নতুন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন
নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বুধবার এ নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।মোজাম্মেল হোসেন হবেন দেশের ২০তম প্রধান বিচারপতি। বঙ্গভবন সূত্রে জানা গেছে, ১৮ মে নতুন প্রধান বিচারপতির শপথ পড়ানো হবে। বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মেয়াদ শেষ হবে ১৭ মে।বর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। এর আগে এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগের সময়ও শাহ আবু নাঈম জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন।মো. মোজাম্মেল হোসেন ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৭ জুলাই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগ দেন। আগামী ২০১৫ সালের ১৭ জানুয়ারি তাঁর স্বাভাবিক অবসরে যাওয়ার কথা। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আইন পেশায় যুক্ত হন। তাঁর জন্ম কিশোরগঞ্জ জেলায়।