নতুন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেলেন মোহাম্মদ ফজলুল করিম
‘গরিব, দুঃখী, শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা বিচারালয়ে এসে যাতে বিচারহীনভাবে ফিরে না যান। তাঁদের মনে যাতে কোনো আক্ষেপ না থাকে, সে জন্য নিরলস প্রচেষ্টা থাকবে।’ গতকাল বৃহস্পতিবার দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম তাঁর কার্যালয়ে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন। গতকাল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ নিয়োগ ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্টে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের কার্যালয়ে এসে পৌঁছায় নিয়োগের চিঠি। এর পরই আইনজীবী, আদালতের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাতে যান তাঁর কক্ষে।বেলা দুইটা ২০ মিনিটে বিচারপতি ফজলুল করিমের কক্ষে গিয়ে দেখা যায়, তিনি তখনো কাজ করছেন। আইনজীবীসহ অনেকে আসছেন শুভেচ্ছা বিনিময় করতে। তিনিও দোয়া চাইছিলেন তাঁদের কাছে। মাঝেমধ্যে টেলিফোনেও শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে আসা আদালতের দুই কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, ‘কাজ ঝুলিয়ে রাখবে না। কাজ করে এগিয়ে নিয়ে যাও।’প্রতিক্রিয়া জানিয়ে শুরুতেই বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন, ‘চেষ্টা থাকতে হবে। আমি প্রথমে আইনজীবী ও পরে বিচারপতি হিসেবে বিচার বিভাগের সঙ্গে ৪৫ বছর ধরে সম্পৃক্ত। ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব নিতে যাচ্ছি।’ তিনি বলেন, মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিচারপতি, আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। চেষ্টা থাকবে সুপ্রিম কোর্টের হূত গৌরব ফিরিয়ে আনার। আস্থা ফিরিয়ে আনতে হবে, যাতে বিচারালয় নিয়ে কারও মনে অনীহা না থাকে। আদালতের আধুনিকায়ন প্রসঙ্গে বিচারপতি ফজলুল করিম বলেন, আধুনিক কার্যতালিকা তৈরির ব্যবস্থা করা হবে; যাতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা ঘরে বসেই তাঁদের মামলার অবস্থা জানতে পারেন। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে একটি প্রকল্প দেওয়া আছে, তা বাস্তবায়নের জন্য সহসাই সরকারের কাছে অনুরোধ জানানো হবে। জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের কর্মকর্তাদের বিষয়ে বিচারপতি ফজলুল করিম বলেন, তাঁদের বাসস্থান, যানবাহনসহ আনুষঙ্গিক সুবিধাদি ও ভাতাদি নিশ্চিতের জন্য নিরলস প্রচেষ্টা থাকবে। এক দিনে ম্যাজিক হবে না। কাজ শুরু করলে একদিন অভীষ্ট লক্ষ্যে যাওয়া সম্ভব হবে। শুরু করতে হবে। আইনের শাসন শুধু বললে হবে না। সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এ জন্য সবার একাগ্রতা, আন্তরিকতা ও সমষ্টিগত চেষ্টাও থাকতে হবে।বিচার বিভাগ পৃথক্করণ প্রশ্নে বিচারপতি ফজলুল করিম বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। সঠিক পথেই আছি। কিছু সংশোধনীর প্রয়োজন হতে পারে। পৃথক্করণের পূর্ণতা এখনো সুদূরপরাহত।’ শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, ইউ শ্যাল ওভার কাম...।’ বর্ণময় জীবন: বিচারপতি ফজলুল করিম ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ১৯৯৪ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ২০০১ সালের ১৫ মে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা। ইতিপূর্বে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে ডিঙিয়ে চারজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিভক্ত রায়ের পর বিচারপতি ফজলুল করিম তৃতীয় বিচারপতি হিসেবে এ মামলার রায় দিয়েছিলেন। এ ছাড়া বিচারপতি ফজলুল করিম ১৯৮২-৮৪ মেয়াদে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ায় বিচারপতি ফজলুল করিম জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তত্কালীন চট্টগ্রাম কলেজ থেকে ১৯৬০ সালে উচ্চমাধ্যমিক ও ১৯৬২ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং ১৯৬৯ সালে লন্ডনের লিংকন ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। প্রথমে ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারের সনদ লাভ করেন বিচারপতি ফজলুল করিম। ১৯৭০ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তিনি তালিকাভুক্ত হন।