নতুন প্রজন্মের বোয়িংকে ঘিরে সম্ভাবনা
নতুন প্রজন্মের দুটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ এনে লন্ডনসহ ইউরোপে সরাসরি ফ্লাইট চালু করা হলেও বিপণন দক্ষতার অভাবে এখান থেকে প্রত্যাশিত লাভ করতে পারছে না। বর্তমানে ঢাকা-লন্ডন গন্তব্যে উভয় পথে একমাত্র বিরতিহীন সরাসরি ফ্লাইট আছে বিমানের, তা-ও নতুন প্রজন্মের উড়োজাহাজ দিয়ে পরিচালিত। কিন্তু বিমান যাত্রীসেবার মান ঠিক রাখতে না পারায় অভিজাত শ্রেণীর (বিজনেস ক্লাস) যাত্রীদের আকৃষ্ট করতে পারছে না। বিজনেস ক্লাস পুরো জাহাজের চার ভাগের এক ভাগ জায়গা নেয় আর রাজস্ব দেয় তিন ভাগের দুই ভাগ।বিমানের কর্মকর্তারাই মনে করেন, নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ নিয়ে জুতসই পরিকল্পনা ও দক্ষ বিপণন কার্যক্রমের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করলে বিমানের ব্যবসায়িক বিরাট সম্ভাবনা রয়েছে। দুটি নতুন বোয়িং-৭৭৭ দিয়ে কয়েক মাস ধরে লাভ করছে বিমান। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে মোট ১০টি বোয়িং কেনার পরিকল্পনা রয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হওয়া চুক্তি অনুযায়ী, বাকি আটটি পর্যায়ক্রমে ২০১৩, ২০১৫, ২০১৯ ও ২০২০ সালে বোয়িং কোম্পানি হস্তান্তর করার কথা।