নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ফজলুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ ফজলুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৮ ফেব্রুয়ারি থেকে প্রধান বিচারপতি নিয়োগের এই আদেশ কার্যকর হবে। বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ তাফাজ্জাল ইসলাম ৭ ফেব্রুয়ারি অবসরে যাবেন।বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তত্কালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম কলেজ থেকে ১৯৬০ সালে আইএ ও ১৯৬২ সালে বিএ পাস করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি ও ১৯৬৯ সালে লন্ডনের লিংকন ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারের সনদ লাভ করেন তিনি। ১৯৭০ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তিনি তালিকাভুক্ত হন।বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৮২-১৯৮৪ মেয়াদে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর ১৯৯৪ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। তিনি ২০০১ সালের ১৫ মে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। চলতি বছরের ১০ সেপ্টেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা।