রধানমন্ত্রী বলেন, শুধু কবির জন্মজয়ন্তী বা মৃত্যুবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বছরজুড়ে নজরুলচর্চা করতে হবে।সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, চীন ও ভারতের প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেছেন।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার ও নজরুলের নাতনি খিলখিল কাজী অনুষ্ঠানে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের অধ্যাপক উইন্সটন ই ল্যাংলি অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তৃতা করেন। প্রখ্যাত নজরুল গবেষক ও লেখক নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।শেখ হাসিনা কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও সংগ্রামে উজ্জীবিত হয়ে সমাজের সব ধরনের অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে নতুন করে শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কবি সারা জীবন যথার্থ বিদ্রোহীর মতো পরাধীনতা, ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, পুরুষতান্ত্রিকতা ও শোষণের বিরুদ্ধে তাঁর লেখনীর মাধ্যমে লড়াই চালিয়ে গেছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘কবি নজরুল আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা শিখিয়েছেন। তাঁর কাছ থেকে আমরা শিখেছি “কারার ওই লৌহ কপাট” ভেঙে ফেলার মন্ত্র। প্রেরণা লাভ করেছি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়ার।’ তিনি আরও বলেন, ‘আমরা বাঙালিরা খুবই সৌভাগ্যবান জাতি। দুই মহান কবি—নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা ভাষা ও সাহিত্যই সমৃদ্ধ করেননি, আমাদের ব্যক্তি ও সমাজজীবনকেও প্রভাবিত করেছেন।’শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কবি নজরুলের সৃষ্টি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নজরুলসংগীতের স্বরলিপি সংগ্রহেরও উদ্যোগ নিয়েছে। এই সংগীতের সুপ্রশিক্ষক তৈরির জন্য ইতিমধ্যে সারা দেশের ৫০ জন সংগীতের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যে ‘জয় বাংলা’ স্লোগান জাতিকে উজ্জীবিত করেছিল, তা কবি নজরুলের একটি কবিতা থেকে নেওয়া।এর আগে প্র্রধানমন্ত্রী জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও নজরুলসংগীতের শিল্পী নীলিমা দাশের হাতে মর্যাদাপূর্ণ নজরুল পদক-২০১০ তুলে দেন।ইংরেজিতে অনুবাদের মাধ্যমে নজরুলের সৃষ্টিকর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অধ্যাপক কবীর চৌধুরী এবং নজরুলসংগীতকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় নীলিমা দাশকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ডাক বিভাগ এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি অবমুক্ত করেন।