দেশে কাঠবিড়ালি ও বাদুড়ের নতুন দুটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। গত মাসে বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এ প্রজাতি দুটির খোঁজ মিলেছে।কাঠবিড়ালির প্রজাতিটির নাম ‘হিমালয়ান ডোরাকাটা কাঠবিড়ালি’ (Himalayan Striped Squirrel)। এর বৈজ্ঞানিক নাম Tamiops macclellandi। আর বাদুড়ের প্রজাতিটি হলো ‘ছোট পাতা-নাক বাদুড়’ (Least Leaf-nosed bat)। এটির বৈজ্ঞানিক নাম Hipposideros cineraceus। প্রতিবেশী ভারত, নেপাল, মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে কাঠবিড়ালি ও বাদুড়ের প্রজাতি দুটি দেখা যায়। কিন্তু বাংলাদেশে এবারই এটি প্রথম দেখা গেল।এ নিয়ে বাংলাদেশে স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির সংখ্যা দাঁড়াল ১২৪। বিলীয়মান বনের দেশ জনবহুল বাংলাদেশে নতুন কোনো প্রজাতির বন্য প্রাণীর খোঁজ পাওয়া বিরল ঘটনা। কাজেই নতুন এ দুই প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এতে শুধু এ কথাই প্রমাণিত হয় না যে প্রাণিবৈচিত্র্যের দিক দিয়ে বাংলাদেশ বেশ সমৃদ্ধ। বরং এর মাধ্যমে এটাও প্রমাণিত হয়, এমন অনেক প্রাণী এ দেশে থাকতে পারে, যাদের হদিস আমরা এখনো পাইনি।বান্দরবানের রুমা উপজেলার থাইক্যংয়ের বনে দেখা পেয়েছি হিমালয়ান ডোরাকাটা কাঠবিড়ালির। আকারে এরা খুবই ছোট। বাংলাদেশে যে নয়টি প্রজাতির কাঠবিড়ালির সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ছোট। এর নাকের ডগা থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় ২২ সেন্টিমিটার। দেহ ও লেজের দৈর্ঘ্য প্রায় অর্ধেক। রং বাদামি। চোখের পেছন থেকে লেজের গোড়া পর্যন্ত পিঠের ওপর দিয়ে লম্বা লম্বা কালো ও বাদামি ডোরাকাটা। গাছের ওপরেই বসবাস। গতিতে খুবই ক্ষিপ্র এই কাঠবিড়ালি পাহাড়ি বনাঞ্চলে বাস করতে বেশি পছন্দ করে। খাবার প্রধানত পোকামাকড়। ছোট পাতা-নাক বাদুড়ের দেখা পেলাম রুমা উপজেলারই বগা লেক এলাকায়। এরাও খুবই ছোট জাতের। মাথাসহ দেহের দৈর্ঘ্য মাত্র ৩ দশমিক ৭ সেন্টিমিটার। শরীরের ওপরের অংশের লোম ধূসর বাদামি থেকে কমলা রঙের। আর নিচের অংশের রং ফ্যাকাশে থেকে প্রায় সাদা। পাখা ও কান ধূসর কালো। নাকের মাথার দিকটা দেখতে কিছুটা ছোট আকারের পাতার মতো, এ জন্যই এর নাম পাতা-নাক বাদুড়। এরাও পাহাড়ি অঞ্চলে বাস করতে পছন্দ করে। দিনের বেলা থাকে পাহাড়ের গুহা বা গাছের খোঁড়লে। রাতে বের হয়ে পোকামাকড় ধরে খায়। মনিরুল খান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।