নতুন প্রত্যয়ে একুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার সব পথ এসে মিশে যাবে আজ শহীদ মিনারে। কণ্ঠে থাকবে সেই চিরচেনা বিষণ্ন সুর। অনুরণিত ভোরের হাওয়ায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...।’ মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে বাংলা মায়ের বীর সন্তানদের বুকের রক্ত ঢেলে রাজপথ রাঙিয়ে দেওয়ার দিন অমর একুশে ফেব্রুয়ারি। দিনটি সারা বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।একুশ মানেই মাথা নত না করা। একুশ মানেই আন্দোলন, সংগ্রাম, প্রতিরোধ। এবার এমন এক সময় একুশ এল, যখন সব মানবতাবিরোধী অপরাধীর শাস্তির দাবিতে তরুণ প্রজন্ম গড়ে তুলেছে অভূতপূর্ব গণজাগরণ। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করবে তরুণ প্রজন্ম।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম না জানা আরও অনেকে পশ্চিম পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নেমেছিলেন ঢাকার রাজপথে। ঘাতকদের উদ্যত রাইফেলের সামনে বুক পেতে দিয়ে ১৪৪ ধারা ভেঙেছিলেন। বসন্তের রোদ ঝলমলে দিন উত্তাল হয়ে উঠেছিল ‘মাতৃভাষা বাংলা চাই’ স্লোগানে স্লোগানে। তারপর ইতিহাসের পাতায় রচিত হলো এমন এক অধ্যায়, যা কখনো লেখা হয়নি আগে। মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করল এ দেশের সংগ্রামী তারুণ্য।মাতৃভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধিকার চেতনার স্ফুরণ ঘটেছিল, তা দিনে দিনে রূপ নেয় স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে। এরই পথ ধরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি অর্জন করে তার চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা।জাতি আজ বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ভাষাশহীদদের। দিনের আলো ফোটার আগে থেকেই শুরু হবে নগ্ন পায়ে প্রভাতফেরি করে শহীদ মিনার অভিমুখে যাত্রা। সারা দেশের শহীদ মিনারগুলো ভরে উঠবে হূদয়ের নিখাদ শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে।দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, ভাষা দিবস পৃথিবীর সব ভাষাভাষী মানুষের সঙ্গে যোগসূত্র তৈরি করেছে। বিশ্ববাসীকে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক।’ খালেদা জিয়া বলেছেন, একুশের চেতনা সব ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে আওয়ামী লীগের শাখাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার আহ্বান জানিয়েছেন। দলটি ভোরে নিউমার্কেট দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু করবে। বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারে যাত্রা শুরুর আগে ভোর ছয়টায় বলাকা সিনেমা হলের সামনে সমবেত হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ (ন্যাপ ভাসানী) অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠন প্রভাতফেরিতে অংশ নেবে।দিনটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবে ‘একুশ মানে মাথা নত না করা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে তমদ্দুন মজলিস। মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শহীদদের আত্মার সদ্গতি চেয়ে বিশেষ প্রার্থনাসভার আয়োজন করেছে। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি টাঙ্গাইলের সখীপুরের তালিমঘরে বিনা মূল্যে চিকিৎসা ও চক্ষু ক্যাম্পের আয়োজন করবে। রাজধানী ঢাকার মতোই সারা দেশে প্রভাতফেরি করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।